পঞ্চগড়ে এক মাসেও ধান-চাল সংগ্রহ হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাদ্যে উদ্বৃত্ত জেলা পঞ্চগড়ে দেড় মাস আগে আমন মৌসুমে সরকারি ধান-চাল সংগ্রহ অভিযান শুরু হয়েছে। কিন্তু আজ পর্যন্ত খাদ্যবিভাগ এক কেজি ধান-চাল কিনতে পারেনি। সরকারনির্ধারিত দামের চেয়ে বাজারদর বেশি হওয়ায় খাদ্যগুদামে কেউ ধান-চাল বিক্রি না করায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এদিকে জেলার বিভিন্ন খাদ্যগুদামে গিয়ে দেখা গেছে, কর্মকর্তা-কর্মচারীরা অলস দিন কাটাচ্ছেন। ধান কেনাবেচার কোনো দৃশ্যই সেখানে নেই।খোঁজ নিয়ে দেখা গেছে, পঞ্চগড় জেলায় চাল মিল বা চাতালের সংখ্যা পাঁচ শতাধিক। সব চাতালেরই নিজস্ব গুদামে হাজার হাজার মণ ধান মজুদ করে রাখা হয়েছে। সরকার সংগ্রহমূল্য বাড়িয়ে ধান-চালের লক্ষ্যমাত্রা পূরণ করতে চাইলে কৃষকের ক্ষতি হলেও ব্যবসায়ী মজুদদাররা লাভবান হবেন বলে কৃষকেরা জানান।খাদ্যবিভাগ সূত্রে জানা গেছে, এ বছর পঞ্চগড় জেলায় আমন মৌসুমে দুই হাজার ৬৬৬ মেট্রিক টন ধান ও তিন হাজার ৯১২ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। গত ৭ ডিসেম্বর থেকে ধান-চাল সংগ্রহ অভিযান শুরু হয়েছে। চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত এ অভিযান চলবে। চলতি আমন মৌসুমে সরকার প্রতি কেজি ধান ১৪ ও চাল ২২ টাকা কেজি নির্ধারণ করে দিয়েছে।জেলার বড় বড় ধানের হাট ময়দানদীঘি, নগরকুমারী, পাঁচপীর, সাঁকোয়া, চাকলা, শালবাহানে খোঁজ নিয়ে জানা গেছে, সরকার ধানের দাম কেজিপ্রতি ১৪ টাকা নির্ধারণ করে দিলেও মোটা ধান ১৫ থেকে ১৬ আর চিকন ধান ১৭ থেকে ১৮ টাকায় বিক্রি হচ্ছে। সরকারি দামের চেয়ে বাজারদর বেশি হওয়ার কারণে কৃষক থেকে শুরু করে ব্যবসায়ীরা কেউ ধান বিক্রি করতে সরকারি ক্রয়কেন্দ্রে যান না। যে কারণে গত মাসে জেলায় কোনো ধান কেনা বা সংগ্রহ সম্ভব হয়নি।সদর উপজেলার চাকলাহাট এলাকার কৃষক সোহরাব আলী বলেন, কৃষকের ধান বিক্রি শেষ। কৃষকের ঘরে বাড়তি কোনো ধান নেই। এখন সরকারি মূল্য বাড়ানো হলে মিল মালিকেরা লাভবান হলেও সাধারণ কৃষকেরা বঞ্চিত হবেন। তবে মৌসুমের শুরুতেই ধান- চালের মূল্য আরও বাড়ানো উচিত ছিল। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. আবুল হায়াত বলেন, ধানের উদ্বৃত্ত জেলা পঞ্চগড়। এখানে চলতি আমন মৌসুমে ৯১ হাজার ৯০০ হেক্টর জমিতে দুই লাখ ১১ হাজার ১৩৯ মেট্রিক টন ধান উত্পাদন হয়েছে। জেলা খাদ্য নিয়ন্ত্রক স্বপন কুমার কুণ্ডু জানান, সরকারি সংগ্রহমূল্যের চেয়ে বাজারদর বেশি। স্বাভাবিক কারণেই কৃষক ও চালকল মালিকেরা গুদামে ধান-চাল সরবরাহ করতে আগ্রহী হচ্ছেন না। এর পরও আমরা ৩০ জন চালকল মালিকের কাছ থেকে ১৫৩ মেট্রিক টন চাল কেনার চুক্তি করেছি। বাজারে এ অবস্থা অব্যাহত থাকলে ধান-চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণ হবে কিনা তা বলা যাচ্ছে না।