পঞ্চগড়ে চতুর্থ দিনের মতো গণ-অনশন চলছে
পঞ্চগড়ের ছিটমহলবাসীর অনির্দিষ্টকালের জন্য ডাকা গণ-অনশন আজ বুধবার চতুর্থ দিনের মতো অব্যাহত রয়েছে। ইন্দিরা-মুজিব চুক্তির আলোকে ছিটমহল বিনিময় বাস্তবায়নসহ তিন দফা দাবিতে এ কর্মসূচি পালন করা হচ্ছে।গতকাল মঙ্গলবার অনশন কর্মসূচির তৃতীয় দিনে বিকেল পর্যন্ত স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে কোনো প্রতিশ্রুতি বা আশ্বাস দেওয়া হয়নি। তবে, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) কেন্দ্রীয় সভাপতি শফিউল আলম প্রধান গতকাল বেলা ১১টায় অনশন মঞ্চে হাজির হয়ে এ আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করেন।এদিকে, অনশন কর্মসূচিতে অংশ নিয়ে সমন্বয় কমিটির সভাপতিসহ ১০ জন অসুস্থ হয়ে পড়েছেন। বোদা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আনোয়ার আলী অনশনকারীদের চিকিত্সা দেন। তিনি অসুস্থ কয়েকজনকে হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেন।গত রোববার বিকেল চারটা থেকে জেলার বোদা উপজেলার জেম জুটমিল এলাকায় অবস্থিত পঞ্চগড়-ঢাকা মহাসড়কের নিকটবর্তী ভারতীয় পুটিমারি ছিটমহলে নির্মিত মঞ্চে এ কর্মসূচি পালন করা হচ্ছে। বাংলাদেশ-ভারত ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির বাংলাদেশ শাখার উদ্যোগে দেশের ১১১টি ছিটমহলের নেতারা এই অনশনে যোগ দেন। তাঁরা বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের অনশন কর্মসূচি চলবে। ‘হয় নাগরিকত্ব, নয় মৃত্যু’—এই স্লোগান নিয়ে এই অনশন কর্মসূচি শুরু হয়েছে।১৯৭৪ সালের ইন্দিরা-মুজিব চুক্তির আলোকে ছিটমহল বিনিময়ের দাবিতে দীর্ঘ দেড় বছর ধরে আন্দোলন চলছে। তাই রাজনীতির ঊর্ধ্বে এসে শুধু মানবিক দৃষ্টিভঙ্গি থেকে সর্বস্তরের নাগরিকদের এ আন্দোলনকে সমর্থন ও আন্দোলনে শামিল হওয়ার আহ্বান জানান নেতারা।