নয়াহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক ও শ্রেণীকক্ষসংকট
রংপুরের পীরগাছা উপজেলার সৈয়দপুর নয়াহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক ও শ্রেণীকক্ষসহ আসবাবপত্রের সংকট প্রকট হয়ে উঠেছে। শ্রেণীকক্ষের অভাবে শিক্ষার্থীদের গাছতলায় চট বিছিয়ে পাঠদান করছেন শিক্ষকেরা। এতে তাদের লেখাপড়া মারাত্মক ব্যাহত হচ্ছে। বিদ্যালয় সূত্রে জানা যায়, পীরগাছার পারুল ইউনিয়নে ১৯৪৫ সালে শিক্ষাপ্রতিষ্ঠানটি স্থাপিত হয়। বর্তমানে এখানে ৫৭৪ জন শিক্ষার্থী লেখাপড়া করছে। প্রতিবছর এখান থেকে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় তিন-চারজন শিক্ষার্থী বৃত্তি পায়। শিক্ষার্থী অনুপাতে এখানে ১১ জন শিক্ষকের প্রয়োজন হলেও আছেন মাত্র ছয়জন। সাতটি শ্রেণীকক্ষ থাকলেও দীর্ঘদিন সংস্কারের অভাবে তা জরাজীর্ণ। টিনসেডের আধাপাকা ভবনে চালের ছিদ্র দিয়ে বৃষ্টির পানি পড়ে। শ্রেণীকক্ষগুলোতে সব শিক্ষার্থীর বসার জায়গা না হওয়ায় গাছতলায় চট বিছিয়ে চলে পাঠদান।সরেজমিনে দেখা যায়, সহকারী শিক্ষক মাহবুবা বেগম আমগাছের নিচে শিশুশ্রেণীর শিক্ষার্থীদের পড়াচ্ছেন। চটে বসে আছে শিশুরা। তৃতীয় শ্রেণীর ছাত্রী রুপা, চতুর্থ শ্রেণীর ছাত্র নাহিয়ান, পঞ্চম শ্রেণীর ছাত্র রবিউল ও রোমানা জানায়, ক্লাসে চাপাচাপি করে বসলেও বেঞ্চে জায়গা হয় না। তাই পরে যারা আসে তারা দাঁড়িয়ে ক্লাস করে। শিক্ষক মাহবুবা বেগম বলেন, দুটি শ্রেণীর শিক্ষার্থীদের গাছতলায় পাঠদান করা হয়।প্রধান শিক্ষক নুরজাহান বেগম জানান, শিক্ষার্থী অনুপাতে শিক্ষকসংকট রয়েছে। এ ছাড়া শ্রেণীকক্ষ ও আসবাবপত্রের সংকট প্রচণ্ড। তিন বছর ধরে এ অবস্থা চলছে। শিক্ষক ও শ্রেণীকক্ষসংকটের বিষয়টি উপজেলা শিক্ষা কর্মকর্তাকে জানানো হয়েছে।ব্যবস্থাপনা পর্ষদের সভাপতি মিজানুর রহমান বলেন, সমস্যাগুলো সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করেও কোনো কাজ হচ্ছে না। উপজেলা শিক্ষা কর্মকর্তা ফিরোজ ইফতেখার মাহমুদ জানান, নতুন শিক্ষক নিয়োগ হলে ওই বিদ্যালয়ে দেওয়া হবে। আর সংস্কারের বরাদ্দ পেলে শ্রেণীকক্ষগুলো সংস্কারের ব্যবস্থা নেওয়া হবে।