পঞ্চগড়ে আদালত কাল সকাল পর্যন্ত মুলতবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড় ২৫ রাইফেল ব্যাটালিয়নে বিদ্রোহে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হওয়া ২৯ জন বিডিআর জওয়ানের বিরুদ্ধে আজ সোমবার সাক্ষ্য নেওয়া শেষ হয়েছে। আদালত কাল সকাল সাড়ে আটটা পর্যন্ত মুলতবি ঘোষণা করা হয়েছে।আদালতে আজ ২৯ জন সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয়েছে। ব্যাটালিয়ন সদর দপ্তরে স্থাপিত বিশেষ আদালত-২-এ সকাল সাড়ে আটটায় বিচারকাজ শুরু হয়ে বিকেল সাড়ে চারটা পর্যন্ত চলে। মোট ৪০ জন সাক্ষীর সাক্ষ্য নেওয়ার কথা থাকলেও ৩১ জনের সাক্ষ্য গ্রহণ শেষে বিডিআরের কৌঁসুলি লেফটেন্যান্ট কর্নেল সিরাজুল হক আর কোনো সাক্ষীর প্রয়োজন নেই বলে আদালতকে জানান।কাল অভিযুক্ত জওয়ানেরা তাঁদের বক্তব্য লিখিত ও মৌখিকভাবে উপস্থাপনের সুযোগ পাবেন। বক্তব্য দেওয়ার পর সরকারি কৌঁসুলি যুক্তিতর্ক উত্থাপন করবেন। এরপর আবার জওয়ানেরা তাঁদের বক্তব্য দেবেন। এরপর আদালত পঞ্চগড় ২৫ রাইফেল ব্যাটালিয়নে বিদ্রোহ মামলার রায়ের দিন ধার্য করবেন।ভিডিও ফুটেজ দেখে বিডিআর বিদ্রোহের ঘটনার সঙ্গে জড়িত ১৮ জনকে চিহ্নিত করা হয়েছে। পঞ্চগড় জেলা কারাগার থেকে ২৯ জন আসামিকে কড়া নিরাপত্তার মধ্যে সকাল আটটার আগেই আদালতে হাজির করা হয়। বিচার উপলক্ষে আদালতে বিশেষ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। আদালতের আশপাশে অতিরিক্ত পুলিশ ও র্যাব মোতায়েন করা হয়েছে।আদালতে সভাপতিত্ব করছেন বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল মইনুল ইসলাম। অন্য সদস্যরা হলেন লেফটেন্যান্ট কর্নেল মো. মাহফুজুর রহমান ও মেজর দীদার আল লতিফ। অ্যাটর্নি জেনারেলের প্রতিনিধিত্ব করছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিত্ রায়।গতকাল রোববার দুজনের সাক্ষ্যগ্রহণ ও সওয়াল-জবাব করা হয়। এ মামলার ২৯ জন আসামির মধ্যে সাতজন তাঁদের দোষ স্বীকার করে আদালতের কাছে ক্ষমা চেয়েছে।উল্লেখ্য, সুবেদার মেজর আমিরুল হক শেখ বাদী হয়ে পঞ্চগড় ২৫ রাইফেল ব্যাটালিয়নে বিডিআর বিদ্রোহে জড়িত থাকার অভিযোগ এনে ২৯ জন বিডিআর জওয়ানের বিরুদ্ধে মামলা করেন। মামলায় তাঁদের বিরুদ্ধে ১৯৭২ সালের বিডিআর আইনে ১০(১) ধারায় শৃঙ্খলা ভঙ্গ এবং বেআইনিভাবে অস্ত্র ও গোলাবারুদ নিয়ে গুলিবর্ষণ করা, পঞ্চগড়-ঢাকা মহাসড়কে যানবাহন চলাচলে বাধা দেওয়া, পাগলাঘণ্টি বাজানো, ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করা ও বিদ্রোহে সহযোগিতার অভিযোগ আনা হয়। গত ৩ ফেব্রুয়ারি এ আদালতের কার্যক্রম শুরু হয়।