পঞ্চগড়ে পৌর কাউন্সিলর সড়ক দুর্ঘটনায় নিহত
পঞ্চগড় পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত কাউন্সিলর মোছা. মরিয়ম বেগম (৫০) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, মরিয়ম বেগম গতকাল সোমবার দুপুরে জেলার জগদল এলাকায় পঞ্চগড়-১ আসনের অসুস্থ সাংসদ মজাহারুল হক প্রধানকে দেখতে যান। তাঁকে দেখে জেলা আওয়ামী লীগের সহসভাপতি এ টি এম সারোয়ার হোসেনের মোটরসাইকেলে করে তিনি বাড়ি ফিরছিলেন। পঞ্চগড় ইউনিয়ন পরিষদ এলাকায় মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে তিনি গুরুতর আহত হন। আহত অবস্থায় তাঁকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে এবং পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। আজ সকালে তিনি সেখানে চিকিত্সাধীন অবস্থায় মারা যান।পৌরসভার মেয়র মো. তৌহিদুল ইসলাম কাউন্সিলর মরিয়মের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।প্রসঙ্গত, গত পৌর নির্বাচনে মোছা. মরিয়ম বেগম দ্বিতীয়বারের মতো সংরক্ষিত পৌর কাউন্সিলর নির্বাচিত হন।