পঞ্চগড় ছিটমহলগুলোতে সাইকেল মিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছিটমহল বিনিময়ের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা ও নাগরিকত্বের দাবিতে পঞ্চগড়ের ছিটমহলবাসী আজ শুক্রবার সাইকেল মিছিল করেছেন। ভারত-বাংলাদেশ ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির ঘোষিত ১০ দিনব্যাপী কর্মসূচির আজ অষ্টম দিন।সকাল ১০টার দিকে সদর উপজেলার গারাতি ছিটমহলে ভারত-বাংলাদেশ ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির সদস্য ও শালবাড়ি ছিটমহলের চেয়ারম্যান মো. মফিজার রহমান দক্ষিণ টোকাপাড়ায় সাইকেল মিছিলের উদ্বোধন করেন। একই সময় জেলার ১২টি ছিটমহলে সাইকেল মিছিল শুরু হয়। এসব সাইকেল মিছিলে কয়েক হাজার যুবক, কিশোর, বৃদ্ধ বিভিন্ন স্লোগান সংবলিত ফেস্টুন নিয়ে সাইকেল মিছিলে অংশ নেয়। সাইকেল মিছিলটি ছিটমহলের আশপাশের হাটবাজার ও গ্রামগুলো প্রদক্ষিণ করে দুপুর ১২টার দিকে আবার ছিটমহলে ফিরে আসে। ভারত-বাংলাদেশ ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির সদস্য ও শালবাড়ি ছিটমহলের চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। এই সাইকেল মিছিলে প্রায় ২০ হাজার ছিটমহলবাসী অংশ নেন।কাল শনিবার সন্ধ্যায় মশাল মিছিল এবং ২ অক্টোবর সব ছিটমহলে দাবি আদায়ের পক্ষে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে। দাবি আদায় না হলে আমরণ অনশনসহ বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।