পচা খাবার খেয়ে র্যাব ও পুলিশের শতাধিক সদস্য অসুস্থ
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সরবরাহ করা খাবার খেয়ে বিশ্বকাপের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ-র্যাবসহ বিভিন্ন সংস্থার শতাধিক সদস্য বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছেন। গতকাল ঢাকা শেরাটন হোটেলে নিরাপত্তার দায়িত্ব পালনের সময় তাঁদের এ খাবার দেওয়া হয়। তাঁদের মধ্যে ১১৫ জনকে ঢাকা মেডিকেল কলেজ, রাজারবাগ পুলিশ হাসপাতাল ও মিরপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনার পর খাবার সরবরাহকারী ঠিকাদার, রেস্তোরাঁ মালিকসহ আটজনকে পুলিশ গ্রেপ্তার করে। ভ্রাম্যমাণ আদালত রেস্তোরাঁর মালিকের ছেলের কারাদণ্ড দিয়েছেন। রেস্তোরাঁটিও সিল করে দেওয়া হয়েছে।ঢাকা মহানগর পুলিশ বলেছে, খাবার সরবরাহ করার দায়িত্ব ছিল বিসিবির। তাদের দেওয়া খাবারেই সবাই আক্রান্ত হয়েছেন। অসুস্থদের মধ্যে ১০১ জন রাজারবাগ পুলিশ হাসপাতালে, পাঁচজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং নয়জন মিরপুরের বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তাঁদের সবারই ঘন ঘন পাতলা পায়খানা ও বমি হচ্ছে। পুলিশ ছাড়াও আছেন র্যাব, জাতীয় নিরাপত্তা সংস্থা (এনএসআই), আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ও ফায়ার সার্ভিসের সদস্যরা।আক্রান্ত ব্যক্তিদের মধ্যে শেরাটনের সপ্তম তলার নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশের কনস্টেবল শহীদুল ইসলাম জানান, দুপুর সাড়ে ১২টার দিকে তাঁদের প্রত্যেককে এক প্যাকেট করে মোরগ-পোলাও দেওয়া হয়। প্যাকেটে ছিল মুরগির মাংসের একটি টুকরো, একটি ডিম ও পোলাও। প্যাকেট খুলেই তিনি খাবার থেকে বাসি গন্ধ পান। খাবার খাওয়ার এক ঘণ্টার মধ্যেই তাঁর বমির ভাব আসে। কিছুক্ষণের মধ্যেই বমি হয় ও পেটে ব্যথা শুরু হয়। এর পরই শুরু হয় পাতলা পায়খানা।র্যাবের হাবিলদার মীর আসাদুজ্জামান জানান, মাংসের ভেতরে তিনি পচা রক্ত পেয়েছেন। এ কারণে তিনি মাংসটা আর খাননি।গতকাল সন্ধ্যায় রাজারবাগ পুলিশ হাসপাতালে গিয়ে পাওয়া গেল শহীদুল-আসাদুজ্জামানের মতো আরও অনেককে। তাঁরা জানান, কর্তব্যস্থল ছেড়ে কোথাও যাওয়ার উপায় ছিল না, আর অন্য কোথাও থেকে খাবার আনারও কোনো ব্যবস্থা ছিল না। প্রচণ্ড ক্ষুধার্ত থাকায় তারা ওই খাবার খেতেই বাধ্য হয়েছেন।রাজারবাগ পুলিশ হাসপাতালের চিকিৎসক চৌধুরী মাহমুদা আক্তার শিউলি প্রথম আলোকে বলেন, ওই হাসপাতালে সন্ধ্যা পর্যন্ত ৭৬ জন চিকিৎসা নিয়েছেন। অসুস্থ হয়ে যাঁরা প্রথমেই হাসপাতালে এসেছিলেন, তাঁরা এখন তুলনামূলক ভালো আছেন। তবে যাঁরা অসুস্থ হয়ে বাড়ি বা ব্যারাকে ফিরে গিয়েছিলেন পরে হাসপাতালে এসেছেন, তাঁদের অবস্থা বেশি খারাপ। তিনি জানান, অসুস্থদের বমি ও মল রোগতত্ত্ব ও রোগনির্ণয় গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।সূত্র জানায়, খাবারগুলো সরবরাহ করা হয়েছিল শাহজাহানপুরের (খিলগাঁও ফ্লাইওভারের নিচে) রহমানিয়া হোটেল ও রেস্তোরাঁ থেকে। রহমানিয়া রেস্তোরাঁর ব্যবস্থাপক সুভাষচন্দ্র হাওলাদার প্রথম আলোকে বলেন, ফ্রাই এক্সিম নামের একটি প্রতিষ্ঠান তাঁদের রেস্তোরাঁয় খাবার সরবরাহের আদেশ দেয়। রেস্তোরাঁর মালিক বাবুল গাজীর ছেলে কাজলের সঙ্গে তাদের কথা হয়। তারপর গতকাল দুপুর ১২টার দিকে ৬৬০ প্যাকেট মোরগ-পোলাও, ৭০ প্যাকেট তেহারি ও ২০ প্যাকেট ভাত সরবরাহ করা হয়। রেস্তোরাঁর সুলতান বাবুর্চি খাবারগুলো রান্না করেন।বিশ্বকাপের স্থানীয় আয়োজক কমিটির টুর্নামেন্ট ব্যবস্থাপক তারিকুজ্জামান জানান, খাবারটা দেওয়া হয়েছে ১১টা-১২টার দিকে। কিন্তু তাঁরা সেটা তিনটার দিকে খেয়েছেন। একই খাবার খেয়ে অনেকে অসুস্থ হননি। পরীক্ষার জন্য খাবারের নমুনা সংগ্রহ করা হয়েছে।রাতে পুলিশ হাসপাতালে তাঁদের দেখতে যান পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার। তিনি সাংবাদিকদের বলেন, খাবারে বিষক্রিয়া হয়েছিল। তবে ভাগ্য ভালো যে বড় ধরনের বিপর্যয় হয়নি। সরবরাহকারী প্রতিষ্ঠান বা যারা এটার জন্য দায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তবে এ সমস্যার কারণে বিশ্বকাপের আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাঘাত ঘটবে না।এদিকে রাতে রহমানিয়া রেস্তোরাঁয় অভিযান চালান র্যাবের ভ্রাম্যমাণ আদালত। আদালত রেস্তোরাঁর মালিকের ছেলে কাজলকে এক বছরের কারাদণ্ড ও দুই লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাস কারাদণ্ড এবং বাবুর্চি সুলতান মিয়াকে এক লাখ টাকা জরিমানা ও অনাদায়ে তিন মাস কারাদণ্ড দেন আদালত। র্যাবের ম্যাজিস্ট্রেট এ এইচ এম আনোয়ার পাশা জানান, রেস্তোরাঁটির রান্নাঘর চরম অপরিচ্ছন্ন। এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (জনসংযোগ) মাসুদুর রহমান রাতে বলেন, অসুস্থ ব্যক্তির সংখ্যা আরও বাড়তে পারে। এ ঘটনার পর পুলিশ আটজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন ঠিকাদারি প্রতিষ্ঠান ফ্রাই এক্সিমের মালিক মশিউর রহমান, কাজল, আল আমিন, রুবেল, নয়ন, মতিন মিয়া, সাইদুল ইসলাম ও রুবাম আহমেদ।