পঙ্গু হাসপাতাল থেকে দালাল চক্রের ১১ জন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভালো চিকিত্সক নেই, উন্নত চিকিত্সা নেই, আধুনিক যন্ত্রপাতিরও অভাব—এ ধরনের বিভিন্ন কথা বলে হাসপাতাল থেকে রোগীদের ক্লিনিকে ভাগিয়ে নিয়ে যায় একটি চক্র। আরেকটি চক্র আছে, যারা অবৈধভাবে অ্যাম্বুলেন্স ব্যবসা করে রোগীদের কাছ থেকে হাতিয়ে নেয় মোটা অঙ্কের টাকা। আজ রাজধানীর পঙ্গু হাসপাতাল থেকে এই দুই চক্রের প্রধানসহ ১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউজ্জামান প্রথম আলোকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে অভিযান চালায় পুলিশ। সেখান থেকে দালাল চক্রের প্রধান মজনু খাঁ (৪৮) ও অ্যাম্বুলেন্স দালাল চক্রের প্রধান মো. বাবুল ওরফে বাবুসহ (৩২) ১১ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া অন্য ব্যক্তিরা হলেন হুমায়ুন, জাকির, সাইদুল, শুভ রঞ্জন, জুয়েল, মঞ্জুর আলী, বাবুল, শরীফ ও ইদ্রিছ। ওসি বলেন, এ দুটি চক্র দীর্ঘদিন ধরে পঙ্গু হাসপাতালে এ ব্যবসা চালিয়ে আসছে। একটি রোগীদের হাসপাতাল সম্পর্কে মিথ্যা তথ্য দিয়ে রোগীদের বিভিন্ন ক্লিনিকে ভাগিয়ে নিয়ে যায়। অন্য চক্রটি দূর-দূরান্ত থেকে আসা বিভিন্ন রোগীদের অ্যাম্বুলেন্স সেবা দেওয়ার নামে মোটা অঙ্কের টাকা হাতিয়ে। ওসি আরও বলেন, চক্র দুটির কয়েক সদস্যকে বেশ কয়েকবার গ্রেপ্তার করা হয়েছিল। তবে তারা জামিনে বের হয়ে আবার পুরোনো পেশায় যোগ দেয়। হাসপাতাল কর্তৃপক্ষও ওই চক্রটির কারণে বেশ উদ্বিগ্ন। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।