পঞ্চগড়ের ভারতীয় গারাতি ছিটমহলে ত্রাণ দিলেন সাংসদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড়ের ভারতীয় গারাতি ছিটমহলে ক্ষতিগ্রস্ত শতাধিক পরিবারের সদস্যদের আজ সোমবার ব্যক্তিগত তহবিল থেকে ত্রাণ দিয়েছেন পঞ্চগড়-১ আসনের সাংসদ মো. মজাহারুল হক প্রধান। তিনি ক্ষতিগ্রস্ত ১১০টি পরিবারের প্রতিটিকে ২০ কেজি করে চাল, পাঁচ কেজি করে আলু, এক কেজি করে ডাল, একটি করে শাড়ি ও লুঙ্গি দেন। এ ছাড়া বিশুদ্ধ পানীয় জলের জন্য ৩৭টি নলকূপও দিয়েছেন। প্রসঙ্গত, বাংলাদেশী এক নাগরিকের লাশ ফেরত কেন্দ্র করে পঞ্চগড় সদর উপজেলার গারাতি ছিটমহলে ১৬ অক্টোবর অগ্নিসংযোগের ঘটনায় শতাধিক বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনায় পঞ্চগড় থানায় পৃথক দুটি মামলায় ৯৬ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আড়াই হাজার লোককে আসামি করা হয়েছে। এ ঘটনায় ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।সাংসদ সাদা পতাকা নিয়ে ছিটমহলে ঢুকে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত লোকজনের সঙ্গে কথা বলেন। তিনি তাদের পুনর্বাসনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে আশ্বাস দেন। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে তিনি আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেন ।এ সময় পুলিশ সুপার মো. শাহারিয়ার রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান আনোয়ার সাদাত, জেলা জাতীয় পার্টির সভাপতি রেজাউল করিম প্রমুখ উপস্থিত ছিলেন।