পঞ্চগড়ে পঞ্চম দিনে গণ-অনশন
পঞ্চগড়ের ছিটমহলবাসীর অনির্দিষ্টকালের জন্য ডাকা গণ-অনশন আজ বৃহস্পতিবার পঞ্চম দিনের মতো অব্যাহত রয়েছে। ইন্দিরা-মুজিব চুক্তির আলোকে ছিটমহল বিনিময় বাস্তবায়নসহ তিন দফা দাবিতে এ কর্মসূচি পালন করা হচ্ছে।গতকাল বুধবার চতুর্থ দিন পর্যন্ত এই অনশন কর্মসূচিতে অনেকেই নৈতিক সমর্থন দিলেও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে কোনো প্রতিশ্রুতি বা আশ্বাস দেওয়া হয়নি। তবে, গতকাল দুপুরে জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবু সালেক নেতা-কর্মীদের নিয়ে অনশনস্থলে উপস্থিত হয়ে সংহতি প্রকাশ করেছেন। তিনি বলেন, পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের নির্দেশেই তিনি কর্মসূচিতে যোগ দিয়েছেন। তিনি বলেন, ‘আমরা চাই মানবিক কারণে দ্রুত ছিটমহল চুক্তি বাস্তবায়ন হোক।’ একই সময় জাতীয় পার্টির প্রেসিডিয়ামের সদস্য তাজুল ইসলাম চৌধুরী মুঠোফোনে এই আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করেন।এদিকে, টানা অনশনে অংশ নিয়ে ভারত-বাংলাদেশ ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির সভাপতিসহ অনেকেই অসুস্থ হয়ে অনশন স্থলেই অবস্থান করছেন। এঁদের মধ্যে কয়েকজনের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। স্থানীয়ভাবে এঁদের চিকিত্সা দেওয়া হচ্ছে। কুড়িগ্রামের দাশিয়ারছড়া ছিটমহলের লিলি আকতার (৫০) বলেন, ‘আমরা পাঁচ দিন ধরে অনশন করছি। অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন। আমরা মরব, নয়তো নাগরিকত্ব অর্জন করব। আমাদের শিক্ষা, চিকিত্সার অধিকার নেই। আমরা হজে যেতে পারি না। আমরা চাই বাংলাদেশের নাগরিক হিসেবে বেঁচে থাকতে।’ এ ব্যাপারে জেলা প্রশাসক মো. তোফাজ্জল হোসেন মিয়া প্রথম আলো অনলাইনকে বলেন, ‘স্থানীয়ভাবে আমাদের কোনো করণীয় নেই। বিষয়টি দুই দেশের উচ্চপর্যায়ের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। তবে বর্তমান সরকার এ বিষয়ে আন্তরিকতার সঙ্গে কাজ করছেন। আমরা আইনশৃঙ্খলার বিষয়টির প্রতি নজর রাখছি।’ গত রোববার বিকেল চারটা থেকে জেলার বোদা উপজেলার জেম জুটমিল এলাকায় অবস্থিত পঞ্চগড়-ঢাকা মহাসড়কের নিকটবর্তী ভারতীয় পুটিমারি ছিটমহলে নির্মিত মঞ্চে এ কর্মসূচি পালন করা হচ্ছে। বাংলাদেশ-ভারত ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির বাংলাদেশ শাখার উদ্যোগে দেশের ১১১টি ছিটমহলের নেতারা এ অনশনে যোগ দেন। ‘হয় নাগরিকত্ব, নয় মৃত্যু’—এই স্লোগান নিয়ে এই অনশন কর্মসূচি শুরু করে তাঁরা।