পঞ্চগড় যুবলীগের ৬ সদস্য বহিষ্কার
পঞ্চগড়ে যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীদের সংঘর্ষে ছাত্রলীগের নেতা ফারুক হোসেন নিহত হওয়ার ঘটনায় পঞ্চগড় যুবলীগের ছয় সদস্যকে বহিষ্কার করা হয়েছে। আজ শনিবার বিকেলে বাংলাদেশ যুবলীগের কেন্দ্রীয় সংসদ বহিষ্কারের এ সিদ্ধান্তের কথা জানায়।বহিষ্কৃত সদস্যরা হলেন পঞ্চগড় জেলা যুবলীগের সভাপতি আমিরুল ইসলাম, সহ-অর্থসম্পাদক মেরাজ হোসেন, জেলা যুবলীগের সদস্য মো. লাবু, পঞ্চগড় শহর যুবলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, ৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি আমিনুল ইসলাম ও সহসভাপতি মো. হযরত আলী।দরপত্র দাখিল নিয়ে পঞ্চগড় শহরে গত বৃহস্পতিবার যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীদের সংঘর্ষ হয়। এতে ছাত্রলীগের নেতা ফারুক হোসেন নিহত হন। সংঘর্ষে আহত হন উভয় পক্ষের কমপক্ষে ১১ জন। গতকাল নিহত ফারুকের ভাই ফজলুল হক ১৬ জনের বিরুদ্ধে পঞ্চগড় সদর থানায় মামলা করেছেন। এর মধ্যে পুলিশ পাঁচ আসামিকে গ্রেপ্তার করেছে।