পঞ্চগড়ে গোলাম আযমের নামে বই উদ্ধার, আটক ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড়ে ‘মিডিয়ার মুখোমুখি ও জাতির উদ্দেশ্যে গোলাম আযম’ নামে এক হাজার বই উদ্ধার হয়েছে। এ ঘটনায় পুলিশ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা জামায়াতের আমির আবদুল খালেকের ব্যবসাপ্রতিষ্ঠান জাকিয়া ট্রেডার্সের তিন কর্মচারীকে আটক করেছে।আজ রোববার দুপুরে পঞ্চগড় শহরের তেঁতুলিয়া রোডে অবস্থিত ব্যবসাপ্রতিষ্ঠান থেকে ওই তিন কর্মচারীকে আটক করা হয়। আটক কর্মচারীরা হলেন মো. আমিনুর রহমান (৩০), মো. মানিক হোসেন (২০) ও মো. সামিউল ইসলাম (২২)।পুলিশ জানায়, গোলাম আযমের মুক্তির দাবিতে বই ও পোস্টার পঞ্চগড়ে আসবে—এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ কয়েক দিন ধরে খোঁজখবর নিচ্ছিল। গতকাল শনিবার রাতে কুরিয়ার সার্ভিসে উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল খালেকের প্রতিষ্ঠান জাকিয়া ট্রেডার্সের নামে বইগুলো আসে। ৮ ফাগুন নামের একটি প্রকাশনা সংস্থা ওই বইগুলো তাঁর নামে পাঠায়। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পঞ্চগড় থানার উপপরিদর্শক (এসআই) হুমায়ুন রেজা সুন্দরবন কুরিয়ার সার্ভিসে গিয়ে ‘মিডিয়ার মুখোমুখি ও জাতির উদ্দেশে গোলাম আযম’ নামের এক হাজার বইয়ের একটি কার্টন উদ্ধার করে থানায় নিয়ে আসে।কর্মচারীরা বলেন, ‘আমরা এ বিষয়ে কিছুই জানি না। আমরা ওই প্রতিষ্ঠানের কর্মচারী মাত্র। দুপুরে দোকানে গিয়ে পুলিশ আমাদের ধরে নিয়ে থানায় এনেছে।’পঞ্চগড় থানার এসআই হুমায়ুন রেজা বই উদ্ধার এবং তিন কর্মচারীকে আটকের কথা স্বীকার করে জানান, বইয়ের জব্দ তালিকা করা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।এ বিষয়ে পঞ্চগড় সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা জামায়াতের আমির মাওলানা আবদুল খালেকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কিছু জানেন না বলে জানান। তবে তিনি বই উদ্ধারের কথা শুনেছেন বলে জানা গেছে।