নয়াবাজারে মার্কেটে আগুন, দগ্ধ হয়ে ব্যবসায়ীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরান ঢাকার নয়াবাজারে নবাব ইউসুফ ডিআইটি মার্কেটে গতকাল রোববার ভোরে ভয়াবহ অগ্নিকাণ্ডে দীন ইসলাম (২৫) নামের এক মুদি ব্যবসায়ী পুড়ে মারা গেছেন। পুড়ে গেছে তাঁর দোকানসহ ৪০টি দোকান।মার্কেটের ব্যবসায়ীরা দাবি করেন, আগুনে তাঁদের আটটি গরু, ১৩০টি ছাগল, তিনটি মহিষ, কয়েকটি ভেড়া ও অনেক হাঁস-মুরগি মারা গেছে। জবাই করা গবাদি পশুর মাংস পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় দুই কোটি টাকা।প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, ভোর পৌনে ছয়টার দিকে ওই মার্কেটের নিচতলার একটি দোকানে আগুনের সূত্রপাত হয়। আগুন একের পর এক দোকানে ছড়িয়ে পড়ে। নিচতলায় গরু ও ছাগলের মাংস কাটায় ব্যস্ত দোকানমালিক-কর্মীরা আগুন নেভাতে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে জানান। ফায়ার সার্ভিসের ফুলবাড়িয়া সদর দপ্তর, সদরঘাট ও পলাশী থেকে ১৩টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নেভানোর কাজ শুরু করে। সকাল পৌনে আটটার দিকে তাঁরা আগুন নিভিয়ে ফেলেন।আগুনে ৪০টি দোকান ভস্মীভূত হয়। এগুলোর মধ্যে একটি মুদি দোকানের মাচা থেকে দোকানটির মালিক দীন ইসলামের পুড়ে যাওয়া লাশ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের কর্মীরা। তিনি রাতে মাচাতে ঘুমাতেন। ব্যবসায়ীরা তাঁর লাশ শনাক্ত করেন। পরে ময়নাতদন্তের জন্য লাশ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। আগুন নেভাতে গিয়ে ধোঁয়ায় ফায়ার সার্ভিসের কর্মী খেতাব আলী অসুস্থ হয়ে পড়েন। দীন ইসলামের গ্রামের বাড়ি ময়মনসিংহের নান্দাইল উপজেলার মুসুলি গ্রামে। তাঁর বাবা প্রয়াত আবদুল আলীম।ঘটনাস্থলে উপস্থিত ক্ষতিগ্রস্ত মাংস ব্যবসায়ী খলিলুর রহমান প্রথম আলোকে বলেন, আগুন লাগার আগে তাঁর মতো অন্য মাংস ব্যবসায়ীরা গরু-ছাগল জবাই করে মাংস কাটার কাজে ব্যস্ত ছিলেন। প্রথমে তাঁরা টের পাননি। একটু পরে কয়েকটি দোকানে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখে তাঁরা হতভম্ব হয়ে যান। দোকানের খুঁটির সঙ্গে বেঁধে রাখা গরু ও স্তূপ করা কাটা মাংস না সরিয়ে তাঁরা আগুন নেভাতে যান। একপর্যায়ে আগুন ভয়াবহ রূপ নেয় এবং চোখের সামনে জীবন্ত গরু-ছাগল-ভেড়া-মহিষ ও হাঁস-মুরগি পুড়ে কয়লার মতো হয়ে যায়। তিনি দাবি করেন, আগুনে তাঁর একটি গরু মারা গেছে এবং জবাই করা চারটি গরুর মাংস পুড়ে গেছে।হাঁস-মুরগির দোকানদারেরা জানান, আগুন লাগার খবরে তাঁরা এসে দেখেন, নেট দিয়ে ঘেরা সাজি ও ঝুড়িতে থাকা হাঁস-মুরগিসহ তাঁদের দোকান কয়লা হয়ে গেছে।গতকাল নবাব ইউসুফ মার্কেটে গেলে পোড়া গন্ধে দম বন্ধ হওয়ার উপক্রম হয়। কেটে রাখা গরু-ছাগলের মাংস, হাঁস-মুরগি ও তরকারি পুড়ে মেঝেতে কয়লা হয়ে পড়ে আছে। অন্যান্য দোকানের মালপত্রও পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত দোকানিরা বিলাপ করছেন। জানা যায়, মার্কেটের নিচটা খোলা ছিল। দোকানিরা নিজ খরচে টিন, কাঠ ও বাঁশ দিয়ে বেড়া বানিয়ে নেন।ফায়ার সার্ভিসের সদর দপ্তরের নিয়ন্ত্রণকক্ষের কর্তব্যরত কর্মকর্তা নিলুফার ইয়াসমিন প্রথম আলোকে বলেন, তদন্ত কর্মকর্তাদের হিসাবমতে, আগুনে প্রায় ২০ লাখ টাকার মালপত্র পুড়ে গেছে। ভস্মীভূত দোকানের মধ্যে মাংসের ১৫টি, মুদির দুটি, স্টেশনারি আটটি, কাঠের দুটি, আলুর দুটি, ডিমের দুটি, খাবারের দুটি দোকান, কাগজের দুটি গুদাম এবং দুটি ওয়ার্কশপ রয়েছে।ফায়ার সার্ভিসের সদর দপ্তরের পরিচালক (অভিযান) মেজর মো. মাহবুবুর রহমান বলেন, মার্কেটে অগ্নিনির্বাপণের কোনো সরঞ্জামাদি ছিল না। তাই প্রাণহানি ও ক্ষয়ক্ষতি হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, কাগজের গুদামের পাশের একটি গ্রিলের দোকানে ওয়েল্ডিং করা হচ্ছিল। সেখান থেকে স্ফুলিঙ্গ কাগজের গুদামে একটি কার্টনে পড়লে আগুন ধরে যায় এবং তা দ্রুত ছড়িয়ে পড়ে।বিকেলে ঢাকা সিটি করপোরেশনের মেয়র সাদেক হোসেন খোকা ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি ব্যবসায়ী নেতাদের আশ্বস্ত করে বলেন, সিটি করপোরেশন দ্রুত প্রয়োজনমতো এসব দোকানঘর নির্মাণ ও সংস্কার করবে।