পঞ্চগড়ে ছাত্রলীগ নেতা খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দরপত্র দাখিল নিয়ে পঞ্চগড় শহরে গতকাল বৃহস্পতিবার যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীদের সংঘর্ষে ছাত্রলীগের নেতা ফারুক হোসেন নিহত হয়েছেন। সংঘর্ষে আহত হয়েছেন উভয় পক্ষের কমপক্ষে ১১ জন। এ ঘটনায় ফারুকের সমর্থক ছাত্রলীগ ও যুবলীগের একাংশ পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়ক অবরোধ করে। হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তারা জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক আবু তোয়াবুর রহমানের বাড়িও ভাঙচুর করে। এ ঘটনায় শহরের গুরুত্বপূর্ণ এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। খুনের ঘটনাটি প্রশাসন গভীরভাবে পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক বনমালী ভৌমিক।দিনাজপুর শহরেও দরপত্র দাখিল নিয়ে আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগ এবং যুবলীগের নেতা-কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া হয়েছে। পরে আওয়ামী লীগের নেতা-কর্মী ও পুলিশের সহায়তায় সাধারণ ঠিকাদারেরা দরপত্র জমা দেন। অভিযোগ উঠেছে, গণপূর্ত বিভাগের ১৪ কোটি টাকার ঠিকাদারি কাজের নিয়ন্ত্রণ নিতে ভূমি প্রতিমন্ত্রীর সহকারী একান্ত সচিব (এপিএস) মির্জা আশফাকের অনুসারী যুবলীগের নেতা-কর্মীরা সাধারণ ঠিকাদারদের দরপত্র জমা দিতে বাধা দিলে ঘটনার সূত্রপাত হয়। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল পঞ্চগড় সদর উপজেলার ১০টি সরকারি পুকুর ইজারার দরপত্র দাখিলের শেষ দিন ছিল। ছাত্রলীগ ও যুবলীগের একাংশের নেতা-কর্মীরা সকাল থেকেই দরপত্র দাখিলের স্থান উপজেলা পরিষদ চত্ব্বরে অবস্থান নেন। এতে নেতৃত্বে ছিলেন জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ও সংগঠনের পৌর সাধারণ সম্পাদক আসাদুজ্জামান। দুপুর সাড়ে ১২টার দিকে পৌরসভার ১ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেনের নেতৃত্বে ছাত্রলীগ-যুবলীগের আরেকটি অংশ দরপত্র জমা দিতে যায়। এ সময় প্রতিপক্ষ ছাত্রলীগ-যুবলীগের নেতা-কর্মীরা তাদের বাধা দেয়। বাধা উপেক্ষা করে ফারুকের নেতৃত্বে নেতা-কর্মীরা দরপত্র জমা দিয়ে উপজেলা পরিষদ ভবন ত্যাগ করার সময় হামলার শিকার হন। প্রতিপক্ষের নেতা-কর্মীরা ছুরি ও রড নিয়ে ফারুকের অনুসারী নেতা-কর্মীদের ওপর হামলা করে। এতে দুই পক্ষে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষে ফারুকসহ উভয় পক্ষের অন্তত ১১ জন আহত হয়। আহত ব্যক্তিদের মধ্যে ছাত্রলীগের ফারুক (২০), সুজন (২২), লিটন (২৪) ও আমিনুল ইসলামকে (২৫) সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। ফারুকের অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। অন্য আহত ব্যক্তিরা বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।জানা গেছে, ফারুক উন্মুুক্ত বিশ্ববিদ্যালয়ের উচ্চমাধ্যমিক শ্রেণীর ছাত্র। তাঁর বাড়ি শহরের মিঠাপুকুর এলাকায়। বাবা আকবর আলী জেলা প্রশাসকের কার্যালয়ের গাড়িচালক।পৌরসভার ১ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি ফিরোজ কামাল এবং ওয়ার্ড যুবলীগের সভাপতি মোস্তফা কামাল অভিযোগ করেন, জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ও সংগঠনের পৌর সাধারণ সম্পাদক আসাদুজ্জামানের নেতৃত্বে ওই হামলা হয়। এতে ফারুক নিহত হন।নিহত ফারুকের ভাই ফরিদ হোসেন অভিযোগ করেন, কয়েকজন চিহ্নিত টেন্ডারবাজের নেতৃত্বে তাঁর ভাইয়ের ওপর হামলা চালানো হয়েছে।সদর আধুনিক হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে ফারুকের লাশ বেলা তিনটার দিকে তাঁদের বাসায় নেওয়া হয়। এ সময় ফারুকের স্বজন ও বন্ধুরা কান্নায় ভেঙে পড়েন। ফারুকের মা ফিরোজা বেগম শোকে নির্বাক হয়ে যান।এ ঘটনায় ছাত্রলীগ ও যুবলীগের ক্ষুব্ধ একটি অংশ দুপুর একটার দিকে শহরের মিঠাপুকুর এলাকায় স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) সামনে পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়ক অবরোধ করে। ফারুকের হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ছাত্রলীগ-যুবলীগের ক্ষুব্ধ নেতা-কর্মীরা বেলা দুইটার দিকে জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক আবু তোয়াবুর রহমানের বাড়ি ভাঙচুর করেন।তবে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন তোয়াবুর রহমান। তিনি বলেন, ‘রাজনৈতিকভাবে আমাকে ফাঁসাতে ছাত্রলীগ-যুবলীগের কিছু কর্মী আমার বাড়িতে ভাঙচুর করেছে।’সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জমির উদ্দিন জানান, নিহত ফারুকের বুকের বাঁ পাশে ধারালো অস্ত্রের আঘাত এবং হাতের কনুইয়ের ভেতরের অংশে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।পঞ্চগড়-১ (সদর-আটোয়ারী-তেঁতুলিয়া) আসনের সাংসদ মো. মজাহারুল হক প্রধান বলেন, দলের কেউ জড়িত থাকলে তাঁর বিরুদ্ধেও আইনগত ও দলীয় ব্যবস্থা নেওয়া হবে।দিনাজপুরে ঠিকাদারদের মারধর-ধাওয়া: দিনাজপুর গণপূর্ত বিভাগ সূত্রে জানা গেছে, জেলা কারাগারের চারটি ভবন পুনর্নির্মাণে সাড়ে তিন কোটি করে মোট ১৪ কোটি টাকার কাজের দরপত্র আহ্বান করা হয়। দিনাজপুর গণপূর্ত কার্যালয়ে দরপত্র জমা দেওয়ার শেষ সময় ছিল গতকাল দুপুর ১২টা।সাধারণ ঠিকাদারেরা অভিযোগ করেন, ভূমি প্রতিমন্ত্রীর এপিএস মির্জা আশফাকের নেতৃত্বে সকাল সাড়ে আটটা থেকেই চাপাতি, ছুরি, হকিস্টিক, লাঠিসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে শতাধিক যুবক গণপূর্ত কার্যালয় এলাকায় অবস্থান নেয়। বাধা উপেক্ষা করে কয়েকজন ঠিকাদার দরপত্র জমা দেওয়ার চেষ্টা করলে ওই যুবকেরা তাঁদের পিটিয়ে গণপূর্ত কার্যালয় থেকে বের করে দেয়। তাঁদের কাছ থেকে দরপত্র ও ব্যাংক ড্রাফট কেড়ে নেওয়া হয়।বেলা সাড়ে ১১টার দিকে জেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. আলাউদ্দিন ও বজলুল হক, প্রচার সম্পাদক আতাউর রহমান আজাদ ওরফে বাবলু ও সাংগঠনিক সম্পাদক ফারুকুজ্জামান চৌধুরীর নেতৃত্বে জেলা স্বেচ্ছাসেবক লীগের কয়েক শ নেতা-কর্মী গণপূর্ত কার্যালয়ে আসেন। তাঁরা দরপত্র দাখিলে বাধা দেওয়া সন্ত্রাসীদের ধাওয়া করে সেখান থেকে বের করে দেন। এরপর ঠিকাদারেরা দরপত্র দাখিল করেন। দিনাজপুর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. নজিবর রহমান জানান, দুপুর পৌনে ১২টা থেকে ১২টার মধ্যে প্রায় ৭০টি দরপত্র জমা পড়েছে।আওয়ামী লীগের নেতা মো. আলাউদ্দিন, বজলুল হক, ফারুকুজ্জামান চৌধুরী ও আতাউর রহমান আজাদসহ দলের ২০-২৫ জন নেতা-কর্মী দিনাজপুর প্রেসক্লাবে আসেন। তাঁরা ঘটনার জন্য ভূমি প্রতিমন্ত্রীর এপিএস জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মির্জা আশফাককে দায়ী করেন। নেতারা অভিযোগ করেন, ‘মির্জা আশফাক মন্ত্রীর এপিএস হওয়ার পর ঠিকাদারি কাজে বাধা এবং দিনাজপুর চেম্বার, প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়নসহ বিভিন্ন সংগঠনের কমিটি গঠনে হস্তক্ষেপসহ বিভিন্ন অন্যায় কাজ করে আসছেন। এতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে।’মির্জা আশফাকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, ‘আজ (বৃহস্পতিবার) আমি গণপূর্ত বিভাগ কার্যালয়ের ধারে-কাছেও যাইনি।’দলীয় নেতা-কর্মীদের অভিযোগ সম্পর্কে আশফাক বলেন, ‘এটা নেতৃত্বের কোন্দল। কারণ, দলের আসন্ন কাউন্সিলে আমি সাধারণ সম্পাদক পদে প্রার্থী হতে চাই। অন্যদিকে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শরীফুল আহসান ও সাংগঠনিক সম্পাদক ফারুকুজ্জামান চৌধুরীসহ কয়েকজন এই পদে আসতে চান। তাই নেতা-কর্মী ও কাউন্সিলরদের কাছে আমার ভাবমূর্তি ক্ষুণ্ন করতে নেতারা সাংবাদিকদের কাছে মিথ্যাচার করছেন।’