পঞ্চগড়ে ছাত্রলীগ নেতা খুনের ঘটনায় ১৬ জনের বিরুদ্ধে মামলা
পঞ্চগড়ে যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীদের সংঘর্ষে ছাত্রলীগের নেতা ফারুক হোসেন নিহতের ঘটনায় গ্রেপ্তারকৃত পাঁচজনসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। আজ শুক্রবার বিকেল পাঁচটায় নিহতের বড় ভাই ফজলুল হক পঞ্চগড় থানায় এ মামলা করেছেন।মামলায় অভিযুক্ত আসামিরা হলেন জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক আবু তোয়াবুর রহমান, দপ্তর সম্পাদক জুলফিকার আলী, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, যুবলীগের কর্মী লিটন, মিজানুর রহমান ওরফে মঞ্জু, মহসীন এবং শ্রমিক লীগের কর্মী আনিসুর রহমান ও মোস্তাফিজুর রাহমান ওরফে মেরু। অভিযুক্ত বাকিরা সবাই যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মী। পঞ্চগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জমিরউদ্দিন জানান, মামলায় অভিযুক্তদের ধরতে পুলিশ অভিযান চালাবে। তিনি আরও জানান, ঘটনার সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে গতকাল রাতে গ্রেপ্তার করা পাঁচজনের বিরুদ্ধে মুখ্য মহানগর হাকিম আদালতে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করা হবে।এদিকে এ ঘটনার সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে গতকাল বৃহস্পতিবার গভীর রাতে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সদর উপজেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। সংঘর্ষের ঘটনায় ব্যবহূত চাপাতিটি উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে গভীর রাতে ছাত্রলীগ ও যুবলীগ কর্মীদের একাংশ পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়ক থেকে অবরোধ তুলে নেয়।গ্রেপ্তারকৃত পাঁচজন হলেন যুবলীগের কর্মী লিটন (২৪), মিজানুর রহমান ওরফে মঞ্জু (২৮), মহসীন (৩২) এবং শ্রমিক লীগের কর্মী আনিসুর রহমান (২০) ও মোস্তাফিজুর রাহমান ওরফে মেরু (২৪)।দরপত্র দাখিল নিয়ে পঞ্চগড় শহরে গতকাল বৃহস্পতিবার যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীদের সংঘর্ষ হয়। এতে ছাত্রলীগের নেতা ফারুক হোসেন নিহত হয়েছেন। সংঘর্ষে আহত হয় উভয় পক্ষের কমপক্ষে ১১ জন। এ ঘটনায় ফারুকের সমর্থক ছাত্রলীগ ও যুবলীগের একাংশ পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়ক অবরোধ করে। হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তারা জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক আবু তোয়াবুর রহমানের বাড়িও ভাঙচুর করে।