পঞ্চগড় শহরে অবস্থিত মা ও শিশু কল্যাণকেন্দ্রে অজ্ঞানযন্ত্র অকেজো থাকায় সিজারিয়ান (অস্ত্রোপচার) অপারেশন করা যাচ্ছে না। এই অজুহাতকে কাজে লাগিয়ে সিজারিয়ান রোগীদের নিয়ে যাওয়া হচ্ছে ক্লিনিকে। মা ও শিশু কল্যাণকেন্দ্রের চিকিত্সকেরাই টাকার বিনিময়ে ক্লিনিকে গিয়ে অপারেশন করছেন। অজ্ঞানযন্ত্র অকেজো থাকলেও চিকিত্সকেরা ঝুঁকি নিয়ে সিজারিয়ান অপারেশন করছেন। এ কেন্দ্রের চিকিত্সকেরা ক্লিনিকে সময় দেন বেশি। শহরের এই ক্লিনিক থেকে ওই ক্লিনিকে ছুটে বেড়ান।সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের পুকুরীডাঙ্গী গ্রামের শাহাদত হোসেন অভিযোগ করে বলেন, ৬ মার্চ সকালে তাঁর স্ত্রী আকলিমা খাতুনকে (২০) মা ও শিশু কল্যাণকেন্দ্রে নিয়ে আসেন। তাঁকে ভর্তি করা হয় সকাল সাতটায়। চিকিত্সক আকতার জাহান তাঁকে জানান, অবেদনবিদ নেই এবং তিনি থাকবেন না এই অজুহাতে তাঁর স্ত্র্রীকে রওশন ক্লিনিকে যেতে বলেন। তিনি বিকেল পাঁচটায় তাঁর স্ত্রীকে রওশন ক্লিনিকে নিয়ে যান। ছয়টার সময় তাঁর স্ত্রীর অপারেশন করেন মা ও শিশু কল্যাণকেন্দ্রের চিকিত্সক আখতার জাহান এবং অবেদনবিদ হিসেবে মা ও শিশু কল্যাণকেন্দ্রের চিকিত্সক অথীন্দ্রনাথ সরকার। রওশন ক্লিনিকে ছয় হাজার টাকার চুক্তিতে তিনি তাঁর স্ত্রীর অপারেশন করাতে বাধ্য হন। ৬ মার্চ সন্ধ্যায় পঞ্চগড় শহরে অবস্থিত মা ও শিশু কল্যাণকেন্দ্রে গিয়ে কোনো চিকিত্সকে পাওয়া যায়নি। বিদ্যুত্ না থাকায় গোটা কেন্দ্র ছিল অন্ধকারে ঢাকা। পরিবার কল্যাণ পরিদর্শিকা শাহনাজ পারভীন হারিকেন জ্বালিয়ে বাইরে দাঁড়িয়ে আছেন। চিকিত্সকেরা কোথায় তিনি তা বলতে পারছেন না। দুই ঘণ্টা পরে এ কেন্দ্রের অবেদনবিদ (অ্যানেসথেটিস্ট) অথীন্দ্রনাথ সরকার এসে বলেন, ‘গতকাল (শুক্রবার) বাড়িতে গিয়েছিলাম। অদ্য (শনিবার) বেলা দুইটায় ফিরে এসেছি। সিজারিয়ান রোগী ছিল তা আমাকে জানানো হয়নি। দুই গরুতে হাল বাইতে হয়। এত দিন এক গরু দিয়ে হাল বাইছি। এক গরু দিয়ে আর হাল বাইব না। অজ্ঞান করার যন্ত্র অকেজো, এ কথা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চারবার জানানোর পরও ঠিক করা হয়নি। রওশন ক্লিনিকে গিয়ে সন্ধ্যা ছয়টায় আকলিমা খাতুনকে অজ্ঞান করার দায়িত্ব পালন করেছি। আকলিমা খাতুন কেন্দ্রে ভর্তি ছিলেন, তা আমাকে জানানো হয়নি।’এ ব্যাপারে পঞ্চগড় মা ও শিশু কল্যাণকেন্দ্রের চিকিত্সক আখতার জাহান বলেন, ‘অজ্ঞানযন্ত্র নষ্ট এবং অজ্ঞানের চিকিত্সক না থাকায় রোগীকে রওশন ক্লিনিকে নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। সেখানে তিনি রোগীর অপারেশন করেন। এই অপারেশন করে তিনি নিজ বাড়ি টাঙ্গাইল চলে যান। শাহাদত হোসেন বলেন, ‘পঞ্চগড় মা ও শিশু কল্যাণকেন্দ্রে সব সুযোগ-সুবিধা থাকা সত্ত্বেও আমার স্ত্রীকে ক্লিনিকে নিয়ে অপারেশন করাতে হয়েছে। অপারেশনের একটা যন্ত্র নষ্ট। এই নষ্ট যন্ত্র নাকি দীর্ঘদিনে মেরামত করা হচ্ছে না। ফলে আমাদের মতো গরিবদের ক্লিনিকে গিয়ে অপারেশন করাতে হচ্ছে।’জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক মিজানুর রহমান জানান, পঞ্চগড় মা ও শিশু কল্যাণকেন্দ্রের অনিয়ম অব্যবস্থাপনার বিষয়গুলো তিনি অবহিত হয়েছেন। অজ্ঞানযন্ত্র নষ্ট হওয়ার বিষয়টি যথাযথ কর্তৃপক্ষকে একাধিকবার জানানো হয়েছে। এ ব্যাপারে তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে জানান।