পঞ্চগড় ২৫ রাইফেল ব্যাটালিয়নে বিডিআর বিদ্রোহে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তারকৃত ২৯ জন বিডিআর জওয়ানের বিচার কাল রোববার আবার শুরু হচ্ছে। বিডিআর সূত্রে জানা গেছে, কাল সকাল সাড়ে ১০টায় আদালত বসবে। কাল অভিযোগ গঠন করা হতে পারে। গত ৩ ফেব্রুয়ারি পঞ্চগড় ২৫ রাইফেল ব্যাটালিয়ন সদর দপ্তরে স্থাপিত বিশেষ আদালত-২-এ এই বিচার শুরু হয়। আদালতের সভাপতি ছিলেন বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল মইনুল ইসলাম। অন্য সদস্যরা হলেন লে. কর্নেল মো. মাহফুজুর রহমান ও মেজর দীদার আল লতিফ। অ্যাটর্নি জেনারেলের প্রতিনিধি হিসেবে চিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিত্ রায়।পঞ্চগড় ২৫ রাইফেল ব্যাটালিয়নে বিডিআর বিদ্রোহে জড়িত থাকার অভিযোগ এনে সুবেদার মেজর আমিরুল হক শেখ বাদী হয়ে ২৯ জন বিডিআর জওয়ানের বিরুদ্ধে মামলা করেন। মামলায় তাঁদের বিরুদ্ধে ১৯৭২ সালের বিডিআর আইনে ১০(১) ধারায় শৃঙ্খলা ভঙ্গ ও বেআইনিভাবে অস্ত্র ও গোলাবারুদ হাতে নিয়ে গুলিবর্ষণ, পঞ্চগড়-ঢাকা মহাসড়কে যানবাহন চলাচলে বাধা, পাগলাঘণ্টি বাজানো, ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে ঔদ্ধত্যপূর্ণ আচরণ এবং বিদ্রোহ সংঘটনে সহযোগিতা করার অভিযোগ আনা হয়। ওই ২৯ জন আসামির মধ্যে পঞ্চগড় থানায় দায়ের করা বিদ্রোহের মামলায় কারাগারে আটক ছিলেন ২১ জন। পরে বাকি আটজনকে গ্রেপ্তার করা হয়।