পঞ্চগড় বিসিক শিল্পনগরে মুদির দোকান
পঞ্চগড় বিসিক শিল্পনগরে প্লট বরাদ্দ নিয়ে মুদিখানার দোকান করে ব্যবসা করছে পঞ্চগড় অয়েল মিল নামের স্থানীয় একটি প্রতিষ্ঠান। বিসিক শিল্পনগর প্রতিষ্ঠার দীর্ঘ ১৯ বছরে প্লট বরাদ্দ দেওয়া হয়েছে মাত্র ১৯টি।পঞ্চগড় বিসিকের উপব্যবস্থাপক এ কে এম মুশফিকুল ইসলাম জানান, ভোজ্য তেলের মিল স্থাপনের জন্য বরাদ্দ নেওয়া প্লটে মুদিখানার দোকান স্থাপন করা এক ধরনের অনিয়ম। ‘প্লটের মুদিখানার দোকান সরিয়ে নিতে আমরা পঞ্চগড় অয়েল মিল কর্তৃপক্ষকে দ্বিতীয় দফায় নোটিশ দিয়েছি।’মুদিখানা দোকানের ম্যনেজার শ্রী রবীন্দ্রনাথ মোদক বলেন, ‘আমরা প্লট বরাদ্দ নিয়ে আর্থিকভাবে ক্ষতির মধ্যে পড়েছি। ক্ষতি কিছুটা পুষিয়ে নিতেই দোকানে মুদিখানার পণ্য বিক্রয় করছি।’ নোটিশ পাওয়ার কথা স্বীকার করে তিনি বলেন, ‘শিল্পনগরের অন্যান্য প্লটে শিল্পকারখানার কাজ শুরু হলে আমরাও আমাদের মুদিখানা দোকান বন্ধ করে দেব।’ বিসিক অফিস সূত্রে জানা যায়, তারা ১৯৯১ সালে জেলা শহর থেকে এক কিলোমিটার উত্তরে পঞ্চগড়-ঢাকা জাতীয় মহাসড়কের পাশে কাজীপাড়া এলাকায় ১৫ একর নিচু জমি অধিগ্রহণ করে। শিল্পনগরে এ টাইপের ৬৪টি, বি টাইপের ১৬টি এবং সি টাইপের ১৬টিসহ মোট ৯৬টি প্লট তৈরি করা হয়। প্লট তৈরি ও অবকাঠামো নির্মাণে ব্যয় করা হয় মোট দুই কোটি ৮০ লাখ টাকা। ১৯৯৭ সালের ১ সেপ্টেম্বর তেঁতুলিয়ার বাংলাবান্ধা স্থলবন্দর উদ্বোধনের পর জেলাসহ বিভিন্ন এলাকা থেকে ৩২টি প্লটের জন্য শিল্পদ্দ্যোক্তারা আবেদন করেছিলেন। কিন্তু বাংলাবান্ধা স্থলবন্দর দীর্ঘদিনেও পূর্ণাঙ্গরূপে চালু না হওয়ায় আবেদনকারীদের পক্ষ থেকে পরবর্তী সময়ে আর কোনো সাড়া পাওয়া যায়নি।