পঞ্চগড়ে প্রতিবন্ধীদের পড়াশোনা বন্ধ
রিসোর্স শিক্ষকের অভাবে পঞ্চগড়ের সমন্বিত অন্ধশিক্ষা কার্যক্রম প্রায় দেড় বছর ধরে বন্ধ রয়েছে। ফলে বন্ধ হয়ে গেছে স্থানীয় দৃষ্টিপ্রতিবন্ধীদের পড়াশোনা। রিসোর্স শিক্ষক মো. শরিফুল ইসলামকে বদলির পর থেকেই প্রতিষ্ঠানটি বন্ধ করে দেওয়া হয়েছে। সমাজসেবা অধিদপ্তরকে একাধিকবার বিষয়টি জানানোর পরও শিক্ষক না দেওয়ায় প্রয়োজনীয় বরাদ্দ থাকার পরও চালু করা যাচ্ছে না এ কার্যক্রম। সমাজসেবা অধিদপ্তর সূত্রে জানা গেছে, দৃষ্টিপ্রতিবন্ধীদের শিক্ষার জন্য সমাজসেবা অধিদপ্তর ১৯৯৭ সালে কার্যক্রমটি চালু করে। পঞ্চগড়ের কমলাপুর উচ্চবিদ্যালয়ের জায়গায় এ কার্যক্রমের আওতায় ১০ জন প্রতিবন্ধীর জন্য একটি পাকা ভবন নির্মাণ করা হয়। এখানে থেকে সাতজন শিক্ষার্থী বিভিন্ন শ্রেণীতে পড়াশোনা করছিল। প্রতিষ্ঠানটি সুষ্ঠুভাবে পরিচালনার জন্য এখানে একজন রিসোর্স শিক্ষক, একজন হাউজ প্যারেন্ট কাম শিক্ষক, একজন বাবুর্চি ও একজন নৈশপ্রহরী থাকার কথা। কিন্তু শুধু রিসোর্স শিক্ষক ও নৈশপ্রহরী দিয়ে এতদিন কোনো রকমে চলছিল প্রতিষ্ঠানটি। ২০০৮ সালের ২৫ আগস্ট রিসোর্স শিক্ষক মো. শরিফুল ইসলামকে ঠাকুরগাঁওয়ে বদলি করা হয়। এরপর প্রতিষ্ঠানটি বন্ধ করে দিয়ে প্রতিবন্ধীদের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়।একটি সূত্র জানায়, ঠাকুরগাঁওয়ে দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য কোনো আবাসিক ব্যবস্থা নেই। তার পরও রিসোর্স শিক্ষককে ঠাকুরগাঁওয়ে বদলি করা হয়েছে। প্রকৃতপক্ষে রিসোর্স শিক্ষক শরিফুল ইসলামকে সুবিধা দিতেই তাঁকে তাঁর নিজ জেলায় বদলি করা হয়েছে। এখানে অবস্থান করে দৃষ্টিপ্রতিবন্ধী হাবিবুর রহমান অষ্টম শ্রেণী, আনোয়ারুল ইসলাম ১০ম শ্রেণী, দিলদার রহমান অষ্টম শ্রেণী, মো. মানিক হোসেন অষ্টম শ্রেণী, মো. সেলিম সপ্তম শ্রেণী, মো. রাসেল চতুর্থ শ্রেণী এবং মো. জামাল হোসেন সপ্তম শ্রেণীতে পড়াশোনা করত। কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ায় তাদের পড়াশোনাও বন্ধ হয়ে গেছে।এখানকার শিক্ষার্থী হাবিবুর রহমান (১৬) বলে, ‘এখানে থেকে খেয়ে না খেয়ে পড়াশোনা করছিলাম। রিসোর্স শিক্ষক চলে যাওয়ায় আমাদের সবাইকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। এখন পড়াশোনা বন্ধ করে বাড়িতে বসে আছি।’সদর উপজেলার জগদল গ্রামের দৃষ্টিপ্রতিবন্ধী আনোয়ারুল ইসলাম (১৭) বলে, ‘এবার আমার এসএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল। রিসোর্স শিক্ষক বদলি হওয়ায় পরীক্ষা দেওয়া হলো না। এক বছর পিছিয়ে পড়লাম। কবে আবার পড়াশোনা চালু করতে পারব তা বলতে পারছি না।’ কমলাপুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাকির হোসেন বলেন, ‘সাতজন দৃষ্টিপ্রতিবন্ধী আমার স্কুলের ছাত্র ছিল। ওই কার্যক্রমের আওতায় বিশেষ পদ্ধতিতে তাদের পড়ানো হতো। এখান থেকে শুধু পরীক্ষায় অংশ নিত। কার্যক্রমটি বন্ধ হয়ে যাওয়ায় ওদের লেখাপড়াও বন্ধ হয়ে গেছে।সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক দুলাল চন্দ্র বিশ্বাস বলেন, এখানে দৃষ্টি ব্রেইল পদ্ধতিতে পড়ানো হতো। এ পদ্ধতিতে যে কেউ তাদের পড়াতে পারে না। রিসোর্স শিক্ষক বদলি হওয়ায় পড়াশোনার সুযোগ বন্ধ হয়ে যাওয়ায় ওইসব শিক্ষার্থীকে তাদের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। বিষয়টি গত বছরের ২১ এপ্রিল ও ২৪ নভেম্বর লিখিতভাবে মহাপরিচালককে জানানো হয়েছে। জেলা প্রশাসক বনমালী ভৌমিক বলেন, সমন্বিত অন্ধশিক্ষা কার্যক্রম চালুর জন্য রিসোর্স শিক্ষকসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী চেয়ে ২৪ ডিসেম্বর মহাপরিচালককে লিখিতভাবে জানানো হয়েছে। উল্লেখ্য, ২০০৮ সালের ২৯ এপ্রিল প্রথম আলোয় ‘পঞ্চগড়ে অন্ধশিক্ষা কার্যক্রম নানা সমস্যায় স্থবির’ শীর্ষক সংবাদে রিসোর্স শিক্ষক মো. শরিফুল ইসলামের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির সংবাদ প্রকাশিত হয়। অভিযোগের তদন্ত না করেই ২০০৮ সালের ২৫ আগস্ট ওই রিসোর্স শিক্ষককে তাঁর নিজ জেলায় বদলি করা হয়।