পঞ্চগড়-ঢাকা মহাসড়কে আবারও অবরোধ
সমঝোতা বৈঠকের এক ঘণ্টা পর আবারও পঞ্চগড় জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সদস্যরা আজ রোববার বিকেল চারটা থেকে পঞ্চগড়-ঢাকা মহাসড়ক অবরোধ করে রেখেছেন। ফলে মহাসড়কের উভয় পাশে শত শত যানবাহন আটকা পড়েছে। আকস্মিক মহাসড়ক অবরোধের ফলে হাজার হাজার সাধারণ যাত্রী দুর্ভোগের শিকার হয়েছে। ওই সংগঠনের সদস্যরা লাঠিসোটা নিয়ে পঞ্চগড়-আটোয়ারি সড়কের সিঅ্যান্ডবি মোড় সড়ক অবরোধ করেন। শেষ খবর পাওয়া পর্যন্ত (সন্ধ্যা সাতটায়) সড়ক অবরোধ চলছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় জেলা প্রশাসক উভয় সংগঠনের নেতা ও রাজনৈতিক নেতাদের নিয়ে জরুরি সভা আহ্বান করেছেন। উদ্ভূত পরিস্থিতি নিরসনের লক্ষ্যে সন্ধ্যা ছয়টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা শুরু হয়েছে। সভা এখনো চলছে।দুটি পরিবহন শ্রমিক সংগঠনের সদস্যদের মধ্যে গতকাল শনিবার সংঘর্ষের কারণে পঞ্চগড়-ঢাকা মহাসড়কে চার ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। পঞ্চগড়ের তেলীপাড়ায় ট্রাক-টার্মিনালের সামনে পঞ্চগড় জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়ন ও পঞ্চগড় জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের মধ্যে বৈধতার প্রশ্ন নিয়ে উভয়ের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের ২০ জন শ্রমিক আহত হন।পুলিশ জানায়, পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উভয় সংগঠনের নেতাদের নিয়ে আজ রোববার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বৈঠকের সিদ্ধান্ত নেওয়ার কথা ঘোষণা করলে বেলা দুইটায় শ্রমিকেরা লাঠিসোটা নিয়ে মহাসড়ক থেকে সরে যায়। বেলা দুইটার পর যান চলাচল স্বাভাবিক হয়।পঞ্চগড় জেলা ট্রাক ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. জসিদুল ইসলাম বলেন, সভার সিদ্ধান্ত অনুযায়ী ট্রাক বন্দোবস্ত দেওয়া হয়। অপরদিকে, পঞ্চগড় জেলা মটর পরিবহণ শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. রেনু মিয়া বলেন, সভার সিদ্ধান্ত অনুযায়ী ওই সংগঠনের ট্রাক বন্দোবস্ত দেওয়ার কথা নয়। কিন্তু সভার সিদ্ধান্ত না মেনে ওই সংগঠনটি একটি ট্রাক বন্দোবস্ত দেওয়ায় শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে মহাসড়ক অবরোধ করে। পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জমিরউদ্দিন জানান, এই দুই সংগঠনের বৈধতা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। উদ্ভুত পরিস্থিতি নিরসনের লক্ষ্যে উভয় সংগঠনের নেতাদের নিয়ে সন্ধ্যা ছয়টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের উপস্থিতিতে জরুরি বৈঠকের আয়োজন করা হয়েছে।