স্বপ্নের ক্যারিয়ার \ লেখক: মোজাহেদুল ইসলাম \ পৃষ্ঠা সংখ্যা: ৩৫৬ \ দাম: ২০০ টাকা \ প্রকাশক: সিসটেক পাবলিকেশন্স লিমিটেড, ঢাকা\লেখাপড়ার পর্ব শেষ। বেরিয়েছেন কাজের খোঁজে। কিন্তু আপনি জানেনই না কীভাবে তা পাওয়া সম্ভব। আপনার উপযোগী পেশা কোনটি। কেমন যোগ্যতাই বা থাকতে হবে। কোথায় গেলে খোঁজ মিলবে পছন্দের চাকরির—এসব জানা না থাকলে কর্মজীবন শুরু করা সম্ভব নয়। কিন্তু কীভাবে তা জানবেন? এসব প্রশ্নের উত্তর মিলবে স্বপ্নের ক্যারিয়ার বইয়ে। সিসটেক পাবলিকেশন্স থেকে প্রকাশিত এ বইটি লিখেছেন মোজাহেদুল ইসলাম। পেশাজীবনের জন্য সঠিক পরিকল্পনা ও দিকনির্দেশনা রয়েছে বইটিতে। কর্মজীবনকে সফল করতে যে বিষয়গুলোর প্রতি লক্ষ রাখতে হবে, তা বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। সঠিক পেশা নির্ধারণ, চাকরির তথ্য সংগ্রহ, জীবনবৃত্তান্ত তৈরি, সাক্ষাত্কারের পূর্বপ্রস্তুতি ও অংশগ্রহণের আচরণবিধি, নিজের দুর্বল দিকগুলো খুঁজে বের করা, সেভাবে নিজেকে তৈরি করার কৌশল এতে রয়েছে। এ ছাড়া চাকরি পাওয়ার পরে পদোন্নতিতে কী করণীয়, যোগ্যতা বৃদ্ধির নানা কৌশল, নেটওয়ার্ক তৈরি, চাকরি বাছাইয়ের পদ্ধতিও শিখতে পারবেন বইটি থেকে। পেশাগত দক্ষতা অর্জন, সঠিক সিদ্ধান্ত গ্রহণ ও কর্মক্ষেত্রে উন্নতির মূল মন্ত্র আছে এ বইয়ে। তথ্যপ্রযুক্তিভিত্তিক পেশাসহ নানা রকম পেশা নিয়ে আলোচনা করা হয়েছে বইটিতে। অফিস পরিচালনা, কর্মী নিয়োগের বিষয়ও পাবেন এতে। জীবনের সঠিক সিদ্ধান্ত নিতে বইটি সহায়তা করবে। শিক্ষার্থী থেকে শুরু করে সবার জন্যই উপযোগী করে লেখা হয়েছে বইটি। তৌহিদা শিরোপা