পঞ্চগড়ে অনশন সপ্তম দিনে, ১৭ জন অসুস্থ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড়ের পুটিমারি ছিটমহলে অনির্দিষ্টকালের জন্য ডাকা অনশনের সপ্তম দিনে আজ শনিবার পর্যন্ত ১৭ জন অসুস্থ হয়ে অনশন মঞ্চে অবস্থান করছেন। স্থানীয়ভাবে তাঁদের চিকিত্সা দেওয়া হচ্ছে। এঁদের মধ্যে সদর উপজেলার ভারতীয় গারাতি ছিটমহলের আবুবক্কর ছিদ্দিক (৭০) গুরুতর অসুস্থ হয়ে পড়লে গতকাল সন্ধ্যায় তাঁকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। সূত্র জানায়, এখন পর্যন্ত প্রশাসনের কেউ অনশনকারীদের সঙ্গে যোগাযোগ করেনি। তবে, প্রশাসনের পক্ষ থেকে সেখানকার আইনশৃঙ্খলা পরিস্থিতির খোঁজখবর রাখা হচ্ছে এবং সার্বিক পরিস্থিতি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হচ্ছে।এদিকে, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা), জাতীয় পার্টি, বিএনপি ও সিপিবি অনশন মঞ্চে গিয়ে অনশনকারীদের সঙ্গে একাত্মতা ঘোষণা করেছে। এ ছাড়া ব্যক্তি পর্যায়ের অনেকেই ছিটমহলবাসীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন। আজ দুপুরে পঞ্চগড়-২ আসনের সরকারদলীয় সাংসদ নুরুল ইসলামের অনশনস্থলে যাওয়ার কথা। গত রোববার বিকেল চারটা থেকে জেলার বোদা উপজেলার জেম জুটমিল এলাকায় অবস্থিত পঞ্চগড়-ঢাকা মহাসড়কের নিকটবর্তী ভারতীয় পুটিমারি ছিটমহলে নির্মিত মঞ্চে এ কর্মসূচি পালন করা হচ্ছে। পঞ্চগড়ে অবস্থিত ৩৬টি এবং লালমনিরহাট ও কুড়িগ্রামসহ দেশের ১১১টি ভারতীয় ছিটমহলের নেতারা এতে অংশ নিয়েছেন। অনশন কর্মসূচিতে নেতৃত্বদানকারী বাংলাদেশ-ভারত ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বলেন, ‘ছিটমহল বিনিময় চুক্তি বাস্তবায়নে উভয় দেশের সরকারের পক্ষ থেকে সুস্পষ্ট কোনো ঘোষণা না আসা পর্যন্ত আমরা অনশন কর্মসূচি চালিয়ে যাব।’ এদিকে, ভারতের অভ্যন্তরে বাংলাদেশের ৫১টি ছিটমহলে অধিবাসীরা অভিন্ন কর্মসূচি হিসেবে ১৩ দিন ধরে গণ-অনশন পালন করছে। ভারত-বাংলাদেশ ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির নেতা দীপ্তিমান সেন গুপ্ত মুঠোফোনে জানিয়েছেন, ভারতের কোচবিহার জেলার দিনহাটায় সংহতি ময়দানে মঞ্চ তৈরি করে গণ-অনশনসহ নাগরিকত্বের দাবিতে তাঁরা মিছিল সমাবেশ করছেন।সদর উপজেলার গাড়াতি ছিটমহলের চেয়ারম্যান মফিজার রহমান বলেন, ‘আমাদের সাথে ভারতের বাংলাদেশি ছিটমহলের নেতা-কর্মীদের সাথে নিয়মিত যোগাযোগ হচ্ছে। সেখানে রাজনৈতিক দলসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে আন্দোলনে সংহতি প্রকাশ করা হয়েছে।’এ ব্যাপারে জেলা প্রশাসক মো. তোফাজ্জল হোসেন মিয়া বলেন, ‘আমরা আইনশৃঙ্খলাসহ সার্বিক পরিস্থিতির ওপর নজর রাখছি এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।’