পঞ্চগড়ে প্রাণিসম্পদ হাসপাতালে চিকিৎসা দিচ্ছেন স্বেচ্ছাসেবকেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড় সদর উপজেলা প্রাণিসম্পদ হাসপাতালে গরু-ছাগল নিয়ে অপেক্ষা করছেন বেশ কয়েকজন নারী-পুরুষ। তাঁরা সবাই এসেছেন গরু-ছাগল নিয়ে। কারও ছাগলের জ্বর, কারও ছাগল খেতে চায় না। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নেই। ভেটেরিনারি সার্জনও (ভিএস) নেই। অসুস্থ গরু-ছাগলের চিকিৎসাসেবা দিচ্ছেন দুজন স্বেচ্ছাসেবক। ১৮ মে বেলা ১১টায় সদর উপজেলা প্রাণিসম্পদ হাসপাতালে গিয়ে এ চিত্র দেখা গেছে।সদর উপজেলার কায়েতপাড়ার তনজিনা এসেছেন বাচ্চাসহ পোষা ছাগল নিয়ে। তিনি জানান, ছাগলটির জ্বর। ওষুধ নেই। হাসপাতাল থেকে বলেছে, বাইরে থেকে ওষুধ কিনে নিতে। একই গ্রামের মনোয়ারা দুটি ছাগল নিয়ে এসেছেন। তিনি বলেন, ‘পশু হাসপাতালত কোনো ওষুধ নাই, দোকান থেকে কিনে নিবা কহেচে।’ ডুডুমারী গ্রামের রফিজ উদ্দিনের গাভির বাচ্চার পাতলা পায়খানা। সাত দিন আগে এসে ওষুধ নিয়ে গেছেন। পাতলা পায়খানা বন্ধ হয়নি, আবার নিয়ে এসেছেন। মিঠাপুকুর গ্রামের জরিনা তিনটি ছাগল নিয়ে এসেছেন। ছাগলের জ্বর হয়েছে। তিনি বলেন, ‘বাইরে থেকে ওষুধ কিনে নিতে বলেছেন। পাটোয়ারীপাড়ার আবু দুটি ছাগল নিয়ে এসেছেন। তিনি বলেন, এ হাসপাতালে ওরকম চিকিৎসা হয় না। এর আগে ইনজেকশন দিয়ে আমার ছাগলের প্যারালাইসি হয়ে যায়। পরে ঠাকুরগাঁওয়ে নিয়ে ভালো করেছি।’ তিনি আরও বলেন, তাঁর ৩২টি ছাগল আছে। প্রায়ই তিনি চিকিৎসা করাতে হাসপাতালে নিয়ে আসেন। তিনি জানান, তেমন কোনো বড় ডাক্তার পাওয়া যায় না। কম্পাউন্ডার আর বহিরাগতরা গরু-ছাগলের চিকিৎসা দেন।সরেজমিনে ১৮ মে দেখা গেল, মোস্তফা কামাল ও মো. ইয়াসিন আরাফাত নামের দুই যুবক গরু-ছাগলের জ্বর মাপছেন। ভেটেরিনারি কম্পাউন্ডার কামরুজ্জামান শাহ বলেন, ‘এরা স্বেচ্ছাসেবক। খুশি হয়ে মানুষ এদের কিছু দেয়। ওষুধ যেভাবে সরবরাহ করা হয় সেভাবেই দিচ্ছি। সরবরাহ না থাকায় দিতে পারি না।’পাশে জেলা প্রাণিসম্পদ হাসপাতাল। একজন ভেটেরিনারি কম্পাউন্ডার আর একজন এমএলএসএস দিয়ে চলছে হাসপাতাল। দুপুরে গিয়ে দেখা যায়, ভেটেরিনারি কম্পাউন্ডারের অফিস খোলা। আশপাশে কেউ নেই। জানা গেল, ভেটেরিনারি কম্পাউন্ডার ট্রেনিংয়ে গেছেন। অন্যরা জেলা প্রাণিসম্পদ অফিসে কাজ করছেন।সদর উপজেলা প্রাণিসম্পদ অফিস সূত্রে জানা গেছে, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ট্রেনিংয়ে গেছেন। ভেটেরিনারি সার্জন তিন-চার দিন ধরে ছুটিতে। উপজেলা প্রাণিসম্পদ সহকারী, ড্রেসারের পদ দীর্ঘদিন ধরে শূন্য। ভেটেরিনারি মাঠ সহকারী নিজ জেলা কুষ্টিয়ায় প্রেষণে আছেন দীর্ঘদিন ধরে। জেলা প্রাণিসম্পদ অফিস সূত্রে জানা গেছে, ঝুঁকিপূর্ণ বা জরুরি অবস্থা মোকাবিলা তো দূরের কথা, সাধারণভাবে চিকিৎসার জন্য পঞ্চগড় জেলা সদরসহ উপজেলা প্রাণিসম্পদ দপ্তরগুলোতে নেই প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসকসহ কর্মকর্তা ও কর্মচারী। চিকিৎসকের অভাবে কম্পাউন্ডার বা মাঠকর্মী, এমনকি স্বেচ্ছাসেবক দিয়ে প্রাণিসম্পদের চিকিৎসা চলছে কোনো রকমে। পাঁচ উপজেলা প্রাণিসম্পদ বিভাগে ৭৭ জন কর্মকর্তা-কর্মচারীর মধ্যে ৩৫ জন আছেন। অন্য চারটি উপজেলার মধ্যে আটোয়ারী উপজেলায় প্রাণিসম্পদ কর্মকর্তা, ভেটেরিনারি সার্জন, উপজেলা প্রাণিসম্পদ সহকারীর পদ শূন্য। বোদা উপজেলায় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ভেটেরিনারি কম্পাউন্ডারের পদ শূন্য। দেবীগঞ্জ উপজেলায় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, উপজেলা প্রাণিসম্পদ সহকারী, কৃত্রিম প্রজনন কর্মকর্তা ও ড্রেসারের পদ শূন্য। তেঁতুলিয়া উপজেলায় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, উপজেলা প্রাণিসম্পদ সহকারী, ভেটেরিনারি মাঠ কর্মকর্তা ও কৃত্রিম প্রজনন কর্মকর্তার পদ দীর্ঘদিন ধরে শূন্য। উপজেলা প্রাণিসম্পদ অফিসে কর্মকর্তা-কর্মচারী মিলে ১১ জন কর্মরত থাকার কথা থাকলেও প্রতিটি উপজেলায়ই রয়েছেন মাত্র তিন থেকে পাঁচজন। জেলা পশুসম্পদ কর্মকর্তা মো. নঈমউদ্দিন বলেন, ‘জনবল সংকটের কারণে প্রাণিসম্পদের চিকিৎসা ব্যাহত হচ্ছে। জেলা সদর বাদে প্রতিটি উপজেলায়ই প্রাণিসম্পদ কর্মকর্তা নেই। ভেটেরিনারি সার্জনরাই প্রাণিসম্পদ কর্মকর্তার দায়িত্ব পালন করেন। জেলায় পাঁচটি উপজেলা প্রাণিসম্পদ, তিনটি প্রাণি কল্যাণকেন্দ্র, চারটি কৃত্রিম প্রজনন কেন্দ্র রয়েছে। প্রতিটিতেই প্রয়োজনীয় সংখ্যক ডাক্তার ও কর্মকর্তা কর্মচারীর তীব্র সংকটে আমরা সেবা দিতে হিমশিম খাচ্ছি। দীর্ঘদিন থেকেই ডাক্তার, কর্মকর্তা ও কর্মচারীর চাহিদার কথা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমরা অবহিত করে আসছি। নতুন করে টেন্ডারের মাধ্যমে ওষুধ কেনা হয়েছে। উপজেলা হাসপাতালগুলো শিগগিরই ওষুধ সরবরাহ করা হবে। নিজ জেলা কুষ্টিয়ায় প্রেষণে থাকা ভেটেরিনারি মাঠকর্মীর প্রেষণ বাতিল করার জন্য মহাপরিচালককে লিখিতভাবে জানানো হয়েছে।’