পঞ্চগড়ে বিএনপির বিক্ষোভ মিছিল, ৯ নেতা-কর্মী আটক
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর গ্রেপ্তারের প্রতিবাদে পঞ্চগড়ে বিএনপির বিক্ষোভ মিছিলে পুলিশ লাঠিপেটা করে। এতে ১০-১২ জন নেতা-কর্মী আহত হয়। এ ঘটনায় পুলিশ নয় নেতা-কর্মীকে আটক করেছে। পুলিশের দাবি, এ ঘটনায় চারজন পুলিশ আহত হয়েছেন।আটক হওয়া নেতা-কর্মীরা হলো—জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. জাহিরুল ইসলাম, জেলা ছাত্রদলের আহ্বায়ক মো. নুরুজ্জামান, জেলা জাসাসের সাধারণ সম্পাদক ইউনুছ শেখ, যুবদলের সোহেল রানা, আরিফ হোসেন, পৌর ছাত্রদলের সভাপতি হারুন, থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. নজরুল ইসলাম, ছাত্রদলের সাবুল ও ডাবলু।প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ সোমবার বেলা সাড়ে ১১টায় পঞ্চগড় জেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। পুলিশ এতে বাধা দেয়। কিন্তু দলটি বাধা উপেক্ষা করে মিছিল করতে চাইলে পুলিশ লাঠিপেটা করে। এ সময় পুলিশ কয়েকটি কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। এতে ১০-১২ জন নেতা-কর্মী আহত হয়। এ সময় পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। সড়কের পাশের দোকানপাট বন্ধ করে দেয় দোকানমালিকেরা। এক ঘণ্টা পরে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। পরে জেলা বিএনপির কয়েকজন নেতা জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি দেন। জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. জাহিরুল ইসলাম পঞ্চগড় সদর থানায় প্রথম আলোকে বলেন, বিনা উসকানিতে শান্তিপূর্ণ মিছিলে পুলিশ লাঠিপেটা করে ১৫-২০ জন নেতা-কর্মীকে আহত করে। পঞ্চগড় সদর আধুনিক হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় পুলিশ তাঁকেসহ নয় নেতা-কর্মীকে আটক করেছে। সহকারী পুলিশ সুপার মো. শাহাবউদ্দিন জানান, পুলিশের বাধা উপেক্ষা করে মিছিল করতে চাইলে পুলিশ বাধা দেয়। এ সময় পুলিশের ওপর আক্রমণ চালায়। এতে চার পুলিশ সদস্য আহত হয়েছেন। আটক নেতা-কর্মীদের বিরুদ্ধে পুলিশের ওপর হামলার অভিযোগে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।