পঞ্চগড়ে পরিবহন শ্রমিকদের সংঘর্ষে যান চলাচল বন্ধ, আহত ২০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড়ে দুটি পরিবহন সংগঠনের সদস্যদের মধ্যে আজ শনিবার সকাল ১০টায় এক সংঘর্ষ ঘটার পর থেকে পঞ্চগড়ের সঙ্গে সারা দেশের যান চলাচল বন্ধ রয়েছে। পঞ্চগড়-ঢাকা মহাসড়কের পাশে তেলিপাড়া ট্রাক টার্মিনালসংলগ্ন এলাকায় পঞ্চগড় জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়ন ও পঞ্চগড় ট্রাক-লরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের মধ্যে সাংগঠনিক বৈধতার প্রশ্নে সংঘটিত এই সংঘর্ষে দুই পক্ষের অন্তত ২০ জন আহত হয়। আহতদের পঞ্চগড় সদর হাসপাতালে প্রাথমিক চিকিত্সা দেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।পঞ্চগড় জেলা প্রশাসনের কর্মকর্তারা সংগঠন দুটির নেতাদের সঙ্গে আলোচনা করছেন।পঞ্চগড় জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি রেনু মিয়া নিজেদের সংগঠনের ভূমিকাকে ন্যায্য দাবি করে বলেন, ‘ট্রাক-লরি শ্রমিকেরা একটি ট্রাক দিয়ে রাস্তা অবরোধ করলে আমাদের সংগঠনের সদস্যরা তা সরাতে যায়। তখন তারা আমাদের শ্রমিকদের ওপর আক্রমণ করে। এতে আমাদের ১০ জন শ্রমিক আহত হয়।’অপর পক্ষে, ট্রাক-লরি শ্রমিক ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জসিদুল ইসলাম বলেন, ‘আমরা কোনো অবরোধ করিনি। জেলা মোটর শ্রমিক ইউনিয়নের অবৈধতার ব্যাপারটি আমরা প্রশাসনকে জানিয়েছি। তারা সমঝোতার চেষ্টা চালাচ্ছে। তবে জেলা মোটর শ্রমিক ইউনিয়ন ওই সংগঠনের কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। তারা আমাদের অফিসে এসে আক্রমণ করলে আমাদের ১০ জন কর্মী আহত হয়।’পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুদ্দিন বলেন, ‘এই দুটি সংগঠনের বৈধতা নিয়ে অনেক দিন ধরে বিরোধ চলে আসছে। এ নিয়ে আমরা সমঝোতার চেষ্টা করছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।’