পঞ্চগড়ে প্রসূতির মৃত্যুতে উত্তেজনা, চিকিৎসক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড় শহরে মা ও শিশুকল্যাণ কেন্দ্রে চিকিৎসকের অবহেলা ও ভুল চিকিৎসায় গত বৃহস্পতিবার তাহেরা বেগম (২০) নামের এক প্রসূতির মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় দায়ের করা মামলায় পুলিশ ওই চিকিৎস্যাকেন্দ্রের চিকিৎসক আখতার জাহানকে গ্রেপ্তার করেছে।গ্রেপ্তারের প্রতিবাদে পঞ্চগড়ের চিকিৎসকেরা কর্মবিরতি ও ক্লিনিক মালিকেরা গতকাল শুক্রবার সকাল থেকে ধর্মঘট পালন করছেন। এদিকে এ কর্মবিরতি ও ধর্মঘটের প্রতিবাদে শহরে মানববন্ধন হয়েছে।মামলা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, পঞ্চগড় সদর উপজেলার সীতাগ্রামের মো. জাহিদুল ইসলামের স্ত্রী তাহেরা বেগমের (২০) প্রসববেদনা শুরু হলে বৃহস্পতিবার সকালে তাঁকে শহরের মা ও শিশুকল্যাণ কেন্দ্রে ভর্তি করা হয়।তাহেরার শ্বশুর ইছাহাক আলীর ভাষ্যমতে, ‘তাহেরাকে সুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করাই। কিন্তু চিকিৎসক আখতার জাহান সারা দিন কোনো খোঁজ নেননি। সন্ধ্যা ছয়টার দিকে আখতার আমাদের জানান, একটি ইনজেকশন দিলে আটটার দিকে তাহেরার স্বাভাবিক প্রসব হবে। তখন পরিবারকল্যাণ পরিদর্শিকা নীলিমা বেগম ৫০ টাকা নিয়ে তাহেরাকে একটি ইনজেকশন দেন।’ইছাহাকের ভাষ্যমতে, ইনজেকশন দেওয়ার ১০ মিনিটের মধ্যে তাহেরার চোখমুখ কালো হয়ে আসে। মুখ দিয়ে লালা বের হয় এবং একসময় তাঁর মৃত্যু হয়। কিন্তু চিকিৎসক আখতার মৃত্যুর বিষয়টি গোপন করে তাহেরাকে আধুনিক সদর হাসপাতালে পাঠিয়ে দেন। ওই হাসপাতালের চিকিৎসকেরা তাহেরাকে পরীক্ষা করে মৃত ঘোষণা করেন।এ খবর ছড়িয়ে পড়লে রোগীর লোকজন ও এলাকাবাসী মা ও শিশুকল্যাণ কেন্দ্র আড়াই ঘণ্টা অবরুদ্ধ করে বিক্ষোভ করেন। খবর পেয়ে রাত নয়টার দিকে পুলিশ এসে চিকিৎসক আখতারকে আটক করে থানায় নিয়ে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়।ইছাহাক দাবি করে বলেন, ‘আখতার জাহান ও নীলিমা আমার বউমাকে ভুল চিকিৎসার মাধ্যমে হত্যা করেছে। আমি এর বিচার চাই।’এ ব্যাপারে চিকিৎসক আখতার জাহান প্রথম আলোকে বলেন, ‘প্রসব বেদনা উঠলে স্বাভাবিক প্রসব হবে। তাই প্রসব বেদনা ওঠানোর জন্য রোগীকে ভিস্যাট ইনজেকশন দেওয়া হয়। কিন্তু এর আগেই ম্যাসিভ হার্ট অ্যাটাকে রোগীর মৃত্যু হয়।’এদিকে প্রসূতির মৃত্যুর ঘটনা তদন্তে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের রংপুর অঞ্চলের ক্লিনিক্যাল সুপারভাইজিং দলের প্রধান মো. শফিকুল হক গতকাল সকালে পঞ্চগড়ে এসেছেন। সার্বিক ঘটনা তদন্ত করে কর্তৃপক্ষকে জানানো হবে বলে তিনি সাংবাদিকদের জানান।পঞ্চগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জমির উদ্দিন জানান, প্রসূতির মৃত্যুর ঘটনায় তাঁর শ্বশুর বৃহস্পতিবার রাতেই আখতার জাহান ও নীলিমা বেগমের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন। আখতারকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে গতকাল সকালে পঞ্চগড়ের মুখ্য বিচারিক হাকিমের আদালতে পাঠানো হয়। আদালত কাল রোববার জামিন আবেদনের শুনানির দিন ধার্য করে আসামি আখতারকে জেলহাজতে পাঠানোর আদেশ দেন।ওসি আরও জানান, গতকাল সকালে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে সকালে তাহেরার ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।এদিকে চিকিৎসক আখতারকে গ্রেপ্তারের ঘটনায় বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) পঞ্চগড় জেলা শাখার সহসভাপতি চিকিৎসক ছিদ্দিকুর রহমানের সভাপতিত্বে চিকিৎসকেরা গতকাল সকালে জেলা কার্যালয়ে সভা করেন। সভায় আখতারকে গ্রেপ্তারে তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করে মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়। সভায় এই ঘটনার প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য পঞ্চগড়ের সব প্যাথলজিক্যাল ল্যাবরেটরি ও ক্লিনিক, সরকারি হাসপাতাল ও ব্যক্তিগত চিকিৎসা কার্যক্রম বন্ধ রাখতে সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান চিকিৎসক নেতারা। এ ব্যাপারে ছিদ্দিকুর রহমান বলেন, ‘চিকিৎসক আখতার হয়তো অপরাধ করেছেন। কিন্তু তাঁকে গ্রেপ্তারের পদ্ধতিটা ঠিক ছিল না। প্রথম শ্রেণীর কর্মকর্তাকে বিভাগীয় অনুমোদন ছাড়া গ্রেপ্তার করা যায় না।’আখতার জাহানের বিরুদ্ধে রোগীদের বেসরকারি ক্লিনিকে পাঠানো, তাঁর অবহেলায় এর আগে আরেক প্রসূতির মৃত্যু, টিউমার অপারেশনের নামে ইউটেরাস অপারেশন করানোসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। এসব ঘটনায় গঠিত তদন্ত কমিটি অভিযোগের ঘটনার সত্যতা পেলেও তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি।এ ব্যাপারে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, চিকিৎসক আখতার জাহানের বিরুদ্ধে টিউমার অপারেশনের নামে ইউটেরাস অপারেশন করানোর ঘটনার সত্যতা মিলেছে। প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তদন্ত প্রতিবেদন মহাপরিচালকের কাছে পাঠানো হয়েছে।