পঞ্চগড়ে গণ-অনশনের দ্বিতীয় দিন আজ
পঞ্চগড়ে অনির্দিষ্টকালের জন্য ঘোষিত গণ-অনশন আজ দ্বিতীয় দিনের মতো অব্যাহত রয়েছে। ইন্দিরা-মুজিব চুক্তির আলোকে ছিটমহল বিনিময় বাস্তবায়নসহ তিন দফা দাবিতে আজ সোমবার দ্বিতীয় দিনের মতো এ কর্মসূচি চলছে।গতকাল রোববার বিকেল চারটা থেকে বাংলাদেশে অবস্থিত ভারতীয় ছিটমহলের নাগরিকেরা এই গণ-অনশন কর্মসূচি শুরু করে। বাংলাদেশ-ভারত ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির বাংলাদেশ শাখার উদ্যোগে দেশের ১১১টি ছিটমহলের নেতারা এই অনশনে যোগ দেন। জেলার বোদা উপজেলার জেম জুটমিল এলাকায় অবস্থিত পঞ্চগড়-ঢাকা মহাসড়কের নিকটবর্তী ভারতীয় পুটিমারী ছিটমহলে নির্মিত মঞ্চে এ কর্মসূচি পালন করা হচ্ছে।বাংলাদেশ-ভারত ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির নেতারা জানান, ১৯৭৪ সালের ইন্দিরা-মুজিব চুক্তির আলোকে ছিটমহল বিনিময়ের দাবিতে দীর্ঘ দেড় বছর ধরে আন্দোলন চলছে। তাঁরা রাজনীতির ঊর্ধ্বে এসে শুধু মানবিক দৃষ্টিভঙ্গি থেকে সর্বস্তরের নাগরিকদের এই আন্দোলনকে সমর্থন ও আন্দোলনে শামিল হওয়ার আহ্বান জানান।