পঁচাত্তর আর কী এমন বয়স!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনুষ্ঠান বললে যে রকমের জাঁকজমক আনুষ্ঠানিকতার কথা মনে আসে, তেমন নয়। সাদামাটা ঘরোয়া আয়োজন। কিন্তু নিখাদ শ্রদ্ধা ও হূদয়ের নিবিড় প্রীতিতে উষ্ণ ছিল অনুষ্ঠান। শুক্রবার ছিল বরেণ্য চিত্রশিল্পী সমরজিৎ রায়চৌধুরীর ৭৫তম জন্মদিন। এ উপলক্ষে ধানমন্ডির বেঙ্গল গ্যালারিতে আয়োজন করা হয় প্রীতি অনুষ্ঠানের।তখন সবে সন্ধ্যা নেমেছে। ধানমন্ডির বেঙ্গল গ্যালারির মঞ্চে রবীন্দ্রসংগীত গাইছিলেন শিল্পী বুলবুল ইসলাম—‘আজি এ আনন্দ সন্ধ্যায়’। মেঝেতে বিছানো গোলাপ-গাঁদাসহ রকমারি ফুলের সমাহার, জ্বলছে প্রদীপ। সন্ধ্যায় সেই প্রদীপের আলো এসে পড়েছে শিল্পী সমরজিৎ রায়চৌধুরীর ছবিতে। এমনই পরিবেশে শিল্পীকে শুভেচ্ছা জানাতে আসেন অগ্রজ, বন্ধুবর, ছাত্র, প্রিয়জন, শুভানুধ্যায়ীসহ দেশের বিভিন্ন অঙ্গনের ব্যক্তিরা। শিল্পী সমরজিৎ রায়চৌধুরী উপস্থিত হন স্ত্রী সন্ধ্যা রায়কে নিয়ে। শিল্পী কাইয়ুম চৌধুরী রসিকতা করে বললেন, ‘পঁচাত্তর আর কী এমন বয়স!’ জন্মদিনের অনুভূতির কথা বলতে গিয়ে সমরজিৎ রায়চৌধুরীর প্রথম আলোকে বললেন, ‘জন্মদিন সব সময়েই আনন্দের। আজও আনন্দ হচ্ছে।’অনুষ্ঠানে শিল্পীকে শুভেচ্ছা জানাতে গিয়ে অধ্যাপক আনিসুজ্জামান বললেন, ‘শিল্পী হিসেবে যেমন সমরজিৎ রায়চৌধুরীর আমার পছন্দের, মানুষ হিসেবেও তিনি আমার অনেক প্রিয়।’ শিল্পী রফিকুন নবী সমরজিৎ রায়চৌধুরীর শিল্পচর্চাকে স্বতন্ত্র উল্লেখ করে বললেন, ‘বয়সে তিনি আমার চেয়ে পাঁচ বছরের বড়। শিক্ষক হিসেবে যেমন তাঁর স্বাতন্ত্র্য রয়েছে, তেমনি শিল্পী হিসেবেও তাঁর কাজকে অন্যের থেকে আলাদা করা যায়।’ শুভেচ্ছা জানাতে অনুষ্ঠানে আরও এসেছিলেন শিল্পাচার্য জয়নুল আবেদিনের স্ত্রী বেগম জাহানারা আবেদিন, শিল্পী মনিরুল ইসলাম, হামিদুজ্জামান খান, রেজাউল করিম, আবু তাহের, মতলুব আলী, আবুল বারক আলভী, সুমনা হক প্রমুখ।অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন শিল্পী লাইসা আহমেদ, অদিতি মহসিন প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বেঙ্গলের পরিচালক সুবীর চৌধুরী।শিল্পী সমরজিৎ রায়চৌধুরীর জন্ম ১৯৩৭ সালে কুমিল্লায়। ১৯৬০ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে স্নাতক পাস করেন। একই বিভাগে ৪৩ বছর শিক্ষকতা করার পর ২০০৩ সালে তিনি অবসর নেন। এ পর্যন্ত তাঁর চারটি একক প্রদর্শনী ও বেশ কিছু দলবদ্ধ প্রদর্শনী হয়েছে।শ্রোতার আসরে তিন শিল্পীর গানগানের মধ্যে শীতের সন্ধ্যায় উষ্ণতা খুঁজে নিতে অনেক লোকের জমায়েত হয়েছিল গতকাল শুক্রবার ধানমন্ডির ছায়ানট মিলনায়তনে। ছায়ানট আয়োজিত ‘শ্রোতার আসর’ শীর্ষক অনুষ্ঠানে দর্শনীর বিনিময়ে তাঁরা উপভোগ করেন সংগীতের সুরসুধা।অনুষ্ঠানে সংগীতশিল্পী তৃপ্তি খান পরিবেশন করেন ‘আমার মিলন লাগি তুমি’ ও ‘রাখো রাখো রে’—এ দুটি গান। শিল্পী অনিরুদ্ধ সেনগুপ্ত গেয়ে শোনান ‘যদি তারে নাই চিনি গো’, ‘শুধু তোমার বাণী নয়গো’সহ বেশ কিছু গান। এ ছাড়া শিল্পী সুতপা সাহা পরিবেশন করেন ‘আমি রূপে তোমায় ভোলাব না’ ও ‘আমার নয়ন তোমার নয়নতলে’ গান দুটি। সমবেত জাতীয় সংগীত পরিবেশনার মধ্য দিয়ে শেষ হয় শ্রোতার আসর।