পঞ্চগড়ে তীব্র শীতে একজনের মৃত্যু
হিমালয়ের পার্শ্ববর্তী পঞ্চগড় জেলায় তীব্র শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। গত দুই দিন জেলার কোথাও সূর্যের দেখা মেলেনি। আকাশ ছিল মেঘ ও ঘন কুয়াশায় ঢাকা। রাতে বৃষ্টির মতো শিশির পড়ায় তা শীতের তীব্রতা আরও বাড়িয়ে দিয়েছে। গতকাল বুধবার প্রচণ্ড শীতে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।মৃত ব্যক্তির নাম হাতিবউদ্দিন (৬৫)। তাঁর বাড়ি উপজেলার তীরনইহাট ইউনিয়নের প্রধানপাড়া গ্রামে। তীরনইহাটের ইউপি চেয়ারম্যান আলমগীর হোসাইন প্রথম আলো ডটকমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তীব্র শীতের কারণে পঞ্চগড়ে ডায়রিয়া, নিউমোনিয়াসহ শীতজনিত নানা রোগ ছড়িয়ে পড়ছে। প্রতিদিনই নতুন নতুন রোগী পঞ্চগড় সদর আধুনিক হাসপাতালে ভর্তি হচ্ছে। পঞ্চগড় সদর আধুনিক হাসপাতালের আবাসিক চিকিত্সক আবুল কাশেম জানান, আজ বৃহস্পতিবার ডায়রিয়া ও বিভিন্ন শীতজনিত রোগে ২৫ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। বর্তমানে এ ধরনের রোগে প্রায় ৫০ জন রোগী হাসপাতালে ভর্তি রয়েছে।শীতবস্ত্রের অভাবে দরিদ্র, ছিন্নমূল ও ভাসমান মানুষের জীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ। দিনমজুর, শ্রমিক, রিকশাচালকেরা শীতবস্ত্রের অভাবে কাজে যেতে পারছেন না। রাস্তাঘাটে যানবাহন চলাচল কমে গেছে। শহরের ফুটপাতসহ লেপ-তোশক ও শীতবস্ত্রের দোকানগুলোতে বেড়েছে ক্রেতাদের ভিড়।পঞ্চগড় পৌরসভার মেয়র মো. তৌহিদুল ইসলাম প্রথম আলো ডটকমকে বলেন, পৌর এলাকার জন্য কমপক্ষে পাঁচ হাজার কম্বল প্রয়োজন। তবে এ পর্যন্ত সরকারিভাবে মাত্র ৮০টি কম্বল পাওয়া গেছে।জেলা প্রশাসক মো. তোফাজ্জল হোসেন মিয়া জানিয়েছেন, শীতবস্ত্রের বরাদ্দ চেয়ে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে জরুরি বার্তা পাঠানো হয়েছে। স্থানীয়ভাবে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম চলছে বলেও জানান তিনি। শীতার্ত ব্যক্তিদের সহায়তায় সরকারের পাশাপাশি দেশের বিত্তবান ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।