পছন্দের প্রতিষ্ঠান কাজ না পাওয়ায় দরপত্র বাতিল
সর্বনিম্ন দরদাতাকে বাদ দিয়ে ৫৭ কোটি টাকা বেশি দর দেওয়া পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে গিয়ে প্রভাবশালী একটি মহলের তৎপরতায় ঝুলে গেছে কক্সবাজার বিমানবন্দর উন্নয়ন প্রকল্পের কাজ।অভিযোগ উঠেছে, প্রভাবশালী মহলটির কারসাজিতে সরকারের এই ‘জরুরি প্রকল্প’টির দরপত্র-প্রক্রিয়া চূড়ান্ত হওয়ার পর সর্বনিম্ন দরদাতাকে অযোগ্য ঘোষণা এবং দ্বিতীয় সর্বনিম্ন দরদাতাকে কাজ দিতে নানা তৎপরতা চলে। তাতে ব্যর্থ হয়ে সর্বশেষ আন্তর্জাতিক এই দরপত্র বাতিলের সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে।জানতে চাইলে বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয়ের সচিব আতাহারুল ইসলাম প্রথম আলোকে বলেছেন, আগের দরপত্র বাতিল করে এই কাজের জন্য পুনরায় দরপত্র আহ্বানের সিদ্ধান্ত দিয়েছে ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।মন্ত্রণালয়-সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, বেশি টাকায় পছন্দের প্রতিষ্ঠানকে কাজ দিতে সর্বনিম্ন দরদাতা হিসেবে নির্বাচিত প্রতিষ্ঠানকে অযোগ্য ঘোষণার চেষ্টা-তদবির হয় চার মাস ধরে। শুধু তা-ই নয়, কেন সর্বনিম্ন দরদাতাকে যোগ্য বলে মূল্যায়ন কমিটি নির্বাচিত করল, তার জন্য বিষয়টি দুর্নীতি দমন কমিশনে (দুদক) পাঠানোরও চেষ্টা চলে। তবে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অনুমোদন না পাওয়ায় সে চেষ্টা সফল হয়নি। এরপর ওই প্রভাবশালী মহল পছন্দের প্রতিষ্ঠানকে কাজ দিতে পুনরায় দরপত্র আহ্বানের জন্য তৎপরতা চালায়।জানতে চাইলে বৃহৎ প্রকল্প বাস্তবায়ন বিশেষজ্ঞ ও সাবেক সচিব ফাওজুল কবির খান প্রথম আলোকে বলেন, চূড়ান্ত পর্যায়ে এসে আন্তর্জাতিক দরপত্রটি বাতিল ও পুনঃ দরপত্র আহ্বানের সিদ্ধান্তে খারাপ নজির স্থাপিত হলো। এতে ত্রিমুখী ক্ষতি হয়েছে। যেমন—প্রকল্প বাস্তবায়নে বিলম্ব ও ব্যয় বাড়বে, ভবিষ্যতে বিদেশি নির্ভরযোগ্য প্রতিষ্ঠানগুলো বাংলাদেশের প্রকল্পে কাজ করতে নিরুৎসাহিত হবে ও বাংলাদেশ সম্পর্কে বাইরে খারাপ বার্তা যাবে এবং ভালো প্রতিষ্ঠান না এলে প্রকল্পের কাজ মানসম্মত হবে না।আমলাতান্ত্রিক চক্রে আড়াই বছর: এ-সংক্রান্ত নথিপত্র ঘেঁটে জানা যায়, পর্যটনশিল্প বিকাশের লক্ষ্যে কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে ‘জরুরি ভিত্তিতে’ প্রকল্পটি ২০০৯ সালের ২৯ অক্টোবর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদন করা হয়।এরপর দীর্ঘ প্রক্রিয়া শেষে চলতি বছরের ২২ মার্চ দরপত্র মূল্যায়ন করে তুরস্কের কুয়ান্তা আইএনসি কনস্ট্রাকশনকে সর্বনিম্ন দরদাতা নির্বাচিত করা হয়। তাদের দর ছিল ৪২৪ কোটি টাকা (দেশি-বিদেশি মুদ্রায়)। গত ২ এপ্রিল এই প্রতিষ্ঠানকে ঠিকাদার নিয়োগের অনুমোদনের জন্য সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ প্রস্তাব পাঠায় বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয়ে। ফাইলটি সেখানে পড়ে থাকে প্রায় দুই মাস। এরপর বিমানমন্ত্রীর সুপারিশসহ তা অনুমোদনের জন্য গত ২৮ মে ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে উত্থাপন করা হয়।জটিলতার শুরু: মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, ঠিকাদার নিয়োগের প্রস্তাব ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে যাওয়ার পর প্রভাবশালী একটি মহল কুয়ান্তাকে অযোগ্য ঘোষণা করে দ্বিতীয় সর্বনিম্ন দরদাতা এএমএল-টিআরসিএসবি নামের একটি যৌথ কোম্পানিকে কাজ পাইয়ে দিতে তৎপরতা শুরু করে। কিন্তু ৫৭ কোটি টাকা বেশি দরে কাজ দিলে পরে তা দুদক পর্যন্ত গড়াতে পারে—এ আশঙ্কার কথা মন্ত্রণালয়কে জানিয়ে নিজেদের অসম্মতির কথা জানায় সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ। বৈদেশিক মুদ্রাসংক্রান্ত জটিলতাও এ সময় সামনে আসে। প্রকল্পের প্রাক্কলনে বৈদেশিক মুদ্রার বরাদ্দ ধরা হয় এক লাখ মার্কিন ডলার। সর্বনিম্ন দরদাতা কুয়ান্তা বৈদেশিক মুদ্রার দর দিয়েছে ৬৯ লাখ ডলার। আর এএমএল-টিআরসিএসবির দর হলো দুই কোটি ৮০ লাখ ডলার।মন্ত্রণালয়ের সূত্র জানায়, গত ২০ জুন ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি এই দরপত্রে দুর্নীতির আশঙ্কা খতিয়ে দেখতে তা দুদকে পাঠানো ও পুনরায় দরপত্র আহ্বানের প্রস্তাব করে। এই প্রস্তাব প্রধানমন্ত্রী অনুমোদন করেননি; বরং কেন দরপত্রে সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠানকে গ্রাহ্য করা হচ্ছে না, সে ব্যাখ্যা চেয়ে নথিটি অর্থ মন্ত্রণালয়ে ফেরত পাঠানো হয়।অবশ্য সিভিল এভিয়েশনের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মাহমুদ হোসেন প্রথম আলোকে বলেন, কাজ দেওয়া-সংক্রান্ত ফাইলটি মন্ত্রণালয়ে আছে। সেখান থেকে সিদ্ধান্ত পেলে পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে।রিভিউ প্যানেলের রায়: গত এপ্রিলে কুয়ান্তার বিরুদ্ধে অভিজ্ঞতা নেই বলে সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিটের (সিটিপিইউ) রিভিউ প্যানেলের কাছে অভিযোগ করে এএমএল-টিআরসিএসবি। গত ৮ মে রিভিউ প্যানেল আদেশ দেয়, কুয়ান্তা ইরাকে মার্কিন বাহিনীর কিরকুক ও তাজি বিমানঘাঁটি নির্মাণকাজ করেছে। ফলে কুয়ান্তাকে যোগ্য বিবেচনা করা বেআইনি হয়নি।ব্যয় বেড়েছে ১২২ কোটি টাকা: প্রকল্পটি নিয়ে দীর্ঘসূত্রতার কারণে ইতিমধ্যে ব্যয় বেড়ে গেছে ১২২ কোটি টাকা। নথিপত্রে দেখা যায়, ২০০৯ সালে অনুমোদনের সময় প্রকল্পের ব্যয় ধরা হয়েছিল ৩০২ কোটি ৬৫ লাখ টাকা। কিন্তু দরপত্র-প্রক্রিয়া শেষ করতে দীর্ঘ সময় চলে যাওয়ায় সর্বনিম্ন দর পড়েছে ৪২৪ কোটি টাকা, যা প্রাক্কলন থেকে ১২২ কোটি টাকা বেশি। এর পরেও ১৪ মাস পার হয়েছে। এর মধ্যে দেশে ডিজেলের দাম বাড়ায় ব্যয় আরও ৮ শতাংশ বাড়ানোর শর্ত দিয়ে চিঠি দিয়েছে কুয়ান্তা। এতে ব্যয় বাড়বে আরও ৩২ কোটি টাকা।