গাজীপুরে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী নিয়োগে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। পছন্দের প্রার্থীকে নিয়োগ দেওয়ার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একেক সময় একের ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি দিচ্ছে। আবার পছন্দের প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা কম হওয়ায় যোগ্যতা কমিয়ে নিয়োগ বিজ্ঞপ্তি সংশোধন করার মতো ঘটনাও ঘটছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের জ্ঞাতসারেই এসব অনিয়ম হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।এ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান এ কে আজাদ চৌধুরী প্রথম আলোকে বলেন, কমিশনের কাছে অভিযোগ এলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ২০০৯ সালে উপাচার্যের দায়িত্ব পান মো. আবদুল মান্নান আকন্দ। এরপর বেশ কিছু নিয়োগে অনিয়ম করা হয় বলে সেখানকার শিক্ষকেরা অভিযোগ করেছেন। ২০১০ সালে গাজীপুরের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাইট্রাস প্রকল্পের কর্মকর্তা হাবিবুর রহমান বিশ্ববিদ্যালয়ের কীটতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক পদে আবেদন করেন। কিন্তু ওই পদে নিয়োগের প্রয়োজনীয় শর্ত না থাকায় তাঁকে চাকরি দেওয়া হয় প্রভাষক পদে। অথচ প্রভাষক পদে তিনি আবেদনই করেননি। বিজ্ঞপ্তিতে চাকরির বয়স অনধিক ৩০ বছর উল্লেখ থাকলেও তাঁকে নিয়োগ দেওয়া হয় ৩৪ বছর বয়সে। শুধু তা-ই নয়, পদোন্নতির জন্য চাকরি দুই বছর হওয়ার যে শর্ত আছে, সেটা ভঙ্গ করে তাঁকে প্রভাষক পদে চাকরি দেওয়ার এক বছরের মাথায় সহকারী অধ্যাপক হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে।সম্প্রতি সহকারী রেজিস্ট্রার পদে আবু হাদি রহমান আসাদ নামের একজনকে নিয়োগ দেওয়া হয়। শর্ত ছিল, বিশ্ববিদ্যালয় (সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান), ডিগ্রি পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে শাখা কর্মকর্তা বা বৈজ্ঞানিক কর্মকর্তা অথবা সমমান পর্যায়ে চার বছর চাকরির অভিজ্ঞতা থাকবে হবে। কিন্তু নিয়োগপ্রাপ্ত ব্যক্তির এ ধরনের চাকরির অভিজ্ঞতা নেই। তিনি উপাচার্যের তত্ত্বাবধানে এমএস এবং পিএইচডি করতেন। উপাচার্য নিজেই ওই ব্যক্তিকে শিক্ষাকালীন সময়ে ও পরে নিজের ল্যাবে দৈনিক হাজিরার ভিত্তিতে (এই বিশ্ববিদ্যালয়ে দৈনিক হাজিরার ভিত্তিতে নিয়োগকে বলা হয় ‘মানবদিবসে’ চাকরি) তাঁকে কাজ করার অভিজ্ঞতার সনদ দিয়েছেন। শিক্ষকেরা অভিযোগ করেন, উপাচার্য নিজের সুবিধামতো চাকরির বয়স কখনো ৩০, কখনো এর বেশি নির্ধারণ করেন। ২০১০ সালের ফেব্রুয়ারিতে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে নিরীক্ষা ও হিসাব কর্মকর্তা পদে শামসুল হককে নিয়োগ দেওয়া হয়। তাঁর পূর্ব চাকরি সরকারি ছিল না বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানও না। অভিযোগ আছে, কেবল তাঁকে নিয়োগের জন্য এই পদে বয়সসীমা উল্লেখ করা হয়নি। নিয়োগের ক্ষেত্রে টাকা লেনদেনের কথা বিশ্ববিদ্যালয়ে আলোচনা আছে। ২০১০ সালের ২০ সেপ্টেম্বর এক বিজ্ঞপ্তিতে জ্যেষ্ঠ হিসাবরক্ষক পদে বয়সের কোনো সীমা ছিল না। কিন্তু ২০১২ সালের আরেক বিজ্ঞপ্তিতে জ্যেষ্ঠ হিসাবরক্ষক পদেই বয়স অনূর্ধ্ব ৩৫ বছর উল্লেখ আছে। শাখা কর্মকর্তা পদে নির্ধারিত বয়সসীমা অনূর্ধ্ব ৩০। কিন্তু নিয়োগপ্রাপ্ত নারীর বয়স ৪০-এর বেশি।‘নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার’ পদে নিয়োগ দেওয়া হয় আকরাম হোসেন নামের বেসরকারি কলেজের এক প্রভাষককে। এই কর্মকর্তা ব্যবস্থাপনা বিষয়ে স্নাতকোত্তর ও কম্পিউটারে ডিপ্লোমাধারী। ওই পদে অধিক যোগ্যতাসম্পন্ন প্রকৌশলী প্রার্থী থাকলেও তাঁদের নিয়োগ দেওয়া হয়নি। শুধু তা-ই নয়, জটিলতা দেখা দেওয়ায় কৌশলে ওই ব্যক্তির নিয়োগপত্রে পদবিতে নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারের স্থলে ‘টেকনিক্যাল অফিসার (নেটওয়ার্ক)’ লেখা হয়। শিক্ষাজীবনে দ্বিতীয় শ্রেণী থাকলে শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয় না। বর্তমান উপাচার্যের সময়ে এটা ধরে রাখা হয়েছিল। সম্প্রতি শিক্ষাজীবনে দ্বিতীয় শ্রেণী পাওয়া প্রার্থীকে শিক্ষক নিয়োগের জন্য ‘উপযুক্ত’ হিসেবে বিবেচনায় নেওয়া হয়েছে। উপাচার্যের পছন্দের লোককে নিয়োগ দেওয়ার জন্যই এটা করা হয় বলে অভিযোগ উঠেছে।কর্মচারী নিয়োগে অনিয়ম: ‘প্লাম্বার’ পদে শিক্ষাগত যোগ্যতা হিসেবে এসএসসিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্বীকৃত কোনো প্রতিষ্ঠান থেকে ট্রেড কোর্স পাস চাওয়া হয়। কিন্তু বিজ্ঞপ্তি দেওয়ার আগেই আকবর আলী নামের একজনকে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়। কিন্তু আকবর আলী অষ্টম শ্রেণী পাস হওয়ায় তড়িঘড়ি করে আবার নিয়োগ বিজ্ঞপ্তি সংশোধন করে অষ্টম শ্রেণী পাস কথাটিও জুড়ে দেওয়া হয়।জেনারেটর অপারেটর পদে এক প্রার্থীকে টাকার বিনিময়ে নিয়োগ দেওয়া হয়েছে বলে ক্যাম্পাসে আলোচনা আছে। প্রথমে তাঁকে চুক্তিতে নিয়োগ দিয়ে তারপর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এই পদে যোগ্যতা হিসেবে দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএসহ মাধ্যমিক পাস চাওয়া হয়। কিন্তু ওই প্রার্থী অষ্টম শ্রেণী পাস হওয়ায় নিয়োগ বিজ্ঞপ্তিতে যোগ্যতার জায়গায় অথবা ‘অষ্টম শ্রেণী’ জুড়ে দেওয়া হয়। ‘ভিজুয়াল অপারেটর’ পদে আরেকজনকে নিয়োগের জন্যও শিক্ষাগত যোগ্যতা শিথিল করা হয়। চলতি বছরের জানুয়ারিতে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের একজন সহযোগী অধ্যাপককে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে নিয়োগ দেওয়া হয়। এই নিয়োগ ও যোগদানে অনিয়মের অভিযোগ ওঠে। আগের জায়গা থেকে অব্যাহতি দিয়ে যোগদানের শর্ত থাকলেও এই ব্যক্তি তা না করেই চাকরিতে যোগ দেন। কিন্তু বিষয়টি জানাজানি হয়ে গেলে পরে পেছনের তারিখে ছাড়পত্র আনেন। উপাচার্য আবদুল মান্নান আকন্দ এসব অনিয়মের অভিযোগ অস্বীকার করে প্রথম আলোকে বলেন, ওই বিশ্ববিদ্যালয়ে নিয়মের বাইরে কোনো কিছুই করা হয় না। যাঁরা সুবিধা চেয়ে পাননি, তাঁরাই এসব অভিযোগ তুলছেন বলে মনে করেন তিনি। উপাচার্য আরও বলেন, নিয়োগের ক্ষেত্রে নিয়োগ কমিটি এবং নিয়োগ অনুমোদন করতে বিশ্ববিদ্যালয়ে সিন্ডিকেট আছে। সেখানে উপাচার্যের একার কিছু করার থাকে না।