পঞ্চগড়ে উপজেলা কর্মকর্তা-কর্মচারীদের অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে লাঞ্ছিত ও অবরুদ্ধ করে রাখা এবং উপজেলা ত্রাণ কর্মকর্তাকে লাঞ্ছিত করার ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে দেবীগঞ্জ উপজেলা কর্মকর্তা-কর্মচারীরা আজ রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করেছেন।২১ জানুয়ারি স্থানীয় ছাত্রলীগ ও ক্ষমতাসীন দলের কিছু কর্মী ইউএনওকে লাঞ্ছিত করে কক্ষে তালা লাগিয়ে অবরুদ্ধ করে রাখেন। ঘটনার আধ ঘণ্টা পর পুলিশ গিয়ে তালা ভেঙে ইউএনওকে উদ্ধার করে। ছাত্রলীগ ও আওয়ামী লীগের কর্মীরা চলে যাওয়ার সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মতিউর রহমানকে মারপিট করেন এবং অফিস সহকারীর মোবাইল ফোন ছিনিয়ে নেন।এ ঘটনায় ওই দিনই ইউএনও তিনজনের নামসহ আট-নয়জনের বিরুদ্ধে থানায় মামলা করেন। মামলায় পুলিশ এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি।ইউএনও মো. আবু জাফর উপজেলার সব কর্মকর্তা-কর্মচারীর কর্মবিরতি শুরু করার কথা স্বীকার করে বলেন, তিনি অফিসে কাজ করছেন।দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোমিনুল ইসলাম কর্মবিরতির কথা শুনেছেন বলে জানান। তবে দায়ের করা মামলায় কাউকে গ্রেপ্তার করতে পারেননি বলে জানান।