পঞ্চগড়ে বিএনপির মহাসচিবসহ ৩ নেতার বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রকাশ্যে হত্যা করার হুমকি দেওয়ার অভিযোগে বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন, বিএনপি নেতা রফিকুল ইসলাম মিয়া ও শাহ মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে পঞ্চগড় মুখ্য বিচারিক হাকিম আদালতে মামলা দায়ের করা হয়েছে। আজ সোমবার দুপুরে জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও আটোয়ারী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আনিছুর রহমান মামলাটি দায়ের করেন।মামলার বিবরণে জানা গেছে, গত ২৫ জুলাই রাজধানীর মুক্তাঙ্গনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন, দলটির নেতা রফিকুল ইসলাম মিয়া ও শাহ মোয়াজ্জেম হোসেন বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের যে পরিণতি হয়েছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনারও একই পরিণতি হবে বলে প্রকাশ্যে হুমকি দেন। প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দিয়ে তাঁরা দেশের গণতন্ত্র ও সার্বভৌমত্বকে হুমকি দিয়েছেন। এতে প্রধানমন্ত্রীর নিরাপত্তাহীনতা ও দেশের নিরাপত্তা-শৃঙ্খলা বিঘ্নিত হতে পারে। এ কারণে আসামিদের বিরুদ্ধে মামলা করা হয়।