পঞ্চগড় চিনিকলে ধর্মঘট
মজুরি কমিশনসহ নয় দফা বাস্তবায়নের দাবিতে আজ বুধবার সকাল ছয়টা থেকে পঞ্চগড় চিনিকলে ২৪ ঘণ্টার ধর্মঘট চলছে। এর ফলে চিনিকলে উত্পাদন বন্ধ হয়ে গেছে।চিনিকলের শ্রমিক-কর্মচারীরা কারখানার গেটে বিক্ষোভ সমাবেশ করেছেন। সমাবেশে বক্তারা বলেন, সরকারি কর্মচারীদের মজুরি কমিশন ২০০৯ সালের জুলাই থেকে কার্যকর করা হয়েছে। কিন্তু শ্রমিকদের জন্য মজুরি কমিশন ২০১০ সালের জুলাই থেকে কার্যকর করার প্রস্তাব করা হয়েছে। অথচ শ্রমিকেরাই কারখানার উত্পাদনের চালিকাশক্তি। তাই শ্রমিকদের মজুরি কমিশন ২০০৯ সালের জুলাই থেকে কার্যকরসহ নয় দফা দাবিতে তাঁরা আজ ধর্মঘট পালন করছেন।চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সামসুদ্দীন আহাম্মদ বলেন, শ্রমিক-কর্মচারীদের ধর্মঘটের ফলে আজ সকাল ছয়টা থেকে চিনিকলে উত্পাদন বন্ধ রয়েছে। কারখানার সামনে কয়েক হাজার টন আখ পড়ে আছে। এসব আখ শুকিয়ে যাওয়ার ফলে চিনি আহরণের হার কমে যাবে।প্রসঙ্গত, এই চিনিকলে প্রায় দেড় হাজার শ্রমিক-কর্মচারী আছেন। সম্প্রতি মন্ত্রিপরিষদে ২০১০ সালের জুলাই থেকে মজুরি কমিশন কার্যকর করার পর থেকেই শ্রমিকেরা বিভিন্ন কর্মসূচি পালন করছেন। এরই ধারাবাহিকতায় আজকের কর্মসূচি।