শেখ ফরিদ (৪০) আবাদ ছেড়ে দিয়ে নিজের জমির মাটি খুঁড়ে পাথর তুলছেন। ওই তিন বিঘা জমিতে ধান, গম, পাটসহ বিভিন্ন ফসল আবাদ করে বছরে সর্বোচ্চ ৩০ হাজার টাকা পেতেন তিনি। এখন পাথর তুলে একসঙ্গে কয়েক লাখ টাকা পাওয়ার আশা তাঁর। ফরিদের জমিতে পাথর তোলার কাজে নিয়োজিত আছে প্রায় ৬০০ নারী-পুরুষ ও শিশু।পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বিভিন্ন গ্রামে এভাবে অধিক লাভের আশায় সমতল আবাদি জমি খুঁড়ে পাথর ওঠানো হচ্ছে। এ বিষয়ে কোনো নীতিমালা না থাকায় ‘জমি যার, পাথর তার’ নীতিতে জমির মালিকেরা পাথর তুলছেন। কেউ নিজের জমি থেকে, কেউ বা জমি লিজ নিয়ে।অপরিকল্পিতভাবে নানা পদ্ধতিতে পাথর তুলে জমির মালিকেরা সাময়িকভাবে লাভবান হলেও ওই এলাকার কৃষি, পরিবেশ ও জীববৈচিত্র্য হুমকির মুখে পড়েছে। কেবল তেঁতুলিয়া ও পঞ্চগড় সদর উপজেলায় ইতিমধ্যে প্রায় দেড় হাজার হেক্টর জমি আবাদের অযোগ্য হয়ে পড়েছে।তেঁতুলিয়ার ভজনপুর, খুনিয়াগজ, মোখরাজোথসহ কয়েকটি গ্রাম ঘুরে মাঠের পর মাঠ ফসলি জমি খুঁড়ে পাথর তোলার দৃশ্য দেখা গেছে। কোথাও মাটি খোঁড়া হচ্ছে, কোথাও চলছে পাথর তোলার কাজ। নারী ও শিশুরা পাথর বাছাইয়ের কাজে ব্যস্ত। সবুজ ফসলি মাঠের ভেতর উঁচু মাটির ঢিবি তৈরি হয়েছে। গর্তে জমে আছে পানি। বদলে গেছে ফসলি জমির চেহারা। জমি আবাদের বিষয়ে যেন কোনো আগ্রহ নেই এলাকার মানুষের।পাথর বাছাইয়ের কাজ করেন তিন সন্তানের মা আনোয়ারা (৪০), স্বর্ণা বেগম (৩৫)। তাঁরা জানান, পাঁচ-ছয় বছর ধরে এই কাজ করছেন তাঁরা। সকাল নয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত পাথর বাছাই করে এক থেকে দেড় শ টাকা পান। এই কাজ তাঁদের অতিরিক্ত আয়ের সুযোগ করে দিয়েছে।কোনো জমির তলদেশে পাথর আছে কি না, তা পরীক্ষা করা হয় লোহার রড ঢুকিয়ে। সাধারণত পাঁচ থেকে ২০ ফুট মাটির নিচে পাওয়া যায় পাথর। মাটি খুঁড়লেই স্তরে স্তরে সাজানো নানা আকারের পাথর পাওয়া যায়। তুলে এনে বাছাই করে বিক্রি করা হয়। মাটি খোঁড়া, মাটি তোলা, পাথর উত্তোলন, বাছাই, পাথর ভাঙা এবং ট্রাকে ওঠানো-নামানোসহ বিভিন্ন কাজে নিয়োজিত শ্রমিকের সংখ্যা ৪০-৫০ হাজার। বর্ষাকালে এই কাজ থাকে না। তখন শ্রমিকদের দুর্দিন যায়।পাথর উত্তোলনকারী ব্যক্তিরা জানান, জমি কিনে, লিজ নিয়ে কিংবা বন্ধক নিয়ে অনায়াসে লাখ লাখ টাকার পাথরের মালিক হওয়া যায়। এ জন্য সরকারকে কোনো কর দিতে হয় না। জমির মালিকেরাও ফসল আবাদের চেয়ে অধিক লাভের আশায় পাথর উত্তোলনের জন্য জমি লিজ দেন। ফসল আবাদ করে তিন-চার বছরে যে অর্থ পাবেন, তা তাঁরা পেয়ে যান এক বছরেই।তেঁতুলিয়ার প্রধানগছ গ্রামের ইউসুফ আলী (৪২) বলেন, ‘নিজের জমি কেটে পাথর তুলছি। আবাদ করে তেমন লাভ হয় না। মাটি কেটে যে পাথর পাওয়া যায়, ১০০ বছর আবাদ করেও তা পাওয়া যাবে না। পাথর তোলার পর জমি আবাদের অযোগ্য হওয়ার কথা ভাবার সময় নেই।’মাঝিপাড়া কলেজের প্রভাষক আবদুল খালেক তাঁর চার বন্ধুকে নিয়ে ভেরসা নদীর পাড়ে ২৫ হাজার টাকা শতক হিসাবে প্রায় দুই একর জমি কিনে পাথর তুলতে শুরু করেছেন। কৃষিজমি কমে গেলেও এভাবে পাথর তুলে স্থানীয়ভাবে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে বলে মনে করেন তাঁরা।ভজনপুর ইউনিয়নের ভুতিপুকুরী গ্রামের আফসার আলী (৫০) জানান, এলাকার কয়েকজন প্রভাবশালী ব্যক্তি খাসজমি বন্দোবস্ত নিয়ে পাথর তুলছেন।তেঁতুলিয়া উপজেলা কৃষি কর্মকর্তা কমল কুমার প্রথম আলোকে বলেন, কৃষিজমি থেকে পাথর তোলায় উপজেলার প্রায় ৭০০ হেক্টর আবাদি জমি চাষের অযোগ্য হয়ে পড়েছে। এসব জমি দীর্ঘদিনেও আবাদি জমিতে পরিণত করা সম্ভব হবে না। অন্যদিকে মাটির উর্বরাশক্তি কমে যাচ্ছে। কৃষি পরিবেশে বিরূপ প্রভাব পড়ছে। জীববৈচিত্র্য ধ্বংস হচ্ছে। বদলে যাচ্ছে ভূমির গঠন ও প্রকৃতি।পঞ্চগড় সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. মনসুর রহমান বলেন, পাথর তোলার ফলে সদর উপজেলার সাতমোরা অমরখানা, ধাক্কামারা, হাফিজাবাদ ইউনিয়নের প্রায় ৬০০ হেক্টর জমি অনাবাদি পড়ে রয়েছে। এসব জমিতে সহজে আর আবাদ করা সম্ভব হবে না। এতে কৃষি অর্থনীতিতে বিরূপ প্রভাব পড়ছে।ভজনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইমদাদুল হক বলেন, পাথর পাওয়া যায় বলে এলাকায় জমির দাম বেড়ে গেছে। কৃষিজমি কমে যাওয়ার বিষয়টি মানুষ বুঝতে চায় না।পাথর উত্তোলনকারী শ্রমিকদের নেতা ও তেঁতুলিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তারুল হক বলেন, খাসজমিসহ সমতল কৃষিজমি থেকে অবৈধ ও অপরিকল্পিতভাবে পাথর তোলা বন্ধ করতে শ্রমিকদের নিয়ে আন্দোলন অব্যাহত আছে। বর্তমানে একটি মহল বিভিন্ন স্থানে জমি দখল করেও পাথর উত্তোলন অব্যাহত রেখেছে। প্রশাসন ব্যবস্থা না নেওয়ায় পরিস্থিতির অবনতি ঘটছে।পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক (ভূমি) মো. নজরুল ইসলাম বলেন, কৃষিজমি থেকে পাথর তোলা বন্ধে সুনির্দিষ্ট কোনো নীতিমালা নেই। জেলার ৩০-৪০ হাজার মানুষের জীবন-জীবিকা এই পাথর তোলার ওপর নির্ভরশীল হয়ে পড়েছে।