পঙ্গু লিমনের চারপাশে পুলিশ, যদি পালায়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একা চলাফেরা তো দূরের কথা, কারও সাহায্য ছাড়া বিছানা থেকে ওঠারও উপায় নেই। তবু পুলিশ পাহারা সব সময়। সেটাই নিয়ম। একটি পা হারিয়ে দুটি মামলা লাভ করেছে লিমন। পঙ্গু হাসপাতালের যে ওয়ার্ডটিতে সে আছে, সেটি মূলত জেলখানা। নাম ‘জেল ওয়ার্ড’। সে আছে ৮৭ নম্বর শয্যায়। অস্ত্রোপচার বা পরীক্ষা-নিরীক্ষার জন্য হুইলচেয়ারে অন্য ওয়ার্ডে নেওয়ার সময়ও সঙ্গে পুলিশ থাকে। লিমন বলছিল, ‘পুলিশে বলছে আমি আসামি। হাসপাতাল হইলেও এইটা আসলে জেলখানা। আমি জেলখানায় আছি। কিন্তু আমি তো কোনো অপরাধ করি নাই।’র্যাবের নিষ্ঠুরতার শিকার লিমনের চিকিৎসার তৃতীয় পর্যায় শুরু হয়েছে কাল। কাটা পায়ের পুরোনো ব্যান্ডেজ খুলে নতুন করে ড্রেসিং করা হয়েছে। ওর চিকিৎসা চলছে সহকারী অধ্যাপক মো. আবদুস সালামের তত্ত্বাবধানে। তিনি প্রথম আলোকে বললেন, ‘কয়েকটি ধাপে এ ধরনের চিকিৎসা হয়। লিমনকে যে অবস্থায় এখানে আনা হয়েছিল, তখন প্রথম পর্যায়ের চিকিৎসা ছিল জীবন রক্ষা করা। জীবন বাঁচাতে পা কেটে বাদ দিতে হয়েছে। এরপরের ধাপে হয়েছে ক্ষত নিরাময়ের চিকিৎসা। এ দুটি পর্ব ভালোভাবেই সম্পন্ন হয়েছে। অস্ত্রোপচারের ক্ষত শুকিয়েছে। সপ্তাহ খানেকের মধ্যে সেলাই খুলে দেওয়া যাবে। আজ (শনিবার) থেকে শুরু হয়েছে তৃতীয় ধাপ। একে বলে “স্টাম্প প্রিপারেশন”। কৃত্রিম পা লাগানোর জন্য এখন বিশেষভাবে ব্যান্ডেজ, কিছু ব্যায়াম ও অন্যান্য প্রক্রিয়ায় ঊরুর নিচের দিকটা সরু করে ফেলতে হবে। এটি চলবে মাস খানেক। চিকিৎসা শেষে কৃত্রিম পা লাগানো হবে। তারপর হাসপাতালের চিকিৎসা মোটামুটি শেষ। কৃত্রিম পা লাগানোর পর চতুর্থ পর্বের চিকিৎসার জন্য প্রায় বছর দুই নিয়মিত বিরতিতে চিকিৎসকের পরামর্শ মেনে চলতে হয়।’অধ্যাপক সালাম জানালেন, মোটামুটি মানের কৃত্রিম পায়ের দাম প্রায় ৫০-৬০ হাজার টাকা। পা লাগানোর পর একটি অদ্ভুত ধরনের সমস্যা হয়। রাতে ঘুমের ঘোরে মনে হয়, যে পাটি নেই, সেই পায়ের আঙুলে বা পাতায় চুলকাচ্ছে, ব্যথা হচ্ছে। ঘুম ভেঙে যায়। ঘুমোতে গেলে আবার ব্যথা বোধ হয়। এর নাম ‘ফ্যান্টম পেইন’। কারও কারও ক্ষেত্রে বছর দুই পর্যন্ত থাকে। এ ছাড়া কৃত্রিম পা ঊরুর সঙ্গে যেখানে লাগানো থাকে প্রাথমিক পর্যায়ে সেখানে ক্ষত বা অ্যালার্জিক সমস্যা হয়। এসব কারণে রোগীকে নিয়মিত চিকিৎসকের পরামর্শে থাকতে হয়।চিকিৎসার প্রয়োজনে লিমনের এখন জরুরি ভিত্তিতে জামিনের প্রয়োজন। চিকিৎসক সালাম বললেন, ‘অন্য রোগীর ক্ষেত্রে স্ট্যাম্প প্রিপারেশন শুরু হলে তাদের বাড়িতে পাঠিয়ে দিই। প্রতি সপ্তাহে এসে তারা চিকিৎসা ও পরামর্শ নিয়ে যায়। লিমনের ক্ষেত্রে তা হচ্ছে না। ওকে ছেড়ে দিলে জেলখানায় যেতে হবে। তাহলে চিকিৎসাটি আর হবে না। এদিকে জেল ওয়ার্ডে শয্যা আছে মাত্র ১৫টি। সবগুলোতেই রোগী আছে। বাইরে থেকে যেকোনো সময় গুরুতর রোগী আসতে পারে। সে ক্ষেত্রে লিমন যেহেতু এখন শঙ্কামুক্ত, তাই তাকে সরিয়ে দিতে হতে পারে। কিন্তু তাকে সাধারণ রোগীর মতো অন্য ওয়ার্ডে সরিয়ে নেওয়ার উপায় নেই। ও তো এখনো আসামি।’কাল দুপুরে যখন লিমনের সঙ্গে কথা হচ্ছিল তখন তার বাবা-মা গেছেন ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করতে। বিছানার পাশে ছিল বোন লাকি আক্তার। বাইরে মামা ইলিয়াস হোসেন। লিমনের শরীর খুবই শুকিয়ে গেছে। রাতে পায়ে প্রচণ্ড ব্যথা হয়। জামিনের চেষ্টা চলছে কি না, জিজ্ঞেস করতেই বিস্মিত লিমনের পাল্টা প্রশ্ন, ‘জামিন কিসের? আমারে তো খালাস দেবে। আমি তো নির্দোষ।’ লিমন বলছিল, ‘র্যাবের মহাপরিচালক সাহেব নিজেই বলেছেন লিমনের দোষ নাই, সে পরিস্থিতির শিকার হইছে। হ্যার পরেও আমারে আসামি রাখছে কেন? মামলা দেছে, কিন্তু চার্জশিট এখনো হয় নাই। মোর নাম বাদ দিয়া দেলেই পারে।’পঙ্গু লিমন যেমন সহজ করে ভাবছে, মামলা-মোকদ্দমার ব্যাপারটা আসলে তত সহজ নয়। ঝালকাঠির এই দরিদ্র পরিবারটির মামলা-মোকদ্দমা, থানা-পুলিশ, অফিস-আদালত করার কোনো অভিজ্ঞতাই নেই। নেই আর্থিক সংগতিও।ওর মামা বলছিলেন, ‘লিমনের মায়ে মামলা দেছে। হেই মামলা পুলিশ আমলে নেছছে না। বলতে আছে উপরের নিষেদ আছে। এদিকে এইখানে রোজ রোজ অনেক টাহা খরচ হইতে আছে। ঢাহায় তো ইয়ার কেউ নাই। পীরেরবাগে বাসা ভাড়া কইরা থাকতেছে।’ঢাকায় লিমনকে আনার পর থেকে তার বাবা তোফাজ্জল হোসেন ও বড়ভাই হেমায়েত হোসেন ঢাকাতেই আছেন। মা ও বোন পরে এসেছেন। পীরেরবাগে ১৭০০ টাকা একটি ঘর ভাড়া নিয়ে আছেন। খাওয়া-দাওয়া হোটেলে। ওষুধপত্র যাতায়াত খাওয়া-দাওয়া মিলিয়ে প্রতি দিন অনেক খরচ।জানা গেল, এ পর্যন্ত কানাডাপ্রবাসী এক ব্যক্তি ২০ হাজার টাকা, সমাজকল্যাণ অধিদপ্তর থেকে ১৫ হাজার টাকা এবং ব্যক্তিগতভাবে কেউ কেউ দু-চার-পাঁচ হাজার করে টাকা দিয়েছেন। সব মিলিয়ে হাজার পঞ্চাশের মতো হবে। প্রথম দিকে এলাকার মানুষই চাঁদা দিয়ে চিকিৎসার খরচ দিয়েছে। এখন নাকি হুমকি দেওয়া হচ্ছে, কেউ যেন লিমনের জন্য টাকা-পয়সা না দেন। এ ছাড়া একজন ব্যবসায়ী লিমনকে দেখতে এসে কৃত্রিম পা দেওয়ার কথা বলে গেছেন। এই আপাতত অর্থ সাহায্য।লিমনের মায়ের বক্তব্য খুবই সরল সোজা। ‘সরকারের গুলিতে পোলা পঙ্গু হইছে। সরকার এখন হেইয়ার দায়িত্ব নেবে।’ নিদারুণ দারিদ্র্যের সঙ্গে সংগ্রাম করে তিন ভাইবোন আর পরিবারটি চেষ্টা করছিল অস্তিত্ব টিকিয়ে মাথা তুলে দাঁড়ানোর। সেখানে দুঃস্বপ্নের মতো এই দুর্যোগ নিংড়ে নিতে চলেছে সামর্থ্যের সবটুকু। যেন বিধ্বস্ত করে দেবে তাদের বাঁচার সংগ্রামকে। বিছানায় নেতিয়ে পড়ে থাকা ছোট ভাইয়ের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে সে কথাই বলেছেন বড় ভাই হেমায়েত, ‘ওর তো এখন ওঠার সময় ছিল। কত কষ্ট করছিল। ভাটায় কাজ করছে, তার পরও কলেজে উপস্থিতি ৮০ পার্সেন্ট। অথচ এখন জীবনটা থেমে গেল।’আর লিমন, তার কী বলার আছে! বিছানার ওপর দুই হাতে ঠেস দিয়ে মাথা তুলে শূন্য দৃষ্টিতে একবার তাকাল নতুন ব্যান্ডেজ করা ঊরুর দিকে। ক্ষীণকণ্ঠে বলল, ‘এইয়া তো আর পিরথিবীতে কোনো মানুষ দেতে পারবে না। অমূল্য সম্পদ। এই জেলখানা থেইকা আমি এখন মুক্তি চাই।’