পইতা বিলের কালভার্টের মাটি ধসে দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনটে পইতা বিলের পানি নিষ্কাশনের জন্য বসানো কালভার্টের মাটি ভারী বর্ষণে ধসে গেছে। ফলে রুদ্রবাড়িয়া-হিজুলী গ্রামের যোগাযোগ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হওয়ায় মানুষ দুর্ভোগ পোহাচ্ছে।সরেজমিনে দেখা গেছে, উপজেলার চৌকিবাড়ি ও মথুরাপুর ইউনিয়নের সীমান্তবর্তী রুদ্রবাড়িয়া-হিজুলী গ্রামের মাঝামাঝি স্থানে পইতা বিল। গ্রামীণ জনপদের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে বিলের বুকে এক দশক আগে মাটির রাস্তা নির্মাণ করা হয়েছে। কিন্তু বিলের পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা ছিল না। এতে বর্ষা মৌসুমে বৃষ্টির পানিতে বিলে জলাবদ্ধতার সৃষ্টি হতো। ফলে ওই বিলের শত শত বিঘা জমিতে রোপা ধান চাষ করা সম্ভব হতো না। এতে এলাকার কৃষক পরিবারগুলো ক্ষতিগ্রস্ত হতো। এ অবস্থা থেকে এলাকাবাসীকে বাঁচাতে স্থানীয় ইউনিয়ন পরিষদের অর্থায়নে পইতা বিলের মাঝ দিয়ে যাওয়া রাস্তায় কালভার্ট বসানো হয়। কিন্তু বর্ষা মৌসুমে বৃষ্টিতে কালভার্টসংলগ্ন মাটির রাস্তা ধসে যায়। দীর্ঘদিন হলো রাস্তাটি সংস্কার না করায় কালভার্ট অকেজো হয়ে পড়ে আছে। ওই রাস্তায় এখন চলাচল করতে লোকজনকে চরম দুর্ভোগ পোহাতে হয়। এলাকাবাসী জানান, বিলের দুই পাশে হিজুলী টুনিয়াপাড়া, রুদ্রবাড়িয়া প্রাথমিক বিদ্যালয়, কেজি স্কুল ও বিলপথিয়া উচ্চবিদ্যালয় রয়েছে। ওই রাস্তার মাটি ধসে যাওয়ায় শতশত ছাত্রছাত্রীকে শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াত করতে কষ্ট করতে হয়। বিশেষ করে প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিশু-কিশোরেরা জীবনের ঝুঁকি নিয়ে বিলের পথে চলাচল করছে। পইতা বিলের দুই পাশের হিজুলী, সাগাটিয়া, পিরহাটি, রুদ্রবাড়িয়া, তেলিগাতি, শ্যামবাড়িসহ দুটি ইউনিয়নের ৩০ গ্রামের প্রায় ৫০ হাজার মানুষ বাস করে। এলাকার অধিকাংশ পরিবার কৃষিনির্ভর। কিন্তু যোগাযোগ বিপর্যয়ের কারণে এখানকার কৃষিপণ্য অন্য এলাকায় বাজারজাত করা সম্ভব হচ্ছে না। ফলে স্থানীয় কৃষক কৃষি পণ্যের ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছেন। ভ্যানচালক আনোয়ার হোসেন বলেন, ‘হারা বছর ধইরাই এ জায়গায় পানি থাকে। হের লাইগাই আমা গোরে ভ্যান কোন কোন সময় পিটে কইরা পার করন লাগে। না হইলে অনেক দূর দিয়া ঘুইরা যায়োন লাগে।’যুগিগাতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র তমাল বলে, ‘এইহানে সব সময় পানি থাহে। স্কুলে যাওয়ার সময় অন্য মানষের জমির আইল দিয়া যাইতে হয়। বুষ্টি-বাদল হইলে কাপড় ভিজা যায়। অনেক দিন পানির জন্য স্কুলে যাইতে পারি না।’শিক্ষক আবুল কালাম জানান, পাইতা বিলের রাস্তায় কোনো কালভার্ট বা সেতু না থাকায় এলাকার ছাত্রছাত্রীরা সময়মতো বিদ্যালয়ে যেতে পারছে না। এ ছাড়া এলাকার কৃষিপণ্য সময়মতো বাজারে নিতে পারছেন না তাঁরা। ফলে এখানকার লোকজন অন্য এলাকার মানুষের চেয়ে পিছিয়ে আছে।উপজেলা যুবলীগের সভাপতি রুদ্রবাড়িয়া গ্রামের শেখ মতিউর রহমান জানান, রুদ্রবাড়িয়া-হিজুলী মাটির তৈরি রাস্তার পইতা বিলে কালভার্টের পরিবর্তে সেতু নির্মাণ করা প্রয়োজন। এ ছাড়া রাস্তাটাও সংস্কার করা খুবই জরুরি। এতে এলাকার কয়েক হাজার মানুষ চরম দুর্ভোগের শিকার হয়েছে। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে অনেক কথা হয়েছে। জনদুর্ভোগের সাক্ষী হিসেবে ওই স্থানে সেতু নির্মাণ করে দেওয়ার দাবি করছি।চৌকিবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন, পরিষদের যে পরিমাণ অর্থ বরাদ্দ পাওয়া যায় সেই অর্থ দিয়ে সেতু বা কালভার্ট তৈরি করা সম্ভব হয়নি। তাই এলাকাবাসীকে ভোগান্তি পোহাতে হচ্ছে।