পঞ্চগড়ে পাথর উত্তোলনে কমছে কৃষিজমি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড়ের সমতল কৃষিজমি থেকে নির্বিচারে পাথর তোলা হচ্ছে। আর ভূগর্ভস্থ খনিজ সম্পদ পাথর উত্তোলনের কোনো নীতিমালা না থাকায় কাজটি করা হচ্ছে যথেচ্ছভাবে। এভাবে পাথর তোলায় জেলায় কমে যাচ্ছে কৃষিজমি। পরিবেশ ও জীববৈচিত্র্য পড়েছে হুমকির মুখে। পরিবেশ-বিপর্যয়ের আশঙ্কা করছেন পরিবেশ বিজ্ঞানীরা। জেলা কৃষি কার্যালয় সূত্র জানায়, বিশাল বিশাল গর্ত করে পাথর তোলায় শুধু তেঁতুলিয়া উপজেলায় সাত শ হেক্টর জমি অনাবাদি হয়ে পড়েছে। দিন দিন এর পরিমাণ বাড়ছে। আবাদি জমি থেকে পাথর উত্তোলনের কাজে নিয়োজিত নাম প্রকাশে অনিচ্ছুক শ্রমিকেরা জানান, প্রথমে লোহার রড দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে জমির তলদেশে পাথর আছে কি না, তা বোঝা হয়। পরে মাটি খুঁড়ে তোলা হয় পাথর। মাটির ছয়-সাত ফুট থেকে ১৫-২০ ফুট নিচেই পাওয়া যায় পাথর। এসব পাথর তুলে নেটিং করে বিক্রি করা হয়। সরেজমিনে দেখা গেছে, পঞ্চগড়ের সদর, তেঁতুলিয়া উপজেলার বিভিন্ন সীমান্তবর্তী নদী ও নদীতীরবর্তী এলাকায় নিয়মনীতির তোয়াক্কা না করে খাসজমি দখল করে পাথর তোলা চলছে। সমতলভূমির ৩০/৪০ ফুট পর্যন্ত গভীর গর্ত করে পাথর তোলা হচ্ছে। সাও নদসংলগ্ন এলাকা থেকে পাথর তোলায় ইতিমধ্যে ভারতের নদীগর্ভে বাংলাদেশি এলাকা বিলীন হয়েছে। আরও জমি বিলীন হওয়ার আশঙ্কা করা হচ্ছে। তেঁতুলিয়া উপজেলায় সমতলভূমি থেকে পাথর তোলায় আবাদি জমি মরুভূমিতে পরিণত হচ্ছে। উপজেলাটি এমনিতেই উঁচু ভূমি। তেঁতুলিয়া ও পঞ্চগড় সদর উপজেলায় আবাদি জমি খনন করে ব্যাপক পাথর তোলায় নিচের বালু উপরে ওঠে জমি বালুময় হয়ে হচ্ছে। সরেজমিনে দেখা যায়, অপরিকল্পিভাবে মাটির ৩০/৪০ ফুট গভীর থেকে পাথর তোলায় বাংলাদেশি ভূমিসহ নানা অবকাঠামোসহ সীমান্তের সাও নদসহ বিভিন্ন নদীতে বিলীন হওয়ার আশঙ্কা করা হচ্ছে। জেলার তেঁতুলিয়া, বোদা, দেবীগঞ্জ, আটোয়ারী ও সদর থানার মাত্র ১৫-২০ ফুট মাটির নিচে প্রচুর নুড়ি পাথর মজুদ আছে। ভূতত্ত্ববিদদের পরিসংখ্যান থেকে জানা যায়, কেবল পঞ্চগড় সদর ও তেঁতুলিয়া উপজেলার ভূগর্ভে আট কোটি ঘনফুট নুড়ি পাথর মজুদ আছে। পরিকল্পনা নিয়ে সঠিকভাবে এসব এলাকায় অনুসন্ধান চালালে আরও অনেক বেশি নুড়ি পাথরের ভান্ডার খুঁজে পাওয়া যাবে। এই এলাকার পাথর দিয়ে দেশের কংক্রিট শিল্পের প্রায় ৭০ ভাগ চাহিদা মেটানো হয়। অথচ এই পাথর উত্তোলনের কোনো নীতিমালা নেই। জমি যার পাথর তার, এই নীতিতেই চলছে পাথর তোলা বলে জানালেন স্থানীয় শ্রমিক সংগঠনগুলোর নেতারা। খোঁজ নিয়ে জানা যায়, জমি কিনে, লিজ অথবা বন্ধক নিলেই পাথরের মালিক হওয়া যায়। এ জন্য সরকারকে কোনো ট্যাক্স দিতে হয় না। তবে পঞ্চগড় পাথর-বালি যৌথ ফেডারেশন রসিদমূলে ৫০ টাকা ছাড়াও পঞ্চগড় মহাসড়কে বাঁশকল বসিয়ে প্রতি ট্রাকে দুই-তিন শ টাকা হাতিয়ে নেয়। অথচ মজুরদের প্রতি সিএফটিতে দেওয়া হয় মাত্র চার-পাঁচ টাকা। সিন্ডিকেট বা সমিতি বানিয়ে স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা প্রতিবারই এসব পাথরকোয়ারি ইজারা নিয়ে আসছে। প্রতিবছরই এক থেকে দেড় লাখ টাকার মধ্যেই মহালগুলো ইজারা নেওয়ার সুযোগ পায় তারা।জেলা প্রশাসন সূত্র জানায়, স্থানীয় নদীগুলোকে ২১টি পাথরমহালে ভাগ করা হয়েছে। পাথরমহালের নীতিমালা চূড়ান্ত না হওয়ায় বর্তমানে ইজারা বন্ধ রয়েছে। তবে সংশ্লিষ্ট উপজেলা প্রশাসনের মাধ্যমে ২১টি মহালে মাসিক ভিত্তিতে খাস কালেকশন চলছে। ইজারাদার সূত্রে জানা যায়, নামমাত্র অর্থে খাস কালেকশনে পাথরমহাল নেওয়া হলেও সংশ্লিষ্ট কর্মকর্তাদের অতিরিক্ত অর্থ দিয়েই কালেকশনের অনুমতি নিতে হয়। অতিরিক্ত অর্থ ছাড়া তারা অনুমতি দিতে নানাভাবে হয়রানি করে। এসব অতিরিক্ত অর্থ প্রশাসনের কর্তাব্যক্তিদের পকেটে যায় বলেও সূত্রটি দাবি করেন। পঞ্চগড় জেলা পাথর-বালি সরবরাহকারী ও ব্যবসায়ী সমিতির সভাপতি এবং ধাক্কামারা ইউনিয়নের চেয়ারম্যান মো. আমানুল্লাহ জানান, নির্ধারিত মহালের ডাককৃত অর্থ জমা দেওয়ার পরও সমপরিমাণ অর্থ জমা দিতে হয় জেলা প্রশাসকের এল আর ফান্ডে। না হলে বিভিন্নভাবে হয়রানির শিকার হতে হয়। তেঁতুলিয়া উপজেলা কৃষি কর্মকর্তা কমল কুমার বলেন, বড় বড় গর্ত করে পাথর তোলায় আবাদি কৃষিজমি কমে যাচ্ছে। মাটির উর্বরতা শক্তি কমে যাচ্ছে। পরিবেশে বিরূপ প্রভাব পড়ছে। জীববৈচিত্র্য ধ্বংস হচ্ছে। তেঁতুলিয়ায় অনাবাদি হয়ে পড়া প্রায় সাত শ হেক্টর জমি দীর্ঘদিনেও আর আবাদি করা সম্ভব হবে না। পঞ্চগড় পরিবেশ পরিষদের সভাপতি ও সরকারি মহিলা কলেজের ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের প্রধান তোহিদুল বারী বলেন, পঞ্চগড়-তেঁতুলিয়ার বিভিন্ন এলাকার সমতল কৃষিজ জমি থেকে পাথর তোলা হচ্ছে। এই পাথর তুলতে বিশাল বিশাল গর্ত করা হচ্ছে। পাথর তোলার পর এসব জমি পতিত হয়ে পড়ছে। এতে ভূমির গঠন ও প্রকৃতি বদলে যাচ্ছে। ফলে কৃষি, পরিবেশ, জীববৈচিত্র্য হুমকির মুখে পড়েছে। ভূমিধসসহ পরিবেশ বিপর্যয়ে শঙ্কা সৃষ্টি হচ্ছে। পাথর উত্তোলনকারী শ্রমিকদের নেতা ও তেঁতুলিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তারুল হক বলেন, খাসজমিসহ সমতল কৃষিজ জমি থেকে অবৈধ ও অপরিকল্পিতভাবে ড্রিল ড্রেজার দিয়ে পাথর উত্তোলন বন্ধে শ্রমিকদের নিয়ে আন্দোলন চালানো হচ্ছে। বর্তমানে একটি মহল বিভিন্ন স্থানে জমি দখল করেও পাথর তুলছে। প্রশাসন ব্যবস্থা না নেওয়ায় পরিস্থিতির অবনতি ঘটছে। অতিরিক্ত জেলা প্রশাসক (ভূমি) মো. নজরুল ইসলাম বলেন, কৃষিজমি থেকে পাথর তোলা বন্ধের কোনো নীতিমালা নেই। তা ছাড়া ৩০-৪০ হাজার মানুষের জীবন-জীবিকা এই পাথর তোলার ওপর নির্ভরশীল। পাথরমহালের নীতিমালা চূড়ান্ত না হওয়ায় বর্তমানে ইজারা বন্ধ রয়েছে।