পঞ্চগড়ে কয়েক দফা ভূ-কম্পন
পঞ্চগড় ও পার্শ্ববর্তী এলাকায় কয়েক দফা ভূ-কম্পন হয়েছে। আজ শুক্রবার সকাল ছয়টা ৫৩ মিনিটে এ ভূ-কম্পন শুরু হয়। দুই থেকে তিন দফায় তা তিন-চার সেকেন্ড করে স্থায়ী ছিল। উত্পত্তিস্থলে রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৪.৯। এ সময় সবকিছু কেঁপে ওঠে। পুকুরের পানি ওঠানামা করে। তবে কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ঢাকার ভূমিকম্প পর্যবেক্ষণাগারকেন্দ্রের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা সত্যতা নিশ্চিত করে জানান, ঢাকা থেকে ৪৮৮ কিলোমিটার দূরে সিকিমে এ ভূমিকম্প সৃষ্টি হয়। উত্পত্তিস্থলের দূরত্ব কম হওয়ায় পঞ্চগড়েও তা অনুভূত হয়েছে। উত্পত্তিস্থলে রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ৪.৯ ছিল বলে তিনি জানান। পঞ্চগড় মহিলা সরকারি কলেজের ভূগোল বিভাগের সহকারী অধ্যাপক ও জেলা পরিবেশ পরিষদের সভাপতি মো. তোহিদুল বারী জানান, পঞ্চগড় বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম ভূমিকম্পপ্রবণ অঞ্চল। এটি হিমালয়ের কাছে হওয়ায় অঞ্চলটির মাটি সুগঠিত নয়। তাই সামান্য কম্পনেই কেঁপে ওঠে।