পঞ্চগড় শহরে যত্রতত্র পার্কিং
পঞ্চগড় দিনে দিনে যেন যানজটের শহরে পরিণত হচ্ছে। যানবাহন পার্কিংয়ের জন্য শহরের বাইরে ধাক্কামারায় বাস টার্মিনাল ও দর্জিপাড়ায় ট্রাক টার্মিনাল রয়েছে। তা সত্ত্বেও শহরের যত্রতত্র দাঁড়িয়ে থাকে বাস-ট্রাক। যেখানে-সেখানে চলে যাত্রী ও পণ্য ওঠা-নামা। এতে যানজটের সৃষ্টি তো হচ্ছেই, ছোটখাটো দুর্ঘটনাও ঘটছে প্রতিদিনই। সবচেয়ে বেশি সমস্যার সৃষ্টি করেছে শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত ডে ও নাইট কোচস্ট্যান্ডগুলো। এই কোচস্ট্যান্ডটি শহরের বাইরে ধাক্কামারার বাস টার্মিনাল-সংলগ্ন পৌর মার্কেটে স্থানান্তরের জন্য স্থানীয় মোটর পরিবহন সংস্থার কর্মকর্তাদের সঙ্গে পৌর কর্তৃপক্ষ ও প্রশাসনের বৈঠক হয়েছে একাধিকবার। কিন্তু এর বাস্তবায়ন হয়নি আজ পর্যন্ত। শহরের তেঁতুলিয়া মহাসড়ক ঘেঁষে গজিয়ে উঠছে বেশ কয়েকটি কোচস্ট্যান্ড। সবকিছু মিলে পঞ্চগড় শহর এখন এক জঞ্জালের শহরে পরিণত হয়েছে, কিন্তু দেখার যেন কেউ নেই।নাগরিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, পঞ্চগড় শহরে ঢোকার একমাত্র মহাসড়ক ও সেতু থাকায় প্রতিদিন শহরের প্রাণকেন্দ্র দিয়ে চলাচল করছে শত শত ট্রাক, বাস, মাইক্রোবাসসহ বিভিন্ন ধরনের যানবাহন। প্রতিদিন বাড়ছে যানবাহনের সংখ্যা। সেই সঙ্গে বাড়ছে মানুষের চাপ। ফলে শহরের একমাত্র মহাসড়ক তেঁতুলিয়া রাস্তাটিতে সব সময় যানজট লেগেই আছে। সড়কটির বিভিন্ন স্থানে পার্কিং নিষেধ লেখা সাইনবোর্ড থাকলেও এর তোয়াক্কা করেন না চালকেরা। সাইনবোর্ড ঘেঁষেই যাত্রী ও পণ্য ওঠানামা চলে। এ ছাড়া শহরের বাজার সড়কগুলোর প্রতিটিই অপ্রশস্ত। কোনো সড়কে পণ্যবাহী ট্রাক ঢুকলেই সেটি বন্ধ হয়ে যানজটের সৃষ্টি হয়। শহরের নিউ হোটেলের পাশ দিয়ে কাঁচা তরকারি হাটে যাওয়ার পথটি বন্ধ করে প্রায় দিনই চলে ট্রাকে পণ্য ওঠানামা।এদিকে শহরে নেই কোনো নির্ধারিত রিকশা-ভ্যানের স্ট্যান্ড। ফলে এসব পরিবহন এলোপাতাড়িভাবে দাঁড়িয়ে থাকে সড়কের ওপরই। এতে শুধু সড়কই সংকুচিত হচ্ছে না বরং বাড়ছে যানজট। বিশেষ করে রোববার ও বৃহস্পতিবার হাটের দিন থাকায় রিকশা-ভ্যান গোটা সড়ক দখল করে থাকে। তার ওপর সড়কেই বসে বাঁশহাটি ও পানসুপারির পসরা। পঞ্চগড় থেকে টুনিরহাট ও হাঁড়িভাসা সড়কের ওপর জালাসীতে প্রতিদিন বসে হাট। ধারণক্ষমতার বাইরে বিপুলসংখ্যক বৈধ ও অবৈধ রিকশা-ভ্যান চলাচল করে পঞ্চগড় শহরে। পঞ্চগড়কে এখন রিকশা-ভ্যানের শহর বললে মোটেই বাড়িয়ে বলা হবে না বলে ভুক্তভোগীদের আক্ষেপ। শহরের অধিকাংশ ফুটপাতগুলোও এখন দখল করে আছে পান-বিড়ি ও মুখরোচক খাবারের দোকান। জেলা রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. শহিদুল ইসলাম বলেন, শহর ছোট অথচ রিকশা-ভ্যানের সংখ্যা বেশি। নির্ধারিত স্ট্যান্ডগুলোতে জায়গা হয় না। বাধ্য হয়ে সড়কের ধারে দাঁড়ায় যানবাহনগুলো।জেলা মোটর মালিক সমিতির সভাপতি ইকবাল কায়সার বলেন, প্রশাসন ও মোটর শ্রমিক ইউনিয়নের সঙ্গে আলোচনা করে নির্ধারিত স্থানে বাস-ট্রাক দাঁড়ানোর উদ্যোগ নেওয়া হবে। ট্রাফিক সার্জেন্ট মো. মশিউর রহমান বলেন, বাস ও ট্রাক টার্মিনাল সম্প্রসারণকাজে ধীরগতি, শহরে একটি মাত্র প্রধান সড়ক ও লোকবলের অভাব, মোটর মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের অসহযোগিতায় শহরে যানবাহন নিয়ন্ত্রণ কষ্টকর হয়ে পড়েছে। পৌর মেয়র মো. তৌহিদুল ইসলাম জানান, রাস্তা ও ড্রেনগুলোর ওপর থেকে অবৈধ স্থাপনা সরিয়ে নিতে বারবার নোটিশ দিয়েও কাজ হচ্ছে না। শহরে রিকশা-ভ্যানও দিন দিন বাড়ছে। নির্ধারিত স্ট্যান্ডেও এগুলোর জায়গা হচ্ছে না। বাধ্য হয়ে যত্রতত্র রিকশা-ভ্যান দাঁড়িয়ে থাকছে। পঞ্চগড়কে সুশৃঙ্খল শহর করতে সবার সহযোগিতা প্রয়োজন।