আইন মানবে না বিটিসিএল: এক্সচেঞ্জ স্থাপনে ৪০০ কোটি টাকার কাজ
পছন্দের কোম্পানিকেই কাজ দেওয়ার সিদ্ধান্ত
টেলিযোগাযোগ নেটওয়ার্ক উন্নয়ন প্রকল্পের অধীন টেলিফোন এক্সচেঞ্জ স্থাপনের ৪০০ কোটি টাকার কাজ (লট-এ) ‘পছন্দের’ প্রতিষ্ঠানকে দিতে রাষ্ট্রের আইন (সরকারি ক্রয় আইন ও বিধিমালা) না মানার সিদ্ধান্ত নিয়েছে বিটিসিএল।বিটিসিএলের পরিচালনা পর্ষদের সর্বশেষ সভায় মারুবেনি-কেটি নামক যৌথ উদ্যোগের কোম্পানিকে এ কাজ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে বিটিসিএলের ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রথম আলোকে নিশ্চিত করেছেন। তবে কর্তৃপক্ষ এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কিছু বলছে না।এ ক্ষেত্রে সর্বোচ্চ আদালতের রায়ও উপেক্ষা করছে রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড (বিটিসিএল)। এ ব্যাপারে আংশিক তথ্য উপস্থাপন করে (হাইকোর্টের রিট নং-৫০৭৩/১২) আইন মন্ত্রণালয়ের আংশিক মতামত সংগ্রহ করে ‘বেআইনি পদক্ষেপকে’ বৈধতা দেওয়ার অভিযোগ উঠলে তা নিয়ে বিটিসিএলের পরিচালনা পর্ষদের ৯১তম সভায় আলোচনা হয়। গত ১২ জুন অনুষ্ঠিত ওই সভায় পূর্ণাঙ্গ তথ্য দিয়ে এ-সংক্রান্ত হাইকোর্টের দুটি রিটের (নং-৫০৭৩/১২ ও ৫০৯৫/১২) ওপর পুনরায় আইন মন্ত্রণালয়ের মতামত নেওয়ার সিদ্ধান্ত হয়।বিটিসিএল কর্তৃপক্ষ জানিয়েছে, মতামতের জন্য যথারীতি নথি পাঠানো হয়। কিন্তু তা আর আইন মন্ত্রণালয় পর্যন্ত যায়নি। নথিটি ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী সাহারা খাতুন আটকে দিয়েছেন। সাহারা খাতুন গত সোমবার প্রথম আলোকে বলেন, ‘এ ব্যাপারে একবার আইন মন্ত্রণালয়ের মতামত নেওয়া হয়েছে। আবার মতামতের কী দরকার?’কিন্তু হাইকোর্ট ও সুপ্রিম কোর্ট সরকারি ক্রয় আইন ও বিধিমালা প্রতিপালন এবং আইন অনুযায়ী ন্যূনতম তিনটি প্রাক-যোগ্য প্রতিষ্ঠানের অংশগ্রহণে দরপত্র অনুষ্ঠানের কথা বলেছিলেন। এসব তথ্য গোপন করে আংশিক মতামত সংগ্রহ করায় পুনরায় মতামত গ্রহণের সিদ্ধান্ত নেয় পরিচালনা পর্ষদ। এ কথা স্মরণ করিয়ে দিলে সাহারা খাতুন বলেন, ‘প্রথমবারই আইন মন্ত্রণালয় পুরো মতামত দিয়েছে, সেটাই যথেষ্ট। আই অ্যাম অলসো লইয়ার। আমি আইন বুঝি।’কিন্তু ‘পছন্দের’ একটি প্রতিষ্ঠানকে ৪০০ কোটি টাকার কাজ দিতে বিটিসিএল ক্রয় আইন ও বিধিমালা না মানার যে সিদ্ধান্ত নিয়েছে, সেটা কতটা আইনসম্মত? এ প্রশ্ন করলে টেলিযোগাযোগমন্ত্রী বলেন, ‘আর কিছু জানতে চাইয়েন না তো। আমাকে কিছু কাজ করতে দেন। সরকারের আর অল্প কটা দিন আছে। পারলে সহায়তা করুন।’আইনমন্ত্রী শফিক আহমেদ প্রথম আলোকে বলেছেন, প্রথমবার বিটিসিএল শুধু একটি রিটের ব্যাপারে (নং-৫০৯৫/১২) মতামত চেয়েছে। যতটুকুর বিষয়ে মত চেয়েছে, ততটুকুই দেওয়া হয়েছে। প্রথম আইনি মতামত নিয়েও প্রশ্ন: এদিকে আংশিক তথ্যের ওপর গত ২৯ মে আইন মন্ত্রণালয় থেকে যে মতামত পাঠানো হয়েছে, তার বৈধতা নিয়েও প্রশ্ন উঠেছে। কারণ, ওই সময় আইনমন্ত্রী শফিক আহমেদ দেশের বাইরে ছিলেন। আর ২০১০ সালের ২৬ জুলাই মন্ত্রিপরিষদ থেকে জারি করা পরিপত্র অনুযায়ী, ‘যেসব মন্ত্রণালয় বা বিভাগে মন্ত্রী ও প্রতিমন্ত্রী নিয়োজিত রয়েছেন, সেসব মন্ত্রণালয় ও বিভাগের ক্ষেত্রে মন্ত্রীর অনুপস্থিতিতে মন্ত্রী পর্যায়ে নিষ্পত্তিযোগ্য বিষয়/নথিসমূহ প্রধানমন্ত্রীর নিকট উপস্থাপন করতে হবে।’ কিন্তু মন্ত্রীর অনুপস্থিতিতে এবং প্রধানমন্ত্রীর কাছে নথি উপস্থাপন না করেই আইন মন্ত্রণালয় মতামত দিয়েছে। জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, এই মতামতের ক্ষেত্রে এ পরিপত্র প্রযোজ্য নয়, কারণ এটা মন্ত্রী পর্যায়ের নিষ্পত্তিযোগ্য কাজ নয়। তবে সরকারি কার্যবিধিমালা (রুলস অব বিজনেস, চ্যাপ্টার-১-এর ৪ নং বিধি) অনুযায়ী, মন্ত্রণালয়ের সব কাজই মন্ত্রী পর্যায়ে নিষ্পত্তিযোগ্য। আর প্রতিমন্ত্রী বা উপমন্ত্রী পর্যায়ে কোনো কার্য নিষ্পত্তি হতে হলে, এ ব্যাপারে আগে থেকে মন্ত্রীর আদেশ থাকতে হবে এবং তা প্রধানমন্ত্রী কর্তৃক অনুমোদিত হতে হবে। কিন্তু এ রকম কোনো আদেশ আছে বলে আইন মন্ত্রণালয় জানাতে পারেনি। অন্যায্য নির্দেশ না মানায় ওএসডি: মারুবেনি-কেটিকে কাজটি দিতে চুক্তিমূল্য পরিশোধের মুদ্রা জাপানি ইয়েন থেকে মার্কিন ডলারে পরিবর্তন করে এক দিনের মধ্যে চুক্তির খসড়া তৈরি করতে ২০ জুন এ-সংক্রান্ত বিল অব কোয়ানটিটি (বিওকিউ) কমিটিকে নির্দেশ দেন বিটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি)। কিন্তু যথাযথ প্রক্রিয়ার ব্যত্যয় ঘটিয়ে এ অন্যায্য চুক্তির খসড়া তৈরিতে লিখিত অপারগতা জানান বিওকিউ কমিটির আহ্বায়ক শাহীদুল আলম। তিনি অনন্যোপায় হয়ে ২৩ জুন দায়িত্ব থেকে অব্যাহতি চান। তাঁর অব্যাহতিপত্র গ্রহণ করে পরদিনই এই প্রকল্পের পরিচালক (পিডি) অশোক কুমার মণ্ডলকে একই সঙ্গে বিওকিউ কমিটির আহ্বায়ক করা হয়। আর শাহীদুল আলমকে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) করা হয়। এমনকি তাঁর গাড়ি সুবিধা বাতিল এবং সর্বশেষ তিনি যে কক্ষে বসতেন, তাতে তালা লাগিয়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে। সিদ্ধান্ত নিয়ে রাখঢাক: এ প্রকল্পের ক্ষেত্রে সর্বোচ্চ আদালত কর্তৃক ক্রয় আইন ও বিধিমালার প্রযোজ্যতা এবং সেই অনুযায়ী অন্তত তিনজন প্রাক-যোগ্য দরদাতার মধ্যে প্রতিযোগিতামূলক দরপত্র বাধ্যতামূলক সুনিশ্চিত করে। এ নির্দেশনা লঙ্ঘন করে ৪০০ কোটি টাকার এ কাজ মারুবেনি-কেটিকে দেওয়ার জন্য বিটিসিএলের পরিচালনা পর্ষদ সিদ্ধান্ত নিয়েছে ২৬ জুন। পর্ষদের একাধিক সদস্য বিষয়টি নিশ্চিত করলেও বিটিসিএল কর্তৃপক্ষ এ নিয়ে ব্যাপক রাখঢাক বজায় রাখছে।এসব বিষয়ে বিটিসিএলের এমডি এম কলিমুল্লাহর বক্তব্য জানতে চাইলে গত ছয় দিনেও তিনি কোনো বক্তব্য দেননি। তাঁর কাছে গত বৃহস্পতিবার বিটিসিএলের পরিচালক (জনসংযোগ) মীর মোহাম্মদ মোরশেদের মাধ্যমে প্রশ্ন পাঠানো হয়েছে। এরপর প্রতিদিন তাগাদা দেওয়া হয়। সর্বশেষ গতকাল পরিচালক (জনসংযোগ) জানান, এসব প্রশ্ন এমডিকে জানানো হয়েছে। কিন্তু এমডি কোনো জবাব দেবেন কি, দেবেন না—কিছু বলেননি। পরিচালনা পর্ষদের একাধিক সূত্র জানায়, এসব অনিয়মের বিষয়ে আপত্তিপত্র ছাড়াও (নোট অব ডিসেন্ট) অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জালাল আহমেদসহ পর্ষদের দুজন সদস্য লিখিত প্রতিবেদন দিয়েছেন।জানতে চাইলে অতিরিক্ত সচিব জালাল আহমেদ বলেন, ‘আমার যা বক্তব্য লিখিতভাবে পর্ষদে দিয়েছি। এ নিয়ে মিডিয়ায় কোনো কথা বলতে চাই না।’