পচা আমের ঘন জুস রাখার দায়েদুটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত
পচা আমের ঘন জুস (ম্যাংগো পাল্প) দিয়ে আমসত্ত্ব (ম্যাংগো মিল্ক) তৈরি এবং বিপুল পরিমাণ মজুদ রাখায় রাজধানীর শ্যামপুর বিসিক শিল্প এলাকার ঈগলো ফুডস লিমিটেড নামক প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন ভেজালবিরোধী ভ্রাম্যমাণ আদালত। আজ বৃহস্পতিবার বিকেলে ভ্রাম্যমাণ আদালত ওই এলাকায় অভিযান চালান।আজ বিকেলে ভ্রাম্যমাণ আদালত শ্যামপুর বিসিক শিল্প এলাকার ঈগলো ফুডস লিমিটেড নামক প্রতিষ্ঠানে অভিযান চালান। সেখানকার গুদামঘরে ২৭৭ ড্রাম পচা ঘন আমের জুস দেখতে পান আদালত। এ ছাড়া সেখানে পচা জলপাই ও পচা আম পাওয়া গেছে। এই অপরাধে আদালত ওই প্রতিষ্ঠানকে বিশুদ্ধ খাদ্য আইনের ১৭(১) ও ২৪ ধারায় এক লাখ টাকা জরিমানা করেন আদালত। ওই প্রতিষ্ঠানে বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া লাচ্ছা সেমাই ও চাটনি তৈরির প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে আদালত ওই প্রতিষ্ঠানকে বিএসটিআই আইনের ২৪ ধারায় ৬০ হাজার টাকা জরিমানা করেন।পরে আদালত একই এলাকার মোনায়েম লিমিটেডের আইসক্রিম ও মিল্ক ইউনিটে অভিযান চালান। সেখানকার উত্পাদন কক্ষে চার-পাঁচটি বালতির মধ্যে পচা আমের ঘন জুস দেখতে পান আদালত। এই অপরাধে আদালত ওই প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেন আদালত।বিএসটিআইয়ের কর্মকর্তা এস এম আবু সাঈদ প্রথম আলোকে বলেন, ঈগলো ফুডস লিমিটেড পচা ঘন আমের জুস দিয়ে চাটনি, টমেটো সস, জলপাইয়ের সস, ম্যাংগো মিল্ক ও ম্যাংগো বার তৈরি করে আসছিল। এ ছাড়া বিএসটিআইয়ের অনুমোদনবিহীন লাচ্ছা সেমাই ও চাটনি তৈরির প্রমাণ পাওয়া যায়। মোনায়েম লিমিটেডও পচা আমের ঘন জুস পাওয়া যায়। এসব অপরাধে ঈগলো ফুডের কারখানাটি সিলগালা করে দেন আদালত।ঢাকা জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট রহিমা খাতুনের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। এতে সহায়তা করেন বিএসটিআইয়ের সহকারী পরিচালক কে এম হানিফ, মাঠ কর্মকর্তা এস এম আবু সাঈদ ও সঞ্জয় কুমার এবং মহানগর দাঙ্গা পুলিশের একটি দল।