ঢাকা সিটি করপোরেশনকে দুই ভাগ করে বিল উত্থাপন
পছন্দের প্রশাসক আসছে, বাদ যাচ্ছে সেনার বিধান
বিদ্যমান সিটি করপোরেশন আইনে দুটি বড় ধরনের পরিবর্তন প্রস্তাব করে স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সংশোধন বিল, ২০১১ জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে।গতকাল বুধবার রাতে উপস্থাপন করা এই বিলে ‘একজন উপযুক্ত ব্যক্তি’ বা প্রথম শ্রেণীর সরকারি কর্মকর্তাকে প্রশাসক করার প্রস্তাব করা হয়েছে। আগের আইনে শুধু প্রথম শ্রেণীর কর্মকর্তাকে প্রশাসক নিয়োগ করা যেত। এই প্রস্তাব পাস হলে সরকার নিজের পছন্দের যেকোনো লোককে প্রশাসক হিসেবে নিয়োগ দিতে পারবে।দ্বিতীয় গুরুত্বপূর্ণ পরিবর্তন হলো—বিদ্যমান আইনের ‘আইন প্রয়োগকারী সংস্থা’র সংজ্ঞা থেকে ‘প্রতিরক্ষা কর্মবিভাগসমূহ’ শব্দ দুটি বাদ দেওয়া হয়েছে। তাই বিলটি পাস হলে সিটি করপোরেশন নির্বাচনে সশস্ত্র বাহিনী মোতায়েনের আইনি সুযোগ আর থাকবে না।মূল সিটি করপোরেশন আইনে ‘নিযুক্ত প্রশাসকের মেয়াদ কোনোমতেই ১৮০ দিনের বেশি হতে পারবে না’ বলা আছে। প্রস্তাবিত আইনে নতুন ও বিভক্ত সিটি করপোরেশনে প্রশাসকের মেয়াদ সম্পর্কে কিছু বলা হয়নি।বিলে ঢাকাকে ভেঙে দুটি সিটি করপোরেশন করার প্রস্তাব করা হয়। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক সংসদে বিলটি উত্থাপন করেন। পরে বিলটি পরীক্ষা-নিরীক্ষা করে সংসদে প্রতিবেদন দেওয়ার জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটিতে পাঠানো হয়।বিলটি উত্থাপনের ওপর একমাত্র স্বতন্ত্র সদস্য ফজলুল আজিম আপত্তি তোলেন। করপোরেশন বিভক্তি নিয়ে ঢাকার মানুষের আপত্তি আছে জানিয়ে তিনি বিলটি উপস্থাপন না করার দাবি জানান। তবে তাঁর প্রস্তাব কণ্ঠভোটে নাকচ হয়ে যায়।জানতে চাইলে সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সভাপতি অধ্যাপক মোজাফ্ফর আহমদ প্রথম আলোকে বলেন, প্রশাসক নিয়োগের ক্ষেত্রে যোগ্যতার মাপকাঠি না রাখা সরকারের স্বৈরতান্ত্রিক চিন্তা। দলীয়করণের ইচ্ছে থেকেই সরকার এ বিলে প্রশাসক হিসেবে একজন ‘উপযুক্ত ব্যক্তি’র কথা বলেছে। এখন প্রশ্ন হলো, উপযুক্ত এ ব্যক্তির যোগ্যতার মাপকাঠি কী? কে উপযুক্ত ব্যক্তি ঠিক করবেন? আইনে এ ধরনের অস্পষ্টতা রেখে হয়তো সরকারের লাভ হতে পারে। কিন্তু তাতে জনগণের অসুবিধা আছে। কারণ, জনগণের কোনো পছন্দের সুযোগ এখানে থাকছে না।আইন থেকে ‘প্রতিরক্ষা কর্মবিভাগ’ বাদ দেওয়া প্রসঙ্গে মোজাফ্ফর আহমদ বলেন, নারায়ণগঞ্জের নির্বাচনের ঘটনায় রাষ্ট্র কিছুটা বিপদে পড়ে গিয়েছিল। সেখান থেকে মুক্তি পেতেই সম্ভবত তারা এসব সংশোধনী এনেছে।বিলটির উদ্দেশ্য ও কারণসংবলিত বিবৃতিতে বলা হয়, বর্তমানে ঢাকা সিটি করপোরেশনের জনসংখ্যা এক কোটির ওপরে। করপোরেশন এলাকার আয়তন প্রায় ১৫০ বর্গকিলোমিটার। এত বড় জনগোষ্ঠীকে একটি কেন্দ্র থেকে সেবা দেওয়া কঠিন। ফলে জনসাধারণ কাঙ্ক্ষিত নাগরিকসেবা পাচ্ছে না। নাগরিকসেবা কার্যক্রম আরও সুদৃঢ় করতে ঢাকা সিটি করপোরেশনকে ভাগ করে দুটি সিটি করপোরেশন গঠনের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।বিলে স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯-এর ২৫ অনুচ্ছেদে সংশোধনী এনে মেয়াদোত্তীর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে নতুন বা বিভক্ত হওয়া সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বিধান প্রস্তাব করা হয়েছে।প্রস্তাবিত বিল পাস হলে, নতুন সিটি করপোরেশন গঠিত হলে কিংবা কোনো সিটি করপোরেশন বিভক্ত করা হলে সরকার এর কাজ পরিচালনার জন্য যে কাউকে প্রশাসক হিসেবে নিয়োগ দিতে পারবে। অর্থাৎ রাজনৈতিক বিবেচনায় প্রশাসক নিয়োগের সুযোগ তৈরি করা হয়েছে। তবে ‘নতুন এবং বিভক্ত’ সিটি করপোরেশন ছাড়া অন্য সব সিটি করপোরেশনের জন্য আগের আইনই বলবৎ থাকবে। ওই আইন অনুসারে নির্বাচিত প্রতিনিধি দায়িত্ব হস্তান্তর করবেন শুধু নির্বাচিত প্রতিনিধির কাছে।বিলে প্রশাসকের মেয়াদ কত দিন হবে, তা স্পষ্ট করা হয়নি। তবে বিদ্যমান আইনে নতুন সিটি করপোরেশনে প্রশাসকের সময়সীমা নির্দিষ্ট করা আছে। আইনের ২৫(৪) অনুচ্ছেদে বলা হয়েছে, ‘নিযুক্ত প্রশাসকের মেয়াদ কোনোমতেই ১৮০ দিনের বেশি হতে পারবে না।’ গতকাল উত্থাপিত বিলে নতুন ও বিভক্ত সিটি করপোরেশনে প্রশাসকের সময়ের ব্যাপারে কিছু বলা হয়নি।সিটি করপোরেশন আইন, ২০০৯-এর ১০৮ ধারার একটি উপধারা সংযোজন করা হয়েছে। এতে বলা হয়, কোনো সিটি করপোরেশন বিভক্ত করা হলে তাৎক্ষণিকভাবে উক্ত সিটি করপোরেশন বিলুপ্ত হবে। ওই সিটি করপোরেশনের মেয়র ও কাউন্সিলরগণ তাদের পদে আর বহাল থাকবেন না।উত্তর ও দক্ষিণে যা যা থাকছে: বিলে বলা হয়, এ আইনের অন্যান্য বিধানে যা কিছুই থাকুক না কেন, অনুচ্ছেদ ৩(১) অধীনে প্রতিষ্ঠিত ঢাকা সিটি করপোরেশন, ঢাকা উত্তর সিটি করপোরেশন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নামে বিভক্ত করা হবে।খসড়ায় বলা হয়েছে, ঢাকা সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারী, সম্পদ, অধিকার, ঋণ-দায়, দায়িত্ব, সুবিধা এবং স্থাবর-অস্থাবর সব ধরনের সম্পত্তি, ব্যাংকে থাকা ও নগদ অর্থ বিধি প্রণীত না হওয়া পর্যন্ত সরকারি আদেশ দ্বারা ঢাকা উত্তর সিটি করপোরেশন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ক্ষেত্রমত, হস্তান্তর, ন্যস্ত, স্থানান্তর বা বদলির ব্যবস্থা করা যাবে। ঢাকা সিটি করপোরেশনের করা মামলা এবং করপোরেশনের বিরুদ্ধে করা মামলা ক্ষেত্রবিশেষে নতুন দুই সিটি করপোরেশনের বিরুদ্ধে দায়ের করা মামলা হিসেবে গণ্য হবে।এতে আরও বলা হয়, ঢাকা সিটি করপোরেশনের ইতিপূর্বে জারি করা সব নোটিশ, প্রবিধান, উপবিধান, উপ-আইন, আদেশ, প্রজ্ঞাপন ক্ষেত্রমতে ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি করপোরেশনের জন্য মঞ্জুরিকৃত বা আরোপিত হবে।কোন ওয়ার্ড কোন ভাগে: প্রস্তাবিত আইনে ঢাকা উত্তর সিটি করপোরেশন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন আলাদা করে ভৌগোলিক এলাকা চিহ্নিত করে দেওয়া হয়েছে। উত্তরে ৩৬ এবং দক্ষিণ সিটির ভাগে ৫৬টি ওয়ার্ড পড়বে।গত ১৭ ও ৩১ অক্টোবর মন্ত্রিসভার বৈঠকে ঢাকা সিটি করপোরেশনকে উত্তর ও দক্ষিণে ভাগ করার যথাক্রমে নীতিগত ও চূড়ান্ত সিদ্ধান্ত হয়। এ জন্য স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯ সংশোধনের প্রস্তাবও অনুমোদন করা হয়।বিলে ঢাকা উত্তর সিটি করপোরেশন ১ থেকে ২৩ নম্বর ওয়ার্ড, ৩৭ থেকে ৪৫ নম্বর ওয়ার্ড এবং ৫৪ ও ৫৫ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত হবে। দক্ষিণে ৫৬ ওয়ার্ডের মধ্যে থাকবে ২৪ থেকে ৩৬, ৪৮ থেকে ৫৩, ৫৬ থেকে ৬৬ এবং ৬, ৭, ৬৮ ও ৯২ নম্বর ওয়ার্ড।সর্বশেষ ২০০২ সালের ২৪ এপ্রিল ঢাকা সিটি করপোরেশন নির্বাচন হয়েছিল। ডিসিসির প্রথম বৈঠকের তারিখ ধরে ২০০৭ সালের ১৪ মে এ নির্বাচনের মেয়াদ উত্তীর্ণ হয়। অর্থাৎ পাঁচ বছরের জন্য নির্বাচনে জিতে টানা সাড়ে নয় বছর মেয়রের দায়িত্ব পালন করছেন সাদেক হোসেন খোকা।