পঞ্চগড়ে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড়ে আজ রোববার সকাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু হয়েছে। ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাসগুলোকে পঞ্চগড়ে আসতে দেওয়া হয়নি। পঞ্চগড় জেলা সীমান্তের শ্রমিকেরা এসব বাস আটকে দেয়। পঞ্চগড় থেকে দূরপাল্লার কোনো গাড়িও ছেড়ে যায়নি। ফলে সাধারণ যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন।বাস পুড়িয়ে দেওয়ার ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে পঞ্চগড় জেলা মোটর মালিক সমিতি ও তিনটি মোটর পরিবহন শ্রমিক ইউনিয়ন যৌথভাবে পঞ্চগড় জেলার ভেতর সব রুটে পরিবহন ধর্মঘট ডাকে। গতকাল শনিবার রাতে মালিক ও পরিবহন শ্রমিক সংগঠনগুলোর পক্ষে মাইকিং করে এ ধর্মঘটের ঘোষণা দেওয়া হয়। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল দুপুরে পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়কের মাগুরমারী চৌরাস্তায় পঞ্চগড়গামী একটি মিনিবাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের আরোহী পাথর ব্যবসায়ী তরিকুল ইসলামের মৃত্যু হয়। ঘটনার পর বাসচালক ও তাঁর সহকারী পালিয়ে গেলেও বিক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে তেঁতুলিয়া থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।পঞ্চগড় জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবদুল লতিফ জানান, বাস জ্বালিয়ে দেওয়ার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মালিক সমিতি ও পরিবহন শ্রমিক সংগঠনগুলো যৌথভাবে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট আহ্বান করেছে।