পঞ্চগড়ে ছিটমহলবাসীর দ্বিতীয় দিনের কর্মসূচি পালিত
ছিটমহল বিনিময়ের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা ও নাগরিকত্বের দাবিতে পঞ্চগড়ে ছিটমহলবাসীরা তাঁদের নির্ধারিত ১০ দিনব্যাপী কর্মসূচির আজ শনিবার দ্বিতীয় দিনের কর্মসূচি পালন করেছে। আজ সকাল থেকে দুপুর পর্যন্ত বিভিন্ন দাবি-সংবলিত ব্যানার ও ফেস্টুন নিয়ে বিভিন্ন পেশাজীবী মানুষদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে তাঁরা এই কর্মসূচি পালন করে। পঞ্চগড় জেলার অভ্যন্তরে অবস্থিত ভারতের ১২টি ছিটমহলের বাসিন্দারা গতকাল থেকে এই কর্মসূচি পালন করছে।জানা গেছে, মতবিনিময় ও জনমত সংগ্রহ কর্মসূচির পর ছিটমহলবাসীরা পঞ্চগড় কেন্দ্রীয় শহীদ মিনারে একটি সমাবেশের আয়োজন করে।সমাবেশে ছিটমহল বিনিময়ের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা ও নাগরিকত্বের দাবি জানিয়ে বক্তারা বলেন, ১০ দিনব্যাপী এ কর্মসূচি বাংলাদেশ এবং ভারতে অবস্থিত ১৬২টি ছিটমহলে একই সঙ্গে পালিত হচ্ছে। ভারতের কুচবিহারে বাংলাদেশি ছিটমহলগুলোতেও সংবাদ সম্মেলনের মাধ্যমে একই আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হয়েছে।সমাবেশে নাজিরগঞ্জ ছিটমহলের চেয়ারম্যান জয় প্রকাশ আগামী দিনগুলোর কর্মসূচি ঘোষণা করেন। কর্মসূচিগুলোর মধ্যে আছে কাল রোববার সর্বসাধারণের স্বাক্ষর সংগ্রহ অভিযান, ২৬ সেপ্টেম্বর রাতে নিষ্প্রদীপ কর্মসূচি, ২৭ সেপ্টেম্বর কোনো বাড়িতে দিনের বেলা রান্নার চুলা জ্বলবে না (অরন্ধন), ২৮ সেপ্টেম্বর সন্ধ্যায় সর্বত্র মোমবাতি প্রজ্বলন, ২৯ সেপ্টেম্বর দুপুরে মৌন মিছিল, ৩০ সেপ্টেম্বর সাইকেল মিছিল, ১ অক্টোবর মশাল মিছিল এবং ২ অক্টোবর সব ছিটমহলে দাবি আদায়ের পক্ষে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে।সমাবেশে ছিটমহল নাগরিক কমিটির চেয়ারম্যান মফিজার রহমান, শাহিদ মুন্সি, ফয়জুল হক সরদার, শাহ আলম, আনছার আলী, নুর হোসেন, শালবাড়ি এবং দহলা খাগড়াবাড়ি ছিটমহলের সিরাজুল ইসলাম, আবদুল মাজেদ, মজিবুল, আব্বাছ আলী, মজিদুল ইসলাম, আবুল হোসেন, মখলেছার রহমান প্রমুখ বক্তব্য দেন।