দেশ টিভিতে আজ দুপুরে প্রচারিত হবে ‘প্রিয়জনের গান’। স্টুডিও থেকে সরাসরি প্রচার করা হবে অনুষ্ঠানটি। আজ গান করবেন সফি মণ্ডল ও বিউটি। প্রযোজনা করেছেন সুমন সাহা। কথা হলো বিউটির সঙ্গে।‘প্রিয়জনের গান’ অনুষ্ঠানে কোন গানগুলো করবেন?লালন সাঁইজিকে নিয়ে সব ধরনের অনুষ্ঠানে আমি থাকার চেষ্টা করি। তিন বছর ধরেই আমি লালন সাঁইজির মৃত্যুবার্ষিকীতে দেশ টিভিতে গান করছি। প্রিয়জনের গান অনুষ্ঠানে লালনের কিছু পরিচিত-অপরিচিত গানই করব। এর মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য গান হচ্ছে: ‘কে তোমার সাথে যাবে’, ‘ক্ষম অপরাধ’, ‘কী আজব কলের রসিয়া’, ‘কারে বলব মনের বেদনা’, ‘বাড়ির পাশে আরশীনগর’ এবং ‘যেখানে সাঁইর বারামখানা’। এ ছাড়া দর্শকদের অনুরোধের গানও থাকবে।অনুষ্ঠানে তো আপনি আপনার গুরুজির সঙ্গে গান করবেন?আমার গুরু সফি মণ্ডলের সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে গান করেছি। বিভিন্ন টেলিভিশনের ধারণকৃত অনুষ্ঠানেও গান করেছি। কিন্তু গুরুজির সঙ্গে টিভিতে সরাসরি গানের অনুষ্ঠানে অংশ নিইনি। এবারই প্রথম গুরুজি সফি মণ্ডলের সঙ্গে টেলিভিশনে লাইভ গানের অনুষ্ঠানে গান করব। তাই ভালো লাগার ব্যাপারটি কাজ করছে অনেক বেশি। দেশ টিভি থেকে আমাকে প্রিয়জনের গান অনুষ্ঠানে গুরুজির সঙ্গে গান করার প্রস্তাব দিলে কোনো কিছু না ভেবে রাজি হয়ে যাই।বাগদান তো হলো, বিয়ের আনুষ্ঠানিকতা সারছেন কবে?পড়াশোনার চাপ আছে। পাশাপাশি রয়েছে গান নিয়েও ব্যস্ততা। সবকিছু গুছিয়ে ইচ্ছে আছে কোরবানির ঈদের পরই বিয়ের আনুষ্ঠানিকতা সেরে ফেলার।নতুন অ্যালবাম আসছে কবে?আমার সর্বশেষ অ্যালবাম পিরিতের জ্বালা বাজারে আসে গত বছর। এ ছাড়া গত রোজার ঈদের আগে দেশের গানের একটি মিশ্র অ্যালবামেও গান করেছিলাম। চলছে পঞ্চম একক অ্যালবামের কাজ। এবারের অ্যালবামটি পঞ্চকবির গান নিয়ে করব। ইচ্ছে আছে বাপ্পা মজুমদার, অর্ণব, শফিক তুহিন ও রাজেশ ভাইকে নিয়ে অ্যালবামটির কাজ করার।