পঞ্চগড়ে জামায়াতের দুই কর্মী আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড়ের সদর উপজেলার হাঁড়িভাসা বাজার থেকে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় জামায়াতে ইসলামীর দুই কর্মীকে আটক করা হয়েছে। সরকারবিরোধী স্লোগান দিয়ে বিক্ষোভ-মিছিল, যুদ্ধাপরাধীদের বিচারপ্রক্রিয়া বানচালের চেষ্টা ও ষড়যন্ত্রের অভিযোগে পুলিশ তাঁদের ৫৪ ধারায় আটক করে। পরে তাঁদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।আটক ব্যক্তিরা হলেন পঞ্চগড় সদর উপজেলা জামায়াতের কোষাধ্যক্ষ ওলিউর রহমান ও হাঁড়িভাসা ইউনিয়ন জামায়াতের কর্মী তজমল হক। তাঁদের দুজনের বাড়ি সদর উপজেলার হাঁড়িভাসা ইউনিয়নে।পঞ্চগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন রেজা ঘটনা প্রথম আলো অনলাইনকে বলেন, গতকাল হাঁড়িভাসা ইউনিয়ন জামায়াতের আমির আবুল কালাম আজাদের নেতৃত্বে জামায়াতের ৪০ থেকে ৫০ জন কর্মী বিক্ষোভ-মিছিল বের করেন। এ সময় তাঁরা সরকারবিরোধী স্লোগান দেন এবং জামায়াতের গ্রেপ্তার হওয়া শীর্ষস্থানীয় নেতাদের মুক্তি দাবি করেন। একই সময় আওয়ামী লীগও একটি মিছিল বের করে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় ওলিউর রহমান ও তজমল হককে ৫৪ ধারায় আটক করা হয়।পুলিশ আজ দুপুরে এই দুজনকে পঞ্চগড়ের মুখ্য বিচারিক হাকিম আদালতে হাজির করে। তাঁদের পক্ষ থেকে জামিনের আবেদন করা হলে বিচারক আবু মনসুর মো. জিয়াউর রহমান জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।