পঞ্চগড়ে তৃতীয় দিনেও অনশন চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড়ে অনির্দিষ্টকালের জন্য ঘোষিত গণ-অনশন আজ তৃতীয় দিনের মতো অব্যাহত রয়েছে। ইন্দিরা-মুজিব চুক্তির আলোকে ছিটমহল বিনিময় বাস্তবায়নসহ তিন দফা দাবিতে আজ মঙ্গলবার তৃতীয় দিনের মতো এ কর্মসূচি চলছে।গতকাল সোমবার অনশন কর্মসূচির দ্বিতীয় দিনে বিকেল পর্যন্ত স্থানীয় প্রশাসনের কেউ কোনো প্রতিশ্রুতি না দিলেও জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) কেন্দ্রীয় সভাপতি শফিউল আলম প্রধান আজ বেলা ১১টায় অনশন মঞ্চে হাজির হয়ে এ আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করেন। তিনি বলেন, ‘আমরা প্রটোকল বুঝি না। চুক্তির বাস্তবায়ন চাই। ৬৫ বছর ধরে এরা শোষণ, নিপীড়ন আর বঞ্চনার মধ্য দিয়ে মানবেতর জীবনযাপন করে আসছে। এ সমস্যার দ্রুত সমাধান চাই।’ তিনি আরও বলেন, আগামী বিজয় দিবসের মধ্যে এ সমস্যার সমাধান না হলে তাঁরা নিজেরাই বাংলাদেশের পক্ষে স্বাধীনতার ঘোষণা দেবেন।এদিকে, অনশন কর্মসূচিতে অংশ নিয়ে সমন্বয় কমিটির সভাপতিসহ নয়জন অসুস্থ হয়ে পড়েছেন। পরে বোদা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের আবাসিক চিকিত্সক রঞ্জন কুমার সেন তাঁদের চিকিত্সা সেবা দিচ্ছেন।গত রোববার বিকেল চারটা থেকে জেলার বোদা উপজেলার জেম জুটমিল এলাকায় অবস্থিত পঞ্চগড়-ঢাকা মহাসড়কের নিকটবর্তী ভারতীয় পুটিমারী ছিটমহলে নির্মিত মঞ্চে এ কর্মসূচি পালন করা হচ্ছে। বাংলাদেশ-ভারত ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির বাংলাদেশ শাখার উদ্যোগে দেশের ১১১টি ছিটমহলের নেতারা এই অনশনে যোগ দেন। তাঁরা বলেন, ‘দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের অনশন কর্মসূচি চলবে। “হয় নাগরিকত্ব, নয় মৃত্যু”—এই স্লোগান নিয়ে আমাদের এই অনশন কর্মসূচি শুরু হয়েছে।’১৯৭৪ সালের ইন্দিরা-মুজিব চুক্তির আলোকে ছিটমহল বিনিময়ের দাবিতে দীর্ঘ দেড় বছর ধরে আন্দোলন চলছে। তাই রাজনীতির ঊর্ধ্বে এসে শুধু মানবিক দৃষ্টিভঙ্গি থেকে সর্বস্তরের নাগরিকদের এ আন্দোলনকে সমর্থন ও আন্দোলনে শামিল হওয়ার আহ্বান জানান নেতারা।