পছন্দের প্রার্থী নিয়ে তৎপর পাঁচ সাংসদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে নিজ পছন্দের প্রার্থী দাঁড় করাতে নানাভাবে তৎপর রয়েছেন এখানকার সরকারদলীয় পাঁচজন সাংসদ। আর এটাকে কেন্দ্র করে কুমিল্লায় ক্ষমতাসীন দলটির বিরাজমান অন্তর্কোন্দল আবার চাঙা হয়ে উঠেছে। আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে এসব তথ্য পাওয়া গেছে।নির্বাচন কমিশন নবগঠিত কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করেছে গত মঙ্গলবার। আগামী ৫ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে। মেয়র পদে আওয়ামী লীগ থেকে সম্ভাব্য চারজন প্রার্থী মাঠে নেমেছেন। তাঁরা পোস্টার-ব্যানার ও জনসংযোগের মাধ্যমে প্রচারও শুরু করেছেন। তাঁদের মধ্যে সম্ভাব্য প্রার্থী আফজল খানের প্রতি সাংসদ আবদুল মতিন খসরুর, আনিসুর রহমানের প্রতি হুইপ মুজিবুল হক, ভিক্টোরিয়া সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক সহসভাপতি (ভিপি) নূর-উর রহমান মাহমুদের প্রতি সাংসদ আ হ ম মুস্তফা কামাল (লোটাস কামাল) ও নাছিমুল আলম চৌধুরীর সমর্থন রয়েছে বলে দলীয় সূত্রগুলো জানিয়েছে। আর সদর আসনের সাংসদ আ ক ম বাহাউদ্দিন নিজেই মেয়র পদে দাঁড়াতে আগ্রহী। তাঁর ঘনিষ্ঠজনরা জানান, দলীয় সমর্থন পেলে তিনি সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করে মেয়র পদে দাঁড়াতে চান।এ ছাড়া আওয়ামী লীগ থেকে সম্ভাব্য আরেক মেয়র পদপ্রার্থী ওমর ফারুক। তিনি কেন্দ্রীয় কৃষক লীগের সহসভাপতি। তিনি প্রথম আলোকে বলেন, ‘আমি দলকে বলেছি, খুনি, চোরাকারবারি, টেন্ডারবাজকে দল সমর্থন দিলে নির্বাচনে দলের ভরাডুবি হবে।’দলীয় সাংসদদের নানামুখী তৎপরতায় কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক সফিকুল ইসলাম শিকদার হতাশা ব্যক্ত করে প্রথম আলোকে বলেন, দলের এতসংখ্যক প্রার্থীর প্রচারণায় সবকিছু এলোমেলো হয়ে গেছে। কোনো সমীকরণই মেলানো যাচ্ছে না।দলীয় সূত্রগুলো জানায়, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগ প্রকাশ্যে দুই ভাগে বিভক্ত। একদিকে আছেন জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আফজল খান, আর অন্যদিকে সদর আসনের সাংসদ আ ক ম বাহাউদ্দিন। এ ছাড়া সাংসদ আ হ ম মুস্তফা কামালের সঙ্গে আফজল খানের পুরোনো বিরোধ রয়েছে। ২০০৬ সালে জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটি হওয়ার পর আহ্বায়ক মুস্তফা কামালের সঙ্গে যুগ্ম আহ্বায়ক আফজল খানের বিরোধের সৃষ্টি হয়। ওই সময় উভয় পক্ষের কর্মীদের মধ্যে মারামারিও হয়েছিল।এখন সিটি করপোরেশন নির্বাচনে সম্ভাব্য প্রার্থী হিসেবে আফজল খানের পাশাপাশি মাঠে নেমেছেন ভিক্টোরিয়া সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি নূর-উর রহমান মাহমুদ। তিনি প্রথম আলোকে বলেন, বয়সে তরুণ হলেও তাঁর ধারণা, দল তাঁকে প্রার্থী হিসেবে সমর্থন দেবে। এ নিয়ে সাংসদ মুস্তফা কামালের সঙ্গে তাঁর কথা হয়েছে বলেও জানান।নূর-উর রহমান কিছুদিন আগেও সদর আসনের সাংসদ বাহাউদ্দিনের ঘনিষ্ঠজন বলে পরিচিত ছিলেন। সাম্প্রতিক সময়ে তাঁদের মধ্যে দূরত্ব সৃষ্টি হয়েছে। এখন মুস্তফা কামালের পাশাপাশি কুমিল্লা-৮ আসনের সাংসদ নাছিমুল আলম চৌধুরীও নূর-উর রহমানকে সমর্থন দিচ্ছেন বলে এলাকায় প্রচার আছে।জানতে চাইলে মুস্তফা কামাল প্রথম আলোকে বলেন, ‘আমি যখন দল করি, তখন দলের সব লোকই আমার লোক। তানিমও (নূর-উর রহমান) আমার লোক। তবে তানিমকে আমি প্রার্থী হিসেবে দাঁড় করাইনি।’ তিনি বলেন, ‘নেত্রী (শেখ হাসিনা) যাঁকে মনোনয়ন দেবেন, আমরা তাঁর জন্য কাজ করব।’ আর নাছিমুল আলম চৌধুরীর দাবি, ‘আমি শহরের বাইরের লোক, শহরের রাজনীতি নিয়ে আমি মাথা ঘামাই না।’ স্থানীয় রাজনৈতিক সূত্রগুলো জানায়, ২০০৮ সালের ২৯ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনে মহাজোটের প্রার্থী মনোনয়নকে কেন্দ্র করে সাংসদ মুস্তফা কামাল ও হুইপ মো. মুজিবুল হকের মধ্যে মতবিরোধ দেখা দেয়। আবার চলতি বছরের ২৭ জুন দক্ষিণ জেলা ছাত্রলীগের কমিটি নিয়ে সাংসদ আ ক ম বাহাউদ্দিন ও হুইপ মো. মুজিবুল হকের মধ্যে তীব্র মতবিরোধ দেখা দেয়। অন্যদিকে ২০১০ সালে ভিক্টোরিয়া কলেজের ছাত্রলীগের কমিটি নিয়ে আফজল খান ও মুজিবুল হকের মধ্যে বিরোধ বাধে। দুজনের অনুসারীদের মধ্যে সংঘর্ষও হয়। আফজল খানের অনুসারীদের অভিযোগ, সিটি নির্বাচনে আফজল খানকে ঠেকাতে হুইপ মুজিবুল হক দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আনিসুর রহমান মিঠুকে মাঠে নামিয়েছেন। আনিসুর রহমান এখন হুইপের ব্যক্তিগত কার্যালয়টি নির্বাচনী কাজে ব্যবহার করছেন। সাংসদ মুস্তফা কামালও বলেছেন, ‘শুনেছি যে মিঠু মুজিব ভাইয়ের অফিস ব্যবহার করছে। কিন্তু একজন প্রার্থীর জন্য এভাবে অফিস উন্মুক্ত করে দেওয়া ঠিক হয়নি।’কুমিল্লা শহরের কান্দিরপাড়ে নজরুল এভিনিউতে জাতীয় সংসদের সরকারদলীয় হুইপ ও কুমিল্লা-১১ আসনের সাংসদ মো. মুজিবুল হকের ব্যক্তিগত কার্যালয়টি অবস্থিত। গত মঙ্গলবার রাতে ওই কার্যালয়ে আনিসুর রহমানের সঙ্গে এ প্রতিবেদকের কথা হয়। তিনি দাবি করেন, তাঁর ওপর হুইপ মুজিবুল হকের আশীর্বাদ রয়েছে। হুইপের কার্যালয়টি তিনি নির্বাচনী কার্যালয় হিসেবে ব্যবহার করছেন।অবশ্য মুজিবুল হক প্রথম আলোকে বলেছেন, ‘ছাত্রলীগের নেতারা আমার কার্যালয়ে আসতেই পারে।’ নির্বাচনী কার্যালয় হিসেবে তাঁর দপ্তর ব্যবহার প্রসঙ্গে তিনি বলেন, ‘এটা ব্যবহার করা মানেই যে আনিসুর রহমান মিঠু আমার প্রার্থী, সেটা ঠিক নয়। কে প্রার্থী হবেন, সেটা দলই নির্ধারণ করবে।’আওয়ামী লীগের স্থানীয় সূত্রগুলো জানায়, নবম জাতীয় সংসদ নির্বাচনের পর সদর আসনের আ ক ম বাহাউদ্দিনের সঙ্গে আফজল খানের পুরোনো বিরোধ বড় হয়ে ওঠে। বাহাউদ্দিন নিজেও মেয়র প্রার্থী হতে দলের কেন্দ্রীয় নেতাদের কাছে ইচ্ছা প্রকাশ করেছিলেন। কিন্তু এখনো সাড়া পাননি। তাঁর সঙ্গে বিএনপি থেকে সম্ভাব্য মেয়র পদপ্রার্থী ও সাবেক পৌর মেয়র মনিরুল হক ওরফে সাক্কুর ভালো সম্পর্ক রয়েছে বলে প্রচার আছে। এদিকে আফজল খান দাবি করেছেন, তিনিই আওয়ামী লীগের প্রার্থী। কুমিল্লা-৫ আসনের সাংসদ আবদুল মতিন খসরু সেটা তাঁকে জানিয়েছেন। দলীয় সমর্থন পেলে তাঁর পক্ষে সদর আসনের সাংসদ বাহাউদ্দিন কাজ করবেন কি না, এ প্রশ্নের জবাবে আফজল বলেন, ‘আমাকে মানা না মানা তাঁর (বাহার) ব্যক্তিগত ব্যাপার। তবে দলে থাকতে হলে সবাইকে দলের নিয়ম মানতে হবে। আমার মনে হয়, বাহার সেটা মানবে।’ জানতে চাইলে সাংসদ আবদুল মতিন খসরু প্রথম আলোকে বলেন, ‘নেত্রী আফজল খানকে কাজ করার জন্য বলেছেন।’ এ প্রসঙ্গে মুস্তফা কামাল বলেন, ‘নেত্রী আফজল খানকে কাজ করতে বলেছেন। নির্বাচনে অংশ নেওয়ার জন্য সমর্থন দিয়েছেন কি না, সেটা কিন্তু বলেননি।’সম্ভাব্য আরেক মেয়র পদপ্রার্থী ও কেন্দ্রীয় কৃষক লীগের সহসভাপতি ওমর ফারুক বলেন, দলের কোনো প্রার্থী এখনো চূড়ান্ত হয়নি। মতিন খসরু যেটা বলেছেন, সেটা তাঁর নিজের কথা। জানতে চাইলে সুশাসনের জন্য নাগরিক-সুজনের কুমিল্লা জেলা শাখার সাধারণ সম্পাদক আলী আকবর বলেন, ‘কুমিল্লার মানুষের প্রত্যাশা পূরণ করতে পারে—এমন কোনো ভালো প্রার্থীই এখানে নেই। এটা কুমিল্লাবাসীর জন্য দুর্ভাগ্যের ব্যাপার।’