পঙ্গু লিমনের জন্য উচ্চ আদালতে লড়বে মানবাধিকার কমিশন
র্যাবের গুলিতে পঙ্গু লিমন হোসেনের বিরুদ্ধে করা দুটি মামলা খারিজের জন্য জাতীয় মানবাধিকার কমিশন উচ্চ আদালতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। দুই বছর ধরে সরকার জাতীয় মানবাধিকার কমিশনের অনুনয়-বিনয়, সুপারিশ, মামলা প্রত্যাহারে আধা সরকারি চিঠি ও তাগাদাপত্রে কর্ণপাত না করায় কমিশন এ সিদ্ধান্ত নিয়েছে।প্রথম আলো ডটকমকে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান বলেছেন, ‘আমি আশা করি, সরকারের শুভবুদ্ধির উদয় হবে। কমিশন মনে করে, লিমন হোসেনের ক্ষেত্রে সরকার পদে পদে আইন লঙ্ঘন করেছে। আইন অনুযায়ী মানবাধিকার কমিশনকে যে এখতিয়ার দেওয়া হয়েছে, তা প্রয়োগ করতে কমিশন আর কার্পণ্য করবে না। জাতীয় মানবাধিকার কমিশন লিমনের পাশে থাকবে বলে ঘোষণা দিয়েছিল। সে অবস্থান থেকে কমিশন সরে আসেনি।’কমিশন সূত্রে জানা গেছে, জাতীয় মানবাধিকার কমিশন গত ৩০ মে স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর চতুর্থ আধা সরকারি চিঠি পাঠিয়েছে। এরপর আর কোনো চিঠিপত্র না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। কর্মকর্তারা বলেছেন, তাঁরা সরাসরি উচ্চ আদালতে লিমনের বিরুদ্ধে সরকারের দুটি মামলা খারিজের আবেদন জানাবেন। কমিশনের কর্মকর্তারা বলেছেন, লিমন হোসেনের সঙ্গে তাদের সার্বক্ষণিক যোগাযোগ রয়েছে। আইন ও সালিশ কেন্দ্রের (আসক) সঙ্গেও কমিশন যোগাযোগ রাখছে। আসক লিমন হোসেনকে আইনগত সহায়তা দিচ্ছে।জাতীয় মানবাধিকার কমিশনের দৌড়ঝাঁপ, সরকার নির্বিকার২৩ মার্চ ২০১১। ঝালকাঠির ছেলে লিমন হোসেনের পায়ে অস্ত্র ঠেকিয়ে গুলি করে র্যাব। সন্ত্রাসী মোরশেদ জমাদ্দারের সহযোগী ভেবে দিনদুপুরে লিমনকে গুলি করে ফেলে রাখা হয়েছিল রাস্তায়। প্রায় দুই সপ্তাহ পর ৬ এপ্রিল প্রথম আলো লিমন হোসেনকে নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে। ওই দিন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসনকেন্দ্রে (পঙ্গু হাসপাতাল) চিকিৎসাধীন লিমন হোসেনকে দেখতে যান। এক দিন পরই ৭ এপ্রিল ২০১১ মানবাধিকার কমিশনের তত্কালীন সচিব সামসুজ্জামান ভূইয়া নিজে মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের চিঠি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পৌঁছে দেন। তত্কালীন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনকে লেখা ওই চিঠিতে মিজানুর রহমান বলেন, ‘এ ঘটনা গুরুতর ও চরম মানবাধিকার লঙ্ঘন। মানবাধিকার কমিশন এ ব্যাপারে তদন্ত প্রতিবেদন আগামী ১৯ এপ্রিলের মধ্যে মানবাধিকার কমিশনে পাঠাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ করছে।’ স্বরাষ্ট্র মন্ত্রণালয় এখন পর্যন্ত তদন্ত প্রতিবেদন পাঠায়নি। যদিও ঘটনার পর পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটি তদন্তের সুপারিশ করলে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন প্রস্তাবের বিরোধিতা করে বলেন, ছয়টি তদন্ত কমিটি একযোগে কাজ করছে।গত দুই বছরে জাতীয় মানবাধিকার কমিশন স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর লিমন হোসেনের মামলা প্রত্যাহারে চারটি চিঠি দিয়েছে। গত ৩০ মে জাতীয় মানবাধিকার কমিশন স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর আধা সরকারি চিঠি পাঠায়। তিনি লিখেছেন, ‘...লিমনের প্রতি নির্মম আচরণ এবং তার বিরুদ্ধে র্যাবের দায়ের করা মামলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসেবে র্যাবের ভাবমূর্তি যেমন ক্ষতিগ্রস্ত হয়েছে, একই সঙ্গে রাষ্ট্রের মানবাধিকারের ভূমিকা নিয়েও জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে প্রশ্ন উত্থাপিত হয়েছে। জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার সংগঠন এ ঘটনাকে কেন্দ্র করে কমিশনে তাদের উদ্বেগ প্রকাশ করেছে। লিমন হোসেনকে র্যাব কর্তৃক গুলি করার বিষয়টি তদন্ত করে প্রতিবেদন প্রেরণের জন্য এবং র্যাবের দায়ের করা দুটি মামলা প্রত্যাহারের জন্য কমিশনের পক্ষ থেকে দুটি আধা সরকারি পত্র প্রদান করা হলেও অদ্য পর্যন্ত কোনো জবাব পাওয়া যায়নি। তা ছাড়া উচ্চ আদালত লিমনের চিকিৎসার বিষয়ে যে আদেশ প্রদান করেছেন, তার কোনো প্রকার বাস্তবায়নও হয়নি। অতিসম্প্রতি লিমন হোসেনের বিরুদ্ধে র্যাবের দায়ের করা দুটি মামলায় বিজ্ঞ আদালত কর্তৃক অভিযোগপত্র গৃহীত হলে রাষ্ট্রের মানবাধিকারের ভূমিকা নিয়ে পুনরায় জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার সংগঠন কমিশনে তাদের উদ্বেগ প্রকাশ করেছে। এমতাবস্থায় লিমন হোসেনের বিরুদ্ধে র্যাবের দায়ের করা দুটি মামলা (রাজাপুর থানার মামলা নং ১০/৪৫ ও ১১/৪৬) প্রত্যাহার করার জন্য ব্যক্তিগত হস্তক্ষেপ কামনা করছি। এতে একদিকে যেমন রাষ্ট্র কর্তৃক ন্যায়বিচার নিশ্চিত হবে, তেমনি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে মানবাধিকার পরিস্থিতি উন্নয়নে দেশের সুনাম বৃদ্ধি পাবে।’ এর আগে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে বাংলাদেশের দ্বিতীয় পর্যায়ের ইউনিভার্সাল পিরিওডিক রিভিউয়ে লিমনের ব্যাপারে প্রশ্ন উঠতে পারে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মামলা প্রত্যাহারের অনুরোধ জানান।কৈফিয়তজাতীয় মানবাধিকার কমিশন সুপ্রিম কোর্টে যাওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিতে কেন দুই বছর সময় পার করল, এমন প্রশ্নে কমিশনের নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কর্মকর্তা বলেছেন, লিমন হোসেনের স্বার্থে কমিশন সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে দাঁড়ানোর চেয়ে তাদের আস্থায় নিয়ে কাজ করতে আগ্রহী হয়। সরকার যেন কখনো এই প্রশ্ন তুলতে না পারে যে, লিমন-ইস্যুতে মানবাধিকার কমিশন নিয়ম অনুযায়ী না এগিয়ে আদালতে চলে গেছে; সে কারণেই কমিশন সুপারিশ, আধা সরকারি পত্র ও তাগাদাপত্র দিয়ে এসেছে। কমিশন ব্যক্তিগতভাবে লিমন হোসেন এবং লিমনকে যারা আইনগত সহায়তা দিচ্ছে, তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে।